ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা


ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলমান ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে প্রকল্পের (গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প) একটি অংশে বড় ধরনের ধস ও ভাঙন দেখা দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখতে পান স্থানীয়রা।

সোনারগাঁয়ের সিংলাব-পাকুন্দা এলাকার একটি আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২৫০ মিটারজুড়ে সড়ক দেবে যাওয়ায় এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বড় দুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ওই অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে মহাসড়কে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ঢাকা বাইপাস সড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পিচঢালা অংশের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে নিচের মাটি ও নির্মাণসামগ্রী বেরিয়ে পড়েছে। পাশাপাশি সড়কের কিছু অংশ নিচের দিকে বসে গেছে। এতে সড়কটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের কেউ কেউ নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সড়ক নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি মহাসড়কের আশপাশ থেকে রাতের আঁধারে মাটি কাটার কারণে সড়কের ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে।

তবে, নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ওপর অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ফলে নরম মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ বসে যায় এবং ফাটল সৃষ্টি হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও বলেন, নির্মাণকারী বেসরকারি অংশীদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কারকাজ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


গাইবান্ধায় সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই

গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর করার পাশাপাশি গলা চেপে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন যে, এ সময় তার কাছে থাকা টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

এর আগে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ শিববাড়ী শহীদ মিনারসংলগ্ন চন্দনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক শেখ মামুনুর রশিদ উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামের মো. আব্দুল মজিদ মিয়ার ছেলে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ এলাকার রাকিব মিয়া (৩০), সরফরাজ মিয়া (৩৮), মনির মিয়া (৩০) ও তুহিন মিয়া (৩৮)।

এজাহার থেকে জানা গেছে, ধান ব্যবসার সূত্রে রাকিব মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে মামুনুর রশিদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সম্প্রতি রাকিবের ভাই তুহিন মিয়ার স্ত্রী মোছা. নাইমা নিখোঁজ হলে মামুনুর রশিদের বিরুদ্ধে তাকে নিয়ে দোষারোপ ও অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে। পরে ওই নারীকে রংপুরে তার এক আত্মীয়ের বাড়িতে পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এর জেরে মামুনুর রশিদ তাদের বিরুদ্ধে সম্মানহানির মামলা করার কথা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে অভিযুক্তরা ক্ষুব্ধ হন।

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মামুনুর রশিদ চন্দনের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রাকিব, সরফরাজ, মনির, তুহিনসহ আরও দুই-তিনজন সেখানে গিয়ে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে মারধর করেন। এতে তার মাথা, ঘাড়, গলা, বুক ও মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, মারধরের একপর্যায়ে রাকিব মিয়া তার পকেট থেকে ধান ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে নেন। সরফরাজ মিয়া তার ডান হাতের আঙুলে থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি সোনার আংটি খুলে নেন। পরে সরফরাজ তাকে শহীদ মিনারের পাকা দেয়ালে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং রাকিব গলা চেপে ধরেন। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর অভিযুক্তরা আবারও মারধর ও প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার সাক্ষী সবুজ মিয়া বলেন, "মামুন ভাইয়ের সঙ্গে একসঙ্গে চা খেয়ে আমি আমার দোকানে আসি। পরে দেখি রাকিব, সরফরাজ, মনির, তুহিনসহ কয়েকজন তাকে মারধর করছেন। আমি আটকানোর চেষ্টা করলে রাকিব আমাকে ঘুষি মারার চেষ্টা করেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেন।"

চায়ের দোকানের মালিক চন্দন বলেন, "মামুন আমার দোকানে বসে ছিল। রাকিব, মনির, সরফরাজ, তুহিনসহ কয়েকজন এসে তাকে জোর করে বাইরে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকেও মারার হুমকি দেয়। এরপর তারা মামুনকে মারধর করে।"

অভিযোগের বিষয়ে রাকিব মিয়া, সরফরাজ মিয়া, মনির মিয়া ও তুহিন মিয়ার বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দেননি। পরে তাদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী সাংবাদিক শেখ মামুনুর রশিদ বলেন, "এর আগে আসামিরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলায় আমার ওপর হামলা চালানো হয়েছে। এ সময় আমার টাকা ও স্বর্ণের আংটি নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় সুন্দরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে থানায় এজাহার দিয়েছি।"

ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, "সাংবাদিক মামুনুর রশিদকে মারধর, টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা

শারদীয় দুর্গোৎসবের প্রেক্ষাপটে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর জন্য ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন।

মালিক সমিতি সোমবার (৫ অক্টোবর) থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার পরিকল্পনা করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঈদ ও পূজার সময়ে পণ্য কেনাবেচার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই রাত ৮টার পরিবর্তে দোকান খোলা রাখার সময়সীমা ১০টা পর্যন্ত করা উচিত।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠিয়ে এই দাবি উত্থাপন করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘ সময় ধরে দোকানগুলোতে বেচাকেনা প্রায় নেই বললেই চলে।

এই কারণে ব্যবসায়ীদের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়েছে, ঈদ ও পূজার সময়ে বেচাকেনা কিছুটা বৃদ্ধি পায়। সুতরাং, দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা যথেষ্ট উপকৃত হবেন। ইতিমধ্যে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে।

এই অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যা বিবেচনায় নিয়ে দুর্গাপূজা উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানসমূহ খোলা রাখার আহ্বান জানানো হয়েছে স্মারকলিপিতে।

এর আগে, সর্বশেষ গত ১২ আগস্ট সরকার আবার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করেছিল। তখন বলা হয়েছিল, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৫ অক্টোবর) নিয়মিত একটি মিশনে যাওয়ার সময় ওন্দো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি বেনিন থেকে দেশের অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশ্যে যাত্রা করছিল।

নাইজেরিয়ার বিমানবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডিওর মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে ইগবোকোডার একটি নৌঘাঁটির কাছাকাছি জলাভূমি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযানে নৌযান ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে দুর্ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।

নাইজেরীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নিচে নামার সময় কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে দুর্ঘটনাস্থল থেকে মানুষের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।

তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায় বিক্রি হচ্ছে সোনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


দেশের বাজারে আজ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায় বিক্রি হচ্ছে সোনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত এই দামে সোনা বিক্রি হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে নতুন এই দর।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা করা হয়েছে। পূর্বে এ মানের সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

যদিও সোনার দাম কমানো হয়েছে, তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩৭০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩৫৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩০৫ টাকা।

এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং প্রতি গ্রামের দাম ২৩০ টাকা নির্ধারিত রয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এছাড়া, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দর কার্যকর থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%