ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের বাজারে আজ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায় বিক্রি হচ্ছে সোনা


দেশের বাজারে আজ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায় বিক্রি হচ্ছে সোনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত এই দামে সোনা বিক্রি হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে নতুন এই দর।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা করা হয়েছে। পূর্বে এ মানের সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

যদিও সোনার দাম কমানো হয়েছে, তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩৭০ টাকা।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩৫৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩০৫ টাকা।

এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং প্রতি গ্রামের দাম ২৩০ টাকা নির্ধারিত রয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এছাড়া, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দর কার্যকর থাকবে।

আরও পড়ুন: কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রধান লক্ষ্য: ড. তিতুমীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর, পার্সোনেল শাখা থেকে একটি আদেশ জারি করা হয়। এই আদেশে স্বাক্ষর করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম।

আদেশ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর (সিইও) কার্যালয়ে সংযুক্ত বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে কর্মরত ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে বদলি করা হয়েছে এবং মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া, মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদের মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, গ্রাহক সেবা ও জনসংযোগের দ্বৈত দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ফ্লাইট অপারেশন ও পরিকল্পনা বিভাগেও একাধিক পরিবর্তন ঘটেছে। ক্যাপ্টেন বি-৭৮৭ শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া, উপমহাব্যবস্থাপক (হিসাব) ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এম এম আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং) পদে বদলি করা হয়েছে। উপমহাব্যবস্থাপক প্রশাসন (মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করা মো. ফজরুল আলমকে মূল পদের সঙ্গে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) হিসেবে বদলি করা হয়েছে।

বিমানের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কাজের স্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ রাতে তাহাজ্জুদ নামাজে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


শেষ রাতে তাহাজ্জুদ নামাজে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ

রাতের নির্জন সময়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার জন্য অন্যতম উত্তম মাধ্যম হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঘুম থেকে জেগে আদায় করা এই নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। একই সঙ্গে গুনাহ মাফ ও আত্মশুদ্ধির সুযোগও রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) তাহাজ্জুদের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, "তোমরা কিয়ামুল লাইলের (তাহাজ্জুদ নামাজ) প্রতি যত্নবান হও। কেননা তা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা দানকারী।" (সুনানে তিরমিজি, হাদিস : ২৫৪৯)

ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ বিশেষ মর্যাদা রাখে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ।" (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৩)

পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেও রাসুলুল্লাহ (সা.) তাহাজ্জুদ আদায় করতেন। আল্লাহ তাআলা নবীজি (সা.)-কে রাতের নামাজ আদায়ের নির্দেশ দিয়ে বলেন, "হে চাদরে আবৃত (ব্যক্তি), রাতে নামাজে দাঁড়াও, তবে (রাতের) কিছু অংশ ছাড়া, রাতের অর্ধেক (সময় দাঁড়াও) কিংবা তার থেকে কিছুটা কম করো, অথবা তার চেয়ে বাড়াও, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন পাঠ করো।" (সুরা মুজ্জাম্মিল, আয়াত : ১-৪)

তাহাজ্জুদের নিয়ত

তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষ কোনো নিয়ত নেই। আরবিতে নিয়ত করাও আবশ্যক নয়। নামাজে দাঁড়ানোর সময় ব্যক্তি জানেন যে তিনি তাহাজ্জুদ আদায় করছেন, এটাই নিয়ত।

যেভাবে আদায় করবেন

তাহাজ্জুদ একটি নফল নামাজ। সাধারণত এশার নামাজের পর ঘুমিয়ে শেষ রাতে, বিশেষ করে সাহরির সময়ের আগে জেগে এটি আদায় করা উত্তম। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই তাহাজ্জুদ আদায় করতে হয়।

তাহাজ্জুদ দুই রাকাত করে আদায় করা হয়। অন্যান্য নফল নামাজের মতোই এর নিয়ম। এ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই। রাসুলুল্লাহ (সা.) দীর্ঘ কিরাতসহ তাহাজ্জুদ আদায় করতেন। তাই সামর্থ্য অনুযায়ী দীর্ঘ কিরাত পড়া উত্তম। দুই রাকাত করে যত ইচ্ছা পড়া যায়; নির্দিষ্ট কোনো রাকাতসংখ্যা বাধ্যতামূলক নয়।

তাহাজ্জুদের মাধ্যমে শুধু ইবাদতের সুযোগই নয়, পরিবারকে নিয়ে রাতের ইবাদতে অংশ নেওয়ারও সুযোগ তৈরি হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহ ওই ব্যক্তির ওপর রহমত নাজিল করেন, যে রাতে নিদ্রা থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং তার স্ত্রীকে নিদ্রা থেকে জাগিয়ে দেয়। এরপর সে তাহাজ্জুদ নামাজ আদায় করেন।" (সুনানে আবু দাউদ, হাদিস : ১৩০৮)

তাহলে রাতের শেষভাগে ঘুম থেকে উঠে কিছু সময় আল্লাহর ইবাদতে কাটানো একজন মুমিনের জন্য আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লবণ কম খাওয়ার ৬টি সহজ কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


লবণ কম খাওয়ার ৬টি সহজ কৌশল

প্রতিদিন শরীরের জন্য প্রয়োজন অল্প পরিমাণ লবণ। কারণ, লবণে উপস্থিত সোডিয়াম বিভিন্ন শারীরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদযন্ত্র ও রক্তনালির ওপর চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কম সোডিয়ামযুক্ত খাবার গ্রহণের একটি পরিচিত পদ্ধতি হলো ড্যাশ খাদ্যপদ্ধতি। এই খাদ্যপদ্ধতিতে বেশি পরিমাণে ফল, সবজি ও পূর্ণ শস্য থাকে; বাদাম ও কম চর্বিযুক্ত দুধজাত খাবার থাকে পরিমিত পরিমাণে এবং লাল ও প্রক্রিয়াজাত মাংসের পরিমাণ থাকে কম। এই ধরনের খাবার রক্তচাপ কমাতে এবং হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।

তবে সোডিয়াম কমানোর জন্য শুধুমাত্র এই খাদ্যপদ্ধতি অনুসরণ করা আবশ্যক নয়। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু সহজ পরিবর্তন এনে লবণের পরিমাণ কমানো সম্ভব।

১. প্রক্রিয়াজাত খাবার কমান

কৌটাজাত, প্রক্রিয়াজাত এবং হিমায়িত খাবারে অনেক সময় অতিরিক্ত লবণ থাকে। তাই সম্ভব হলে তাজা বা খুব কম প্রক্রিয়াজাত খাবার বেছে নেওয়া উচিত।

ফল, সবজি, পূর্ণ শস্য, বাদাম ও ডালজাতীয় খাবার বেশি রাখলে খাবারে অতিরিক্ত লবণের ওপর নির্ভরতা কমানো সহজ হয়ে যায়।

২. খাবারের গায়ে লেখা তথ্য দেখুন

প্রক্রিয়াজাত খাবার কেনার সময় প্যাকেটের গায়ে থাকা পুষ্টিগুণের তথ্য দেখে নেওয়া উচিত। কম সোডিয়ামযুক্ত পণ্য বেছে নেওয়ার চেষ্টা করা উচিত।

বিশেষ করে প্রতি পরিবেশনে সোডিয়ামের পরিমাণ কত, তা দেখে পণ্য নির্বাচন করা ভালো।

৩. কোন খাবারে লুকিয়ে থাকে বেশি লবণ, জানুন

অনেক খাবার স্বাদে খুব বেশি লবণাক্ত মনে না হলেও সোডিয়ামের পরিমাণ বেশি থাকতে পারে। পিৎজা, সাদা পাউরুটি, প্রক্রিয়াজাত পনির, সসেজ, সসযুক্ত পাস্তা, হ্যাম, টমেটোর সস, রান্না করা ভাত ও ময়দার রুটির মতো খাবারে উল্লেখযোগ্য পরিমাণ সোডিয়াম থাকতে পারে।

তাহলে এসব খাবার নিয়মিত বা বেশি পরিমাণে না খেয়ে খাদ্যতালিকায় সীমিত রাখা উচিত।

৪. বাইরে খাওয়ার সময় সতর্ক থাকুন

হোটেল, রেস্তোরাঁ বা দ্রুত খাবারের (Instant Food) দোকানের কিছু খাবারে অত্যধিক সোডিয়াম থাকতে পারে। কিছু খাবারে একবারের পরিবেশনেই ৫ হাজার থেকে ৬ হাজার মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে, যা স্বাস্থ্যকর দৈনিক সীমার প্রায় চার গুণ।

তাহলে বাইরে খাওয়ার সময় অতিরিক্ত বড় পরিবেশন এড়িয়ে চলা উচিত। চাইলে খাবার ভাগ করে খাওয়া যেতে পারে অথবা কম সোডিয়ামযুক্ত খাবার বেছে নেওয়া উচিত। সম্ভব হলে খাবারে কম লবণ দেওয়ার জন্য আগে থেকেই অনুরোধ করা উচিত।

৫. লবণের হিসাব বুঝে ব্যবহার করুন

দিনের খাবারে যে পরিমাণ লবণ খেতে পারেন, তা অস্বাস্থ্যকর নোনতা খাবার বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে খরচ না করে স্বাস্থ্যকর খাবারের স্বাদ বাড়াতে অল্প পরিমাণে ব্যবহার করা উচিত।

ফল, সবজি, পূর্ণ শস্য, বাদাম, ডালসহ স্বাস্থ্যকর খাবারে পরিমিত লবণ ব্যবহার করলে খাবারের স্বাদ বজায় থাকে, আবার অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ঝুঁকিও কমে।

৬. জিহ্বাকে কম লবণের স্বাদে অভ্যস্ত করুন

হঠাৎ করে লবণ একেবারে কমিয়ে দিলে খাবার বিস্বাদ মনে হতে পারে। তবে ধীরে ধীরে লবণের পরিমাণ কমালে স্বাদের সঙ্গে জিহ্বাও মানিয়ে নিতে পারে।

এক গবেষণায় দেখা গেছে, কম সোডিয়ামযুক্ত খাবারও মানুষ অনেকটা স্বাভাবিক খাবারের মতো উপভোগ করতে পারে। তাই অল্প অল্প করে লবণ কমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত এই পরিবর্তন চালিয়ে গেলে একসময় অতিরিক্ত লবণের প্রয়োজনীয়তাও কমে আসবে।

লবণ খাওয়া কমানো কেন জরুরি

শরীরের জন্য সোডিয়াম প্রয়োজন হলেও অতিরিক্ত সোডিয়াম ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্র ও রক্তনালিকে সুস্থ রাখতে খাবারে অতিরিক্ত লবণ কমানো গুরুত্বপূর্ণ।

তাহলে একবারে বড় পরিবর্তন না এনে প্রতিদিনের খাবারে ছোট ছোট পরিবর্তন আনা যেতে পারে। ধীরে ধীরে কম লবণের স্বাদে অভ্যস্ত হওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার সহজ উপায় হতে পারে।

সূত্র: হার্ভার্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

সোমবার (৫ অক্টোবর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, "সাংবাদিকদের সেন্টিমেন্টের প্রতি আমরা সম্মান জানিয়ে জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি দিয়েছি। বাদবাকি বিষয়গুলো তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করা হবে।"

এ বিষয়ে আন্দোলনরত সাংবাদিকরা জানান, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয়টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে একটি দাবি তারা মেনে নিয়েছে—হল প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে। বাকি পাঁচটি দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন তিন দিন সময় চেয়েছে।

তারা আরও বলেন, "আমরা চাই, এই তিন দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হোক।"

হল প্রভোস্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটার পরও তিনি তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। হামলার সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। পরে হামলার গুরুত্বপূর্ণ ওই ফুটেজ মুছে ফেলার অভিযোগও ওঠে। সাংবাদিকদের দাবি, হামলার সময় ও পরবর্তী পরিস্থিতি হল প্রভোস্টের উপস্থিতিতেই ঘটলেও তিনি হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। তবে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট দাবি করেছেন, সংস্কারকাজ চলায় সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং সেখানে কোনো ফুটেজ সংরক্ষিত ছিল না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%