শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৪৯ পি.এম
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন। ভ্যান্সকে এখন অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ইরান ইস্যুতে তাঁর কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।’ তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ইরানের কাছ থেকে বিপুল অর্থ আদায়ের প্রয়োজন নেই।
ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে ডেমোক্র্যাট-শাসিত বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে দুর্নীতি এবং অপরাধের অভিযোগ নিয়ে কাজ করতে বলেছেন তাঁকে। ইরান নিয়ে আলোচনায় ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তবে তাঁকে সরিয়ে দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে—এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সম্প্রতি ব্রডকাস্টার হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে হামলা চালানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে একই সাক্ষাৎকারে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না বলেও জানান।
ট্রাম্প আরও বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকা অবস্থায় তিনি যদি হোয়াইট হাউস ছাড়েন, তবে সেটিকে পরাজয় হিসেবে দেখা হবে। ভ্যান্সকে নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতেন—এমন বক্তব্য ভ্যান্সের আরও স্পষ্টভাবে দেওয়া উচিত ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন ভ্যান্স। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। ট্রাম্প অবশ্য ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান বজায় রেখেছেন। তথ্যসূত্র: রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ ছাড়তে বাধ্য করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও অপসারণের ঝুঁকিতে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তাকে পদ থেকে সরানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, বিষয়টি সম্পর্কে অবগত দু’জন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এআই চিপ প্রস্তুতকারী মার্কিন কোম্পানি এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সৃষ্ট গুপ্তচর কেলেঙ্কারির প্রেক্ষাপটে আলোচনা শুরু হয়েছে।
এনভিডিয়ার নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে’র পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ার পর থেকেই মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছেন লুটনিক। আইন প্রণেতাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন চীনের বেশ কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য কালো তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন যে, চীনে এনভিডিয়ার পণ্য রপ্তানির ওপর সরকার যথাযথ নজরদারি করছে কি না।
মার্কিন এমপিদের অভিযোগ, চীনে এআই চিপ পাঠানো বন্ধ করতে লুটনিক যথেষ্ট পদক্ষেপ নেননি। হোয়াইট হাউসের কর্মকর্তারা লুটনিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন—রয়টার্সের এমন প্রতিবেদনের পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হোয়াইট হাউসের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী এবং তার দায়িত্ব পালনের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সিএনএনের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান সদস্য জন কেনেডিকে প্রশ্ন করা হয়েছিল, হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত কি না। জবাবে জন কেনেডি বলেছেন, "আমি এখনও জানি না।" তবে তিনি সিএনএনকে জানিয়েছেন যে, তিনি এবং আরও বেশ কয়েকজন আইনপ্রণেতা এ বিষয়ে লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদ করতে চান।
সিনেটর কেনেডি বলেছেন, লুটনিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার একটি পরিকল্পনা কংগ্রেসের আছে। এটি অত্যন্ত গুরুতর বিষয়। ২০২৫ সালের অক্টোবর মাসের পর থেকে নতুন কোনো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেনি যুক্তরাষ্ট্র। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘ বিরতি।
ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে, কেন তারা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক-ফোকরগুলো বন্ধ করেননি। তিনি বলেন, "আমাদের উন্নত প্রযুক্তি যেন চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী না করে, তা নিশ্চিত করতে তাদের আজই পদক্ষেপ নিতে হবে।"
রয়টার্সের সূত্রমতে, সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতি এলিজাবেথ ওয়ারেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির পরবর্তী চেয়ারম্যান, ডেলাওয়্যার থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস সম্প্রতি যৌথভাবে লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি লিখেছেন। চিঠিতে তারা প্রশাসনকে এনভিডিয়া কর্তৃক চীনে উন্নত এআই চিপ রপ্তানি এবং এর সঙ্গে সম্পর্কিত জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিষয়ক সমস্ত নথিপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় সংঘটিত এক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক মোজাফফর হোসেন (৩৯) প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর পাঁচটার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোজাফফর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া এলাকার মজিবর প্রামাণিকের পুত্র।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, ভোরের সময় মোজাফফর গ্যাস নেওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় দুপচাঁচিয়া খাদ্যগুদামের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি তাজলিমুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আরোপিত আর্থিক লেনদেন ও ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিষদের ১৫ সদস্যের সবাই এই প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করেন।
নতুন সিদ্ধান্ত অনুসারে, নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের জন্য এই বিধিনিষেধ ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি, নতুন কয়েকজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত প্রস্তাবে হুথি বিদ্রোহীদের সামুদ্রিক ও আন্তসীমান্ত হামলার নিন্দা জানানো হয়েছে। বিশেষভাবে সউদী আরবের ওপর হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন সংঘাত শুরু হওয়ায় প্রায় ১২ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন। ২০২২ সালের এপ্রিল থেকে দেশে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা নতুন সংঘাতের কারণে ভেঙে পড়েছে। চলমান লড়াই ও বাস্তুচ্যুতি দেশের মানবিক সংকটকে আরও গভীর করেছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এর প্রতিক্রিয়ায় ২০১৫ সালের মার্চে সউদী আরবের নেতৃত্বাধীন একটি আরব জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে। এরপর থেকে দেশে সংঘাত, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করার জন্য নগর অবকাঠামোকে শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার করেছেন ১০০টির বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে।
সম্মেলনে দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এ সমর্থন জানিয়েছে। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানোর এবং ভবনে দক্ষ বিদ্যুতায়ন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, "জলবায়ু পদক্ষেপের সুফল মানুষের বসবাসের জায়গায় পৌঁছাতে হবে। নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ।"
নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের আওতায় প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও রিসাইক্লিং কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রম ধাপে ধাপে ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশগ্রহণ করেন। এদিন তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনে সহযোগিতার বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
জলবায়ু অভিযোজন ও শিল্পায়নে অর্থায়নের অংশ হিসেবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার এবং পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ অঞ্চলের দেশগুলোর নিজস্ব উদ্যোগে গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি এসেছে। মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, "জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন ও দ্রুত বাস্তব পদক্ষেপ প্রয়োজন।"
সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও জ্বালানিসাশ্রয়ী ভবন, সাশ্রয়ী আবাসন এবং নগর সহনশীলতা বৃদ্ধির জন্য দেশগুলোর অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ