ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অ্যামাজনে রুয়েটের আকিব, দেশের গণ্ডি পেরিয়ে নতুন দিগন্তে


অ্যামাজনে রুয়েটের আকিব, দেশের গণ্ডি পেরিয়ে নতুন দিগন্তে

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) সম্প্রতি যোগদান করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। তিনি প্রতিষ্ঠানটির নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আকিব রুয়েটের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়ন করছেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আকিব জাবেদ একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত জীবনে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন। গবেষণার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। এটি রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে দক্ষতার সঙ্গে এগিয়ে চলার বিষয়টিও তুলে ধরে।

রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে আকিবের যোগদান বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি এ বিভাগের প্রথম অ্যালামনাই হিসেবে এফএএএনজি-ভুক্ত কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন বলে রুয়েট-সংশ্লিষ্টরা মনে করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তার অন্যতম অর্জন বলেও তারা অভিমত প্রকাশ করেছেন।

আকিব জাবেদের পথচলায় রয়েছে রুয়েট থেকে প্রকৌশল শিক্ষা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, একাডেমিক স্বীকৃতি, গবেষণা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পেশাগত সাফল্যের সমন্বয়। তার এই অর্জন রুয়েটের পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে তার সাফল্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে বিক্ষোভ, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


দিল্লিতে বিক্ষোভ, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিলকে পুলিশ আটকে দিয়েছে। এই ঘটনার সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং আরও কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতের পার্লামেন্ট ভবন চত্বর থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের উদ্দেশ্যে বিরোধী দলের সংসদ সদস্যরা মিছিল শুরু করেন। মিছিলটি পার্লামেন্ট স্ট্রিটে নীতি আয়োগের কার্যালয়ের কাছে পৌঁছালে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

পুলিশের বাধার মুখে রাহুল গান্ধী ব্যারিকেডের ওপর উঠে পড়েন। তার হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য বিরোধী নেতারাও ব্যারিকেডের ওপর উঠতে দেখা যায়।

পরে বিরোধী সংসদ সদস্যরা সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। তাদের হাতে ছিল ‘সেভ ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার।

মিছিল এগোতে না দেওয়ার পর পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাদের আটক করে। তাদের একটি পুলিশ বাসে তোলা হয়। পরে তারা মুক্ত হয়ে নির্বাচন কমিশন সদর দপ্তরের পাশে আকাশবাণী ভবনে প্রবেশ করেন।

বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ, এবার পদ ছাড়ুন।’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিরোধী জোট এই বিক্ষোভের আয়োজন করে। বিরোধীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে অনুপযুক্ত ও ভুয়া নাম বাদ দেওয়া এবং তালিকা হালনাগাদ করতেই এসআইআর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

এদিকে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা চলছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার, জ্ঞানেশ কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনারকে নোটিশ দিয়েছে।

তবে আপাতত জ্ঞানেশ কুমারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি আদালত। আদালত জানিয়েছে, সংবাদ প্রতিবেদন বা অনুমানের ভিত্তিতে এমন আদেশ দেওয়া যায় না; আগে অভিযোগের তথ্য যাচাই করা প্রয়োজন।

এদিকে, বিক্ষোভের প্রেক্ষিতে দিল্লির কেন্দ্রীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পার্লামেন্ট ভবন ও নির্বাচন কমিশনের কার্যালয়ের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের নির্বাহী আদেশে করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


ট্রাম্পের নির্বাহী আদেশে করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৫ অক্টোবর) একটি নির্বাহী আদেশের মাধ্যমে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। সাধারণত কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য অফ-রোড যানবাহনে ব্যবহারের জন্য এই ডিজেল নির্ধারিত থাকে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

জ্বালানির দাম যুক্তরাষ্ট্রে দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধের কারণে পাম্পে জ্বালানির দাম বাড়ার বিষয়টি ট্রাম্পের রিপাবলিকান পার্টির ওপর চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে।

নেব্রাস্কায় এক সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই নির্বাহী আদেশের মাধ্যমে অফ-রোড বা সড়কের বাইরে ব্যবহারের বাধ্যবাধকতা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হবে। ফলে যে কেউ যেকোনো প্রয়োজনে করমুক্ত লাল রঙের ডিজেল কিনতে পারবেন।

লাল রঙের ডিজেল সম্পর্কে নিজের অপরিচিতির কথা স্বীকার করে ট্রাম্প রসিকতা করে বলেন, “আমি জানি না এটা আসলে কী, তবে যাই হোক, বলা হচ্ছে এটা খুব ভালো।”

লাল রঙের ডিজেল সাধারণ ডিজেলের মতোই, তবে এতে যুক্তরাষ্ট্রের মহাসড়ক বা হাইওয়ে জ্বালানি কর প্রযোজ্য হয় না। ডিজেলটিকে সহজে শনাক্ত করার জন্য এতে লাল রং মেশানো থাকে।

তবে ট্রাম্পের সমাবেশে যে ঘোষণা দেওয়া হয়েছে, হোয়াইট হাউসের প্রকাশিত তথ্যপত্রে বিষয়টি কিছুটা সীমিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

তথ্যপত্র অনুযায়ী, সড়কে লাল ডিজেল ব্যবহার করলে যে কর দিতে হয়, তা বছরের শেষ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কোনো সুদ বা জরিমানা নেওয়া হবে না। একই সঙ্গে ভবিষ্যতে এই কর পুরোপুরি বাতিল করার উপায় খুঁজতে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও অঙ্গরাজ্যের গভর্নররা নিজেদের বিবেচনামতো লাল ডিজেল ব্যবহারের ক্ষেত্রে পরিদর্শন বন্ধ করতে এবং চালকদের ওপর আরোপযোগ্য কর মওকুফ করতে পারবেন।

তবে হোয়াইট হাউসের তথ্যপত্রে জ্বালানির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইরানের কথা উল্লেখ করা হয়নি। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বজুড়ে পরিশোধনাগারের সক্ষমতার ঘাটতিকে জ্বালানির দাম বাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পরিবেশবান্ধব বা ‘গ্রিন এনার্জি’ নীতির নামে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো পরিশোধনাগার বন্ধ করে দিয়েছে বলেও হোয়াইট হাউস অভিযোগ করেছে।

নেব্রাস্কার সমাবেশে ট্রাম্প চলতি মাসে ইউরোপের সঙ্গে হওয়া একটি চুক্তিরও প্রশংসা করেন। ওই চুক্তির আওতায় আগামী চার মাসে কৌশলগত মজুত থেকে ১০ কোটি ব্যারেল পরিশোধিত ডিজেল বাজারে ছাড়ার কথা রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার সম্ভাবনার কথাও বলেছিলেন ট্রাম্প। ডিজেল ট্রাক, কৃষি যন্ত্রপাতি ও নির্মাণকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম প্রতি গ্যালন ৬ ডলারের বেশি উঠে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির পক্ষ থেকে রপ্তানি সীমিত করায় বৈশ্বিক বাজারে জ্বালানির সরবরাহ ও দামের ওপর আরও চাপ তৈরি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালি ঘরের মাঠে তুরস্ককে ৩-১ গোলে পরাজিত করলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


ইতালি ঘরের মাঠে তুরস্ককে ৩-১ গোলে পরাজিত করলো

ফিফা উইন্ডোর শুরুতে হারলেও ইতালি দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। চারবারের বিশ্বকাপজয়ীরা এবার তুরস্ককে ৩-১ গোলে পরাজিত করে টানা তৃতীয় ম্যাচে অপরাজিত থাকার পথে রয়েছে।

গতকাল, ঘরের মাঠে তুরস্কের বিরুদ্ধে ইতালি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। ম্যাচের ২৬ মিনিটে জিওভান্নি দি লরেঞ্জোর ক্রস থেকে অসাধারণ হাফ-ভলিতে গোল করেন জিয়ানলুকা স্কামাক্কা। তার এই গোলের সুবাদে স্বাগতিকরা বিরতিতে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে তুরস্ক ম্যাচে ফেরার সুযোগ পায়। ৬১ মিনিটে আরাল সিমসিরের গোলের মাধ্যমে তারা সমতা আনে। কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরেই আবারও এগিয়ে যায় ইতালি।

৬৪ মিনিটে হেডে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন রিকার্দো ক্যালাফিওরি। এরপর ম্যাচের শেষ দিকে, তুরস্কের ফেরার সব সম্ভাবনা শেষ করে দেন ফ্রানসেস্কো এস্পোসিতো। আলেসান্দ্রো রোমানোর পাস থেকে ৮৭ মিনিটে গোল করে ইতালির জয় নিশ্চিত করেন তিনি।

ফিফা উইন্ডোর আগে ইতালি প্রতিপক্ষকে ৪-১ গোলে পরাজিত করে জয়লাভ করেছিল। এছাড়া, তারা ফ্রান্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ফলে, সর্বশেষ তিন ম্যাচে তাদের দুটি জয় ও একটি ড্র রয়েছে।

তুরস্ককে পরাজিত করে ‘গ্রুপ-১’-এর পয়েন্ট টেবিলে ইতালি দুইয়ে উঠে এসেছে। তিন ম্যাচে তাদের রয়েছে দুটি জয়, একটি ড্র ও একটি হার, ফলে পয়েন্ট ৭। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। তুরস্ক এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু অধিকার দিবসে রাষ্ট্রপতির নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


শিশু অধিকার দিবসে রাষ্ট্রপতির নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশের আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও মানবিক জাতি গঠনের উদ্দেশ্যে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন এবং স্নেহ-মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি এই আহ্বান জানান মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বাণীতে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুস্থ বিকাশ, আনন্দময় শৈশব, মানসম্মত শিক্ষা এবং মেধা ও সৃজনশীলতার বিকাশের ওপরই নির্ভর করছে একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও মানবিক জাতি গঠনের ভবিষ্যৎ।" তিনি যোগ করেন, "তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ-মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।"

রাষ্ট্রপতি বলেন, শিশুর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মানসম্মত শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ঝরে পড়া শিশু-কিশোরদের কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, দেশের সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের কাছে এসব সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে আমাদের তৎপর হতে হবে।

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, স্কুল পর্যায়ে বিভিন্ন খেলায় শিশুদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার পরিকল্পনা, ‘স্পোর্টস কার্ড’ ও ক্রীড়া ভাতা চালু এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে।

তিনি বলেন, "শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বিত চর্চার মধ্য দিয়ে শিশুরা জ্ঞান, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।" রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, "তাদের মেধা, মনন ও প্রতিভার যথাযথ বিকাশের সুযোগ সৃষ্টি করতে পারলে তারাই আগামী দিনে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।"

রাষ্ট্রপতি বলেন, এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ শিশু অধিকার দিবসের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী। তিনি উল্লেখ করেন, "পাঁচ দশক ধরে এ একাডেমি সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাহিত্যসহ নানা সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি শিশুর কাছে এই সুযোগ ও সম্ভাবনার আলো আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে।

সবশেষে রাষ্ট্রপতি শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, "বিশ্বের প্রতিটি শিশুর জীবন নিরাপদ, আনন্দময় ও আলোকিত হওয়াই সবার অঙ্গীকার হওয়া উচিত।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%