প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের রাজারহাটে স্বামী হিসেবে স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিয়ের কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামের এক তরুণী। তার অভিযোগ, অনশনের খবর পেয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেছেন।
এটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে ইউসুফ আলীর বাড়ির সামনে।
অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার কন্যা। অভিযুক্ত স্বামী মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) একই উপজেলার পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর পুত্র।
সাদিয়ার দাবি, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ফলস্বরূপ ২০২৩ সালে দুজনের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা বিয়ে করেন। কিন্তু রিয়াদের পরিবার ওই বিয়েকে স্বীকৃতি দেয়নি। পরে চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে পুনরায় বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তারা।
সাদিয়ার অভিযোগ, গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। একপর্যায়ে বাধ্য হয়ে কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসতে বাধ্য হন তিনি। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকিও দেন ওই তরুণী।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী জানান, দুপুরে মেয়েটি ছেলের বাড়িতে উপস্থিত হন। পরে তাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ছেলের মা-বাবা ঘরে তালা ঝুলিয়ে চলে যান। রাত হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
একই গ্রামের আব্দুস সালাম জানান, মেয়েটির কাছে কাবিননামা রয়েছে। তিনি ছেলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও নিয়ে এসেছেন। তার ধারণা, ছেলেটি মেয়েটিকে চাইলেও পরিবারের চাপে বাড়ি ছেড়ে চলে গেছেন।
স্থানীয়দের দাবি, দুজনই প্রাপ্তবয়স্ক। তাই তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে বিষয়টি সমাধান করা প্রয়োজন, যাতে তরুণীটির জীবন অনিশ্চয়তার মুখে না পড়ে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ জানান, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন