প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে আজীবন বহিষ্কার করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। অনলাইন গণমাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই হুমকি দেন।
জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব পদ থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তারা নির্দেশনা দিয়েছেন যে, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা মোর্শেদুল হকের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক রাখবেন না।
মোর্শেদুল হক বুধবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, ‘টেলিগ্রাম নিউজ (কক্সবাজারের আঞ্চলিক অনলাইন গণমাধ্যম) অফিসটা কোথায়? প্রথম আলোর মতো জ্বালিয়ে দিতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লেখানো শেখাতে হবে এদের।’
টেলিগ্রাম নিউজের সম্পাদক দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা মো. এরফান হামলার শিকার হন। এরফান অভিযোগ করেন, এক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে তার ওপর হামলা করে। সাংবাদিক এরফানের ওপর হামলার পর টেলিগ্রাম নিউজ এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। এরপর সংবাদটি সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় মোর্শেদুল হক তার ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাস দেন।
তিনি বলেন, ‘কোনো সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্যপ্রমাণ উপস্থাপন কিংবা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান জানান, মোর্শেদুল হকের ফেসবুক স্ট্যাটাসটি তিনি দেখেছেন এবং এটি দলের জন্য বিব্রতকর। তিনি আরও বলেন, মোর্শেদ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। অতিরিক্ত উৎসাহের কারণে সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন স্ট্যাটাস দেওয়ার জন্য তাকে দল ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মোর্শেদুল হকের সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন