ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ নানা সংকটে হুমকিতে


ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ নানা সংকটে হুমকিতে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থিত টাঙ্গন নদীর কদমতলী মৎস্য অভয়াশ্রমে পলি জমে ভরাট হয়ে যাওয়ার কারণে পানি ও প্রাকৃতিক খাদ্যের সংকট দেখা দিয়েছে। এর ফলে দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছ হুমকির মুখে পড়েছে। দীর্ঘ সময় ধরে খনন না করার কারণে অভয়াশ্রমটির অস্তিত্ব এবং দেশীয় মাছের প্রজনন বিপন্ন হয়ে পড়েছে।

২০০১ সালে পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া এলাকায় টাঙ্গন নদীর বাঁকে নিরাপদ প্রজনন ও সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য বিভাগ এই অভয়াশ্রমটি প্রতিষ্ঠা করে। সেখানে রুই, কাতলা, শোল, বোয়াল, আইড়, চিতল, কই ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির মা মাছ আশ্রয় নেয়। প্রজনন মৌসুমে এই মাছগুলো নদীতে ডিম ছেড়ে আবার অভয়াশ্রমে ফিরে আসে।

অভয়াশ্রমের সভাপতি ফজলুল করিম জানিয়েছেন, এখানে ৩০ থেকে ৫০ কেজি ওজনের কয়েক হাজার মা বোয়াল, আইড়, চিতল, রুই ও কাতলা মাছ রয়েছে। পানি কমে যাওয়ার কারণে মাছগুলো ভেসে উঠছে এবং তাদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সহসভাপতি এন্তাজুল হক মন্তব্য করেন, পানির পাশাপাশি প্রাকৃতিক খাবারও কমে গেছে। এর ফলে মা মাছগুলো প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না।

পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী নসরতে খোদা রানা বলেন, অভয়াশ্রমটি রক্ষা করা না গেলে এ অঞ্চলের খাল-বিল ও নদ-নদী থেকে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যেতে পারে। এর ফলে জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

পানি ও খাদ্যসংকটের বিষয়টি স্বীকার করে পীরগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আকতার জানান, দীর্ঘদিন খনন না করার কারণে পলি জমে অভয়াশ্রমে পানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমেছে। খাদ্যসংকটও দেখা দিয়েছে। প্রাথমিকভাবে মাছের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি অভয়াশ্রমটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনেওয়াজ সিরাজী। তিনি জানান, মা মাছের প্রজননক্ষেত্র রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

স্থানীয়রা দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত অভয়াশ্রমটি খননসহ কার্যকর পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বর্বরোচিত হামলার ফলে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী হামলায় ভুক্তভোগী ওমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

আহত বাংলাদেশিদের চিকিৎসা, সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

গতকাল রাতেও মন্ত্রী ওমরাহযাত্রীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে জোর দেন।

ধর্মমন্ত্রী বলেন, "সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান।" তিনি উল্লেখ করেন, সেদেশে পবিত্র কাবা শরিফ আল্লাহর ঘর এবং মদিনা মুনাওয়ারায় রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক।

মন্ত্রী আরও বলেন, "সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি সতর্ক করে বলেন, সৌদি আরবের ওপর যেকোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব কখনোই মেনে নেবে না।

তিনি বলেন, "এ ধরনের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিতে হবে।" বাংলাদেশও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

মন্ত্রী বলেন, "পবিত্র ভূমিতে যাওয়া আল্লাহর মেহমানদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি উল্লেখ করেন, নিরীহ মানুষ ও ওমরাহযাত্রীদের জীবন বিপন্ন করে এমন কোনো সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন এবং নির্বিঘ্নে পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াত নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

মন্ত্রী বলেন, "যাতে কোনো বাংলাদেশি নাগরিক অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন এবং সবাই নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।"

তিনি বলেন, "আল্লাহর মেহমানদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না।" মন্ত্রী এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি জানান, "শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে রয়েছে।" আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

মন্ত্রী আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

তিনি জানান, আহত বাংলাদেশিদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত অন্য বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ধর্মমন্ত্রী ওমরাহযাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, "যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকবে।"

মন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবগঙ্গা সেতুর ৭০% কাজ শেষ, চুক্তি বাতিল এলজিইডির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


নবগঙ্গা সেতুর ৭০% কাজ শেষ, চুক্তি বাতিল এলজিইডির

নড়াইলের নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ব্যর্থ হওয়া এবং বারবার মেয়াদ বাড়িয়েও কাজ অসম্পূর্ণ রাখার কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইসিএল’-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য প্রায় ৫ কোটি টাকা প্রাক্কলনে নতুন দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো নবগঙ্গা নদী। লোহাগড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন বিভিন্ন জরুরি প্রয়োজনে জেলা সদরে যাতায়াত করতে হয়। নদী পারাপারের জন্য সুনির্দিষ্ট সেতু না থাকায় জরুরি মুমূর্ষু রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

ফেদি বাজার ঘাটে মাত্র দুটি ছোট নৌকার ওপর নির্ভর করে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে হাজার হাজার মানুষ। বিকল্প বা ঘুরতি পথ ব্যবহার করতে গিয়ে স্থানীয়দের অতিরিক্ত সময় ও বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, সময়মত চিকিৎসা না পেয়ে রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, নড়াইল ও লোহাগড়ার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও জনভোগান্তি কমানোর লক্ষ্যে ফেদি বাজার এলাকায় নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইসিএল’-কে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল।

তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি ঢিলেঢালাভাবে কাজ চালাতে থাকে। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত করা হলেও প্রতিষ্ঠানটি মাত্র ৭০ শতাংশ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়। আশ্চর্যজনকভাবে, কাজ ৩০ শতাংশ বাকি থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে প্রায় ৭ কোটি ১০ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে।

নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর জানান, বারবার সময় দেওয়ার পরও চুক্তি অনুযায়ী কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় আইসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ৩৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, সেতুটির অসমাপ্ত ৩০ শতাংশ কাজ দ্রুত শেষ করার জন্য ৪ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে নতুন দরপত্র আহ্বানের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হবে।

দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দারা দ্রুত নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছেন। নড়াইলবাসীর প্রত্যাশা, এবার যেন কোনো ধরনের টালবাহানা ছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করে তা সর্বসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যতে দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে : বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ভবিষ্যতে দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের বিমান পরিবহন খাতের সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, প্রথম পর্যায়ে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। তবে, ভবিষ্যতে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা ও নতুন প্রজন্মের মেধার বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

রোববার (১১ অক্টোবর) ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিমানমন্ত্রী বলেন, “আমি চাই, বিমানবহর শুধু ৩৫টি উড়োজাহাজে সীমাবদ্ধ থাকবে না। আমাদের ছেলেমেয়েরা যেভাবে উন্নত হচ্ছে, বিকশিত হচ্ছে এবং মেধার পরিচয় দিচ্ছে, সেই সক্ষমতা অনুযায়ী আমি চাই, এ দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে।”

মন্ত্রী ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার বিষয়ে বলেন, এসব উড়োজাহাজ দেশে আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সালের মধ্যে সেগুলো দেশে পৌঁছাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিমানবহরে যেসব উড়োজাহাজ রয়েছে, সেগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখা, যাত্রীসেবা অব্যাহত রাখা এবং ভবিষ্যতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন উড়োজাহাজের প্রয়োজন হবে। এ জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন, ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা কেবল বর্তমানের চাহিদা পূরণের বিষয় নয়, বরং এটি ভবিষ্যতে দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পর্যায়ক্রমে বিমানবহর সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে আরও সক্ষম অবস্থানে নিয়ে যাওয়াই তার লক্ষ্য।

দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়াতে হবে। এ জন্য বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় স্লট নিশ্চিত করার বিষয়েও কাজ করতে হবে।

বিমান পরিবহন খাতের পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যটন খাতের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।

এছাড়া বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের সাফল্য উদযাপন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসমক্ষে দুর্নীতি-অন্যায় তুলে ধরতে সাংবাদিকদের রাষ্ট্রপতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


জনসমক্ষে দুর্নীতি-অন্যায় তুলে ধরতে সাংবাদিকদের রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন যে, সত্য প্রকাশে তাদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি মন্তব্য করেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন হবে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের যথাযথ কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারা সমাজের জন্য দুর্ভাগ্যজনক। এ প্রসঙ্গে তিনি পেশাগত স্বার্থরক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে। তিনি উল্লেখ করেন, অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে মূলধারার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ঢাকায় কর্মরত ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের প্রতি তার ভালোবাসা ও মমত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমি যে শিকড় থেকে এসেছি, যে শিকড় থেকে আমার বেড়ে ওঠা, সেই শিকড়কে আমি ধরে রাখতে চাই।" ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য ফোরামের সদস্যদের অভিনন্দন জানান। এ সময় তিনি দেশ ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জেলায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে সজাগ থাকা এবং জেলার সাফল্য ও অর্জনগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য তিনি সংগঠনটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারা পেশাগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংগঠনের স্থায়ী কার্যালয় এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তারা।

রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির সমৃদ্ধি ও সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%