বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৯:৪৩ পি.এম
বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের আটক করতে আসা পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে সহপাঠীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা এক তরুণীর দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। প্রায় দুই বছর পর ভারতের মুম্বাইয়ে একই ধরনের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সেই স্মৃতি ফিরিয়ে এনেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্ক এলাকায় রিয়া আহির নামের এক তরুণী চলন্ত একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে সেটির গতিরোধ করেন। যদিও পুলিশ সদস্যরা তাঁকে সরে যেতে বললেও তিনি আন্দোলনের জায়গা পরিবর্তন করেননি।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা রিয়া দুই হাত সামনে রেখে পুলিশ ভ্যানের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করছেন।
তার এই পদক্ষেপে আশপাশে থাকা আন্দোলনকারী ও সাধারণ মানুষ করতালি এবং স্লোগানের মাধ্যমে সমর্থন জানান। স্থানীয় কয়েকটি প্রতিবেদনের দাবী, পরে ওই পুলিশ ভ্যান থেকে আটক কয়েকজন আন্দোলনকারীকে ছেড়ে দেওয়া হয়।
ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, রিয়া আহির একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ। তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি প্রকাশিত তার একটি মিউজিক ভিডিওর নাম 'দিলবারা'।
অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন রিয়া। হস্তশিল্প ও পোশাক নিয়ে তার ব্যবসা রয়েছে এবং 'রিয়াসত' নামে একটি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন তিনি।
রিয়ার পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদের এই দৃশ্য ইতোমধ্যে ভারতজুড়ে চলমান ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী ঘটনাটিকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের স্মরণীয় মুহূর্তের সঙ্গে তুলনা করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় শিক্ষার্থীরা আট ঘণ্টারও বেশি সময় রেলপথ অবরোধ করেন। এ কারণে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে বলে দাবি করা হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। একই সঙ্গে এ ঘটনায় প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন। ফলে রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীগামী ট্রেনের চলাচল ব্যাহত হয়।
রেলওয়ের তরফ থেকে দাবি করা হয়েছে, অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া দুটি আন্তঃনগর এবং চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করার প্রয়োজন হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় বিভিন্ন স্টেশন ও ট্রেনে থাকা প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী-শিশু এবং বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, অবরোধের ফলে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এই ভোগান্তির জন্য তারা যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলার কাছে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এই কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আট ঘণ্টার বেশি সময়ের জন্য বন্ধ থাকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জুলাই মাসে অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে বার্তা ছড়িয়ে দিতে, রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার, ২৩ জুলাই, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে রাজধানীর বিজয় সরণি, জিয়া উদ্যান এবং আশপাশের এলাকায় এ কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এটি আয়োজন করা হয়। পাশাপাশি, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিকৃত প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন। তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। তাই রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে চলমান থাকবে।
এই কর্মসূচির এক পর্যায়ে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। যাতায়াতের পথে সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কর্মসূচিটি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে আসেন। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রীর আকস্মিক উপস্থিতির ফলে কর্মসূচিতে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়। এ সময় তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।
ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একসাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধরে রেখে জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় ছাত্রদলের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্ডের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।
৪০ বছর বয়সে তার অসাধারণ নৈপুণ্য শুধু প্রশংসা কুড়ায়নি, বিশ্বকাপ শেষে তার বাজারমূল্যও বেড়েছে প্রায় ১০ গুণ।
বর্তমানে ভোজিনহা ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন, কারণ তার পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে তার আনুমানিক বাজারমূল্য ছিল ৫০ হাজার ইউরো। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে, যা এবারের বিশ্বকাপ-পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধিগুলোর একটি।
বিশ্বকাপে কেপ ভার্ডের ঐতিহাসিক অভিযানে, ভোজিনহা দলের অন্যতম ভরসা ছিলেন। গ্রুপ পর্বে স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেছেন। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ কিছু সেভ করে কেপ ভার্দেকে ম্যাচে ধরে রেখেছেন।
যদিও অতিরিক্ত সময়ের নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে কেপ ভার্ড বিশ্বকাপ থেকে বিদায় নেয়, তবুও ভোজিনহার পারফরম্যান্স ফুটবলবিশ্বে প্রশংসিত হয়েছে।
এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতো জানাচ্ছে, এই ফ্রি এজেন্ট গোলরক্ষককে দলে ভেড়াতে আগ্রহী চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো। ক্লাবটি ভোজিনহার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিগগিরই আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে পারে।
৪০ বছর বয়সেও দুর্দান্ত ফর্ম ধরে রাখা ভোজিনহা বর্তমানে দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত ফুটবলারদের মধ্যে একজন হয়ে উঠেছেন। এখন দেখার বিষয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোন ক্লাব হবে তার নতুন ঠিকানা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুর, ২৩ জুলাই, ২০২৬ : মহানগরের একটি আবাসিক হোটেল থেকে পোশাককর্মী শান্তা বেগমের (২৬) মরদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের দ্বিতীয় স্বামী মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নিহত শান্তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, আদালতে হাজির করা হলে আসামি সাইফুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহত শান্তা বেগম নাটোর জেলা সদরের বাসিন্দা ছিলেন এবং তিনি গাজীপুরের সফিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই দুপুরে সাইফুল ও শান্তা স্বামী-স্ত্রী পরিচয়ে চান্দনা চৌরাস্তার 'ইভ্যালি আবাসিক হোটেল'-এর ৩০৭ নম্বর কক্ষে ওঠেন। একই দিন রাতে থানা পুলিশ ওই কক্ষের ভেতর থেকে শান্তার গলা ও বুক কাটা মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুল পলাতক ছিলেন।
প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পিবিআইয়ের ক্রাইমসিন টিম ফিঙ্গারপ্রিন্ট ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে শান্তার পরিচয় শনাক্ত করে।
এ ঘটনায় নিহতের বাবা বাসন থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পিবিআই গাজীপুর জেলা শাখা স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে।
সংবাদ সম্মেলনে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, হোটেলটির সিসিটিভি ফুটেজ, নিবন্ধন খাতা এবং প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে পিবিআই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ ট্রান্সমিটার মোড় এলাকায় বিরামহীন অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদ ও জবানবন্দির বরাতে পিবিআই আরও জানায়, তিন মাস আগে সাইফুল ও শান্তার বিয়ে হয়। তবে উভয়েরই আগের সংসারের সন্তান ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ ও সন্দেহ তৈরি হয়।
ঘটনার দিন হোটেলে অবস্থানকালে এ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সাইফুল ধারালো ছুরি দিয়ে শান্তার গলা ও বুকে আঘাত করে হত্যা করেন। এরপর তার মোবাইল ও পরিচয়পত্র নিয়ে পালিয়ে যান।
গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিবিআই জানিয়েছে, হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ