ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব নেবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী


দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব নেবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপির নেতাকর্মীরা। তারা এ সময় ঘুমহীন প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন।

শনিবার (১০ অক্টোবর) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

রুহুল কবির রিজভী বলেন, ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারেন এবং উৎসবে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে দলের নেতাকর্মীরা কীভাবে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, সে বিষয়েও আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কিছু লোক নানাভাবে বিভিন্ন ধরনের নীলনকশা করছেন। তবে সরকার দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে সব ধরনের অপপ্রচার, অপকীর্তি ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে সক্ষম হবে। এ বিষয়ে দলের নেতাকর্মীরা সব সময় সতর্ক থাকবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন। এ বিষয়ে কী করণীয় এবং ইতোমধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, দুর্গাপূজা পর্যবেক্ষণের জন্য বিএনপি ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। শুক্রবার খায়রুল কবির খোকন এবং ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে আগেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তার বিষয়টি নিয়ে বিএনপি অত্যন্ত সচেতন এবং দলের নেতারা এ নিয়ে সজাগ রয়েছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বৈঠকে দলের সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যতে সাংগঠনিক তৎপরতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও নেতারা আলোচনা করেছেন।

বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু

বিশ্বের বিভিন্ন স্থানে প্রতি তিন সেকেন্ডে একটি কন্যাশিশুর বিয়ে হচ্ছে। প্রতিবছর ১ কোটি ২০ লাখেরও বেশি কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়ে থাকে। এর ফলে লাখ লাখ শিশু শিক্ষা, স্বাস্থ্য এবং নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ ১১ অক্টোবর পালিত হচ্ছে, যা বাল্যবিয়ে বন্ধ করার এবং কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাল্যবিয়ে বন্ধ করি, কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করি’। এই প্রতিপাদ্যটি কন্যাশিশু, তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন, নাগরিক সমাজ এবং জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর আলোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

জাতিসংঘের মতে, প্রতিটি কন্যাশিশুর অধিকার রয়েছে সুন্দর শৈশব, শিক্ষা গ্রহণ, বেড়ে ওঠা, নিজের সিদ্ধান্ত নেওয়া এবং ভবিষ্যৎ নির্ধারণের। কিন্তু বাল্যবিয়ের কারণে অনেক কন্যাশিশু এসব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি, যেখানে ৩১ শতাংশ কন্যাশিশুর বিয়ে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হয়ে থাকে।

বাল্যবিয়ে কন্যাশিশুর পড়াশোনা বন্ধ করে দিতে পারে, স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে এবং তাদের সহিংসতার মুখে ঠেলে দিতে পারে। এর দীর্ঘমেয়াদি প্রভাব শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে। সামাজিক বিচ্ছিন্নতা, বিষণ্নতা এবং মানসিক অস্থিরতার ঝুঁকিও বৃদ্ধি পায়। জাতিসংঘ জানাচ্ছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণের মধ্যে আত্মক্ষতি রয়েছে।

তবে জাতিসংঘ মনে করে, বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব। গত ২৫ বছরে কন্যাশিশুর শিক্ষায় বিনিয়োগ, আইন সংস্কার এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে আনুমানিক ৬ কোটি ৮০ লাখ বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। কন্যাশিশুর অধিকার সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

বাল্যবিয়ে বন্ধ করার জন্য কন্যাশিশুদের বিদ্যালয়ে ধরে রাখা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার সুযোগ বাড়ানো এবং পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা তৈরি করা অপরিহার্য। এছাড়া ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তন, কন্যাশিশুর নেতৃত্বের বিকাশ এবং তাদের জীবনে প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

জলবায়ু সংকটও কন্যাশিশুদের ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের এ বছরের ‘বিশ্বের কন্যাশিশুদের অবস্থা’ শীর্ষক প্রতিবেদনে পাঁচ হাজার কিশোরী ও তরুণীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে জলবায়ুজনিত দুর্যোগ কিভাবে তাদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা এবং ভবিষ্যৎকে প্রভাবিত করছে, তা বিশ্লেষণ করা হয়েছে। জলবায়ু সংকটের সঙ্গে যৌন সহিংসতা, বাল্যবিয়ে এবং অনিচ্ছাকৃত গর্ভধারণের ঝুঁকির সম্পর্কও আলোচনায় এসেছে।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের পেছনে ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনের উদ্যোগ রয়েছে। ওই সম্মেলনে গৃহীত বেইজিং ঘোষণা নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। পরে ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে।

জাতিসংঘের আহ্বান, কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিয়ে বন্ধে কার্যকর আইন, নীতিমালা এবং বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি কন্যাশিশুদের নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। কন্যাশিশুরা নিরাপদে বেড়ে উঠতে, শিক্ষা পেতে এবং নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

সূত্র: জাতিসংঘ , প্ল্যান ইন্টারন্যাশনাল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির কিং খালিদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


সৌদির কিং খালিদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও একটি ভয়াবহ হামলা সংঘটিত করেছে হুতিরা। এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।

রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স ও এএফপির পৃথক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিন ভোরে সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, শনিবার গভীর রাতে সংঘটিত হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং একজন করে মার্কিন, মিশরীয়, জর্ডানীয়, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় অনেক সম্পদের ক্ষতি হয়েছে।

এই হামলার পরপরই দায় স্বীকার করেছে হুতিরা। ইরান-সমর্থিত গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ইয়েমেনে সৌদি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, সৌদি হামলায় বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে।

চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর এটি তৃতীয় হামলা। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ইয়েমেনে হুতির বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ‘প্রচলিত আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, এই সন্ত্রাসী হামলার জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে।’

আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরেকটি ঘটনার কথা উল্লেখ করে জানান, ‘দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

সৌদি আরবে হুতির হামলার, বিশেষ করে কিং খালিদ বিমানবন্দরে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নিন্দা জানিয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার একই বিমানবন্দরে হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হন, যাদের মধ্যে একজন পাইলট ছিলেন।

হুতিরা আগেই বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা দিয়েছে। তাদের দাবি, পবিত্র মক্কা ও মদিনার ওপর দিয়ে চলাচল ছাড়া সৌদি আকাশসীমায় পরিচালিত যেকোনো বিমান হামলার লক্ষ্যবস্তু হবে।

সর্বশেষ হামলার পর সৌদি আরবে অবস্থানরত নিজ নিজ নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডাসহ বিভিন্ন দেশের দূতাবাস।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দূতাবাস বিমানবন্দরে ‘গুরুতর একটি ঘটনা’ ঘটেছে বলে নাগরিকদের সতর্ক করেছে। কানাডার দূতাবাস রিয়াদে থাকা নাগরিকদের বিমানবন্দরে সব ধরনের যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সেখানে ‘চলমান সামরিক তৎপরতার’ কথা উল্লেখ করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবারের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তারা হুতিদের এই হামলাকে ‘অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ হিসেবে বিবেচনা করছে। জর্ডান ও ওমানও রিয়াদের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও অন্যান্য বেসামরিক স্থাপনায় হুতির হামলার কঠোর নিন্দা জানিয়েছে জাপানের দূতাবাসও। ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ।

হামলার খবর পাওয়ার পর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি হামলায় ওয়াশিংটন যোগ দেয়ার পরিকল্পনা করছে কি না।

জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমরা যোগ দিতেও পারি। বিষয়টি আমরা বিবেচনা করব। সর্বশেষ হামলার খবর আমরা মাত্রই পেয়েছি, তাই সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে

আন্তর্জাতিক বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে ভিয়রিয়ালের বিরুদ্ধে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ৭২তম মিনিটে নাথান সালিবার চুল টেনে সরাসরি লাল কার্ড দেখেন। তবে ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম গোল করে দলকে জয় এনে দেন।

শনিবার (১১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ভিয়রিয়ালকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

ম্যাচের শুরুতে প্রথম সুযোগটি ভিয়ারিয়ালের হাতে আসে। পাপে গুয়ে গোলপোস্টের বাইরে শট নেন। কিন্তু কিলিয়ান এমবাপে রিয়ালকে এগিয়ে দেওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি করেন, যদিও গোলপোস্ট তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। আলবার্তো মোলেইরো ও রেনাতো ভেইগা সুযোগ তৈরি করলে ভিয়ারিয়াল আবারও রিয়ালকে হুমকি দেয়।

এর আগে এমবাপ্পের একটি প্রচেষ্টা পিটার গুলাকসি রুখে দেন। পরে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের কর্নার থেকে ইব্রাহিম কোনাতে হেড করে বল গোলবারের ওপর দিয়ে মারেন। এরপর আর্দা গুলার লক্ষ্যভ্রষ্ট শট নেন।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে দিওমান্দে একটি গোলের সুযোগ নষ্ট করেন। এরপর ভিয়ারিয়াল ফের আধিপত্য বিস্তার করতে শুরু করে। মোলেইরো জাল খুঁজে পাওয়ার কাছাকাছি ছিলেন। পরে থিবো কোর্তোয়া দ্রুত প্রতিক্রিয়া দেখালে গুয়ের একটি ডিফ্লেক্টেড শট জালে পৌঁছাতে পারেনি।

গুয়ে কিছুক্ষণ পর আরেকটি সুযোগ পান, কিন্তু কোর্তোয়াও আবার বাধা দেন। এক ঘণ্টার ঠিক পরেই স্বাগতিকদের একটি আক্রমণ আংশিকভাবে ক্লিয়ার করে ভিয়ারিয়াল। বল ডানদিকে ফেদেরিকো ভালভার্দের কাছে পৌঁছায়। উরুগুয়ান চ্যালেঞ্জ সামলে পায়ের দারুণ কাজ দেখিয়ে ভেতরে ঢোকেন এবং দিওমান্দেকে গোলের সামনে বল দেন।

নিচু শটে দূরের কোণা দিয়ে জাল কাঁপিয়ে ক্লাবের হয়ে প্রথম গোল করেন দিওমান্দে। প্রথমে গোলটি অফসাইডে বাতিল হলেও ভিএআরে গোল দেওয়া হয়। রিয়াল আরও চাপ তৈরি করে। ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে আক্রমণে যান এমবাপ্পে। কিন্তু গুলাকসি তাকে ফিরিয়ে দেন।

৭২তম মিনিটে বার্নাব্যুতে ভিনি নিজের দলকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। জুড বেলিংহামের বাড়ানো বলে জাল কাঁপিয়ে বুনো উদযাপনে মাতেন ভিনিসিয়ুস। তার গোল দেখে উত্তেজনায় মাঠে ঢুকে পড়েছিলেন কোচ হোসে মরিনিও।

কিন্তু ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়। কারণ গোলটি তৈরির সময় ভিনিসিয়ুস প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে ধরেছিলেন। ভিএআর পর্যালোচনার পর মাঠের মাঝখানে ভিনিসিয়ুসের চুল টেনে ধরার বিষয়টি নজরে আসে এবং উদযাপন হতাশায় রূপ নেয়।

রিয়ালের সেই হতাশা ক্ষোভে পরিণত হয়। ফলে শেষ কয়েক মিনিটে তাদের চার খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। শেষ দিকে বদলি নামা কার্লোস রোমেরো ও জেরার্ড মোরেনোকে প্রত্যাখ্যাত করতে সতর্ক থাকতে হয়েছিল কোর্তোয়াকে।

এভাবে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে রিয়াল। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। অ্যাতলেটিকো মাদ্রিদ এক পয়েন্টে এগিয়ে রয়েছে এবং বার্সেলোনা তাদের ঠিক মাঝে অবস্থান করছে। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়, সভাপতিত্ব করবেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়, সভাপতিত্ব করবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় দলের সভা ডেকেছেন, যদিও সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সভায় দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

সাধারণভাবে সংসদের অধিবেশন শুরু হওয়ার দু–এক দিন আগে বা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবারের সভা সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%