প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজির মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কাইরন পোলার্ড, যিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
পোলার্ড শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন। জয়াবর্ধন সম্প্রতি মুম্বাইয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান।
২০১০ সালে পোলার্ড প্রথমবার মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে নামেন। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে তার সর্বশেষ খেলার পর তিনি আইপিএল থেকে অবসর গ্রহণ করেন। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পর পোলার্ড একই দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন। ২০২৩ সাল থেকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন এই ডান-হাতি ক্রিকেটার।
মুম্বাই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল এবং ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অর্জন করে। পোলার্ড মুম্বাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইপিএলে মুম্বাইয়ের হয়ে তিনি ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান সংগ্রহ করেছেন। পাশাপাশি, এই মিডিয়াম পেসার বল হাতে ৬৯ উইকেট শিকার করেন।
মুম্বাইয়ের কোচের দায়িত্ব পেয়ে পোলার্ড অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের ব্যাপার। আমার জীবন ও কর্মজীবনের একটি বিশাল অংশ জুড়ে আছে মুম্বাই। এই দল-ক্রিকেটার ও সবার সাথে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক বেশি মূল্যবান।’
তিনি আরও যোগ করেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিটি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সাথে নিবিড়ভাবে কাজ করতে আমি মুখিয়ে আছি। দলের ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং দলের প্রতিভা বিকাশে অবদান রাখতে হবে।’
মুম্বাইয়ের স্বত্বাধিকারী নিতা আম্বানি পোলার্ডের হাত ধরে মুম্বাই আবারও শিরোপার স্বাদ নিবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘২২ বছর বয়সে পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। গত ১৬ বছরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ক্রিকেটার হিসেবে আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন পোলার্ড।’
নিতা আম্বানি আরও বলেন, ‘প্রধান কোচ হিসেবে পোলার্ড নতুন দায়িত্ব গ্রহণ করায় আমরা আনন্দিত। মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কি এবং এই দলের হয়ে খেলতে কি করতে হয়, এসবই জানে সে। আমি নিশ্চিত, কোচের ভূমিকাতেও নিজের নিষ্ঠা, বিশ্বাস এবং দৃঢ় সংকল্প বজায় রাখবে সে। দলকে পরের ধাপে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তার সাফল্য কামনা করছি।’
পোলার্ড আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের হয়ে দায়িত্ব পালন শুরু করবেন। আগামী মৌসুমের নিলামের আগে তিনি মুম্বাইয়ে খেলোয়াড় ধরে রাখার তালিকা চূড়ান্ত করবেন। প্রায় এক মাস পর গোয়ায় আইপিএলের নিলামে দল সাজানোর কাজে বড় ভূমিকা রাখবেন ৩৯ বছর বয়সী পোলার্ড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন