ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ করলো বার্সেলোনা


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ করলো বার্সেলোনা

বার্সেলোনা লা লিগায় অসাধারণ ফর্মে রয়েছে। কাতালান জায়ান্টরা টানা ৯ ম্যাচে জয়লাভ করে ৫৮ বছর পর রিয়াল মাদ্রিদের রেকর্ড স্পর্শ করেছে। বর্তমান চ্যাম্পিয়নরা সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে পরাজিত করেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে, ইয়ামাল ১০ মিনিটেরও কম সময়ে ২০ গজ দূর থেকে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে গোল করেন। বার্সেলোনা বল দখলে আধিপত্য বজায় রাখলেও ২৭তম মিনিটে বেতিস সমতা ফেরায়।

সফরকারীরা একটি কর্নার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পাবলো ফোরনালসের ক্রস থেকে ভ্যালেন্তিন গোমেজ হেড করে গোল করেন। ইয়ামাল করিম আদেয়েমিকে বল বাড়িয়ে দেন, কিন্তু আলভারো ভালেসের দুর্দান্ত হাতে তিনি গোল করতে পারেননি।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

অন্যদিকে, হেক্টর বেলেরিনের শট দুর্দান্তভাবে রক্ষা করেন জোয়ান গার্সিয়া। বিরতির চার মিনিট আগে, কর্নার থেকে বার্সেলোনা এগিয়ে যায়। ভালেসের দ্বিধার সুযোগ নিয়ে রদ্রি গোল করেন। দুই মিনিট পর বেতিস সমতা ফেরালেও গোলটি বাতিল হয়ে যায়।

জিওভানি লু সেলসো বাঁ পায়ের ভলিতে বক্সের বাইরে থেকে গোল করেন, কিন্তু গোলটি বিল্ডআপের সময় হ্যান্ডবলের কারণে বাতিল হয়।

বিরতির পর আরও সুযোগ তৈরি হতে থাকে। ইয়ামালের ক্রস থেকে জেসুসের একটি শট সূক্ষ্ম অফসাইডের কারণে গোলের সুযোগ হাতছাড়া হয়। তবে বার্সেলোনা ৫১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায়। দুই মিনিট পর, অফসাইডের ফাঁদে এগিয়ে এজ্জালজুলি ব্যবধান কমান। কিছুক্ষণ পর ইয়ামালকে গুঁতো দিয়ে লাল কার্ড দেখান বার্নাল।

এই বুকিংয়ের খেসারত দিতে হয়েছে বেতিসকে। বার্সেলোনা ফের দুই গোলের লিড নেয়। ৬২তম মিনিটে পাউ কুবার্সির ক্রস ভালেসকে ফাঁকি দিয়ে বদলি নামা গার্সিয়া গোল করেন। বদলি নেমে অ্যান্থনি গর্ডন গোলের খুব কাছে ছিলেন।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

৮১তম মিনিটে ওলমো পঞ্চম গোলের দেখা পান। ৯ ম্যাচে এটি ছিল বার্সেলোনার ৩৯তম গোল। এই জয়ের মাধ্যমে হান্সি ফ্লিকের দল ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়ালের গড়া রেকর্ডে ভাগ বসিয়েছে।

বর্তমানে বার্সেলোনা ৯ জয় নিয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের (২২) চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেতিস রয়েছে। বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পেছনে রিয়াল (১৮) অবস্থান করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

এই তথ্যটি শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে লিংক প্রেরণের শেষ সময় ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা ৫ নভেম্বর মুদ্রণপূর্বক প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ করা হবে ২৪ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ২৫ নভেম্বর।

এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘এই কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহ্বান জানিয়ে মসজিদ/মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম/পুরোহিতগণের মাধ্যমে নামাজ/প্রার্থনার আগে বা পরে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্ব যুব দিবস: গণতন্ত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


আজ বিশ্ব যুব দিবস: গণতন্ত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা

আজ ১৮ অক্টোবর, গণতন্ত্রের জন্য বিশ্ব যুব দিবস (World Youth Day for Democracy) উদযাপন করা হচ্ছে। প্রতিবছর এই দিবসটি তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার জন্য পালন করা হয়, যা গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসনকে শক্তিশালী করতে সহায়ক। তরুণদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি করা এবং রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, দিবসটির মূল উদ্দেশ্য।

বিশ্ব গণতন্ত্র আন্দোলনের সহযোগী সংগঠন বিশ্ব গণতন্ত্রে যুব আন্দোলনের উদ্যোগের সঙ্গে এই দিবসটি যুক্ত রয়েছে। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত বিশ্ব গণতন্ত্র আন্দোলনের তৃতীয় সম্মেলনে আন্তর্জাতিক তরুণ গণতন্ত্রকর্মী ও মানবাধিকারকর্মীদের উদ্যোগে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে আলোচনা সভা, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে গণতন্ত্রের নতুন ধারণা, তরুণদের দৃষ্টিভঙ্গি এবং গণতান্ত্রিক চর্চার উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে।

গণতন্ত্রের পক্ষে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মতে, তরুণেরা কেবল ভবিষ্যতের নেতা নন, বরং তাঁরা বর্তমানে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তরুণদের সামনে যেসব বাধা

গণতন্ত্রে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর পথে দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষার সীমিত সুযোগ এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার সুযোগের অভাব বড় বাধা হিসেবে চিহ্নিত হচ্ছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোতে এসব সমস্যা তরুণদের সম্ভাবনা বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

গণতন্ত্রবিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিউনিটি অব ডেমোক্রেসিজের মহাসচিব টমাস ই. গ্যারেট এক বিবৃতিতে উল্লেখ করেন, বিশ্বের অনেক তরুণ তাদের সরকার ও রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারের উচিত তরুণদের প্রত্যাশা বোঝা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করা।

তিনি বলেন, তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন, অংশগ্রহণের সুযোগ তৈরি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবেশের বাধা কমানো জরুরি। এর ফলে সহিংস উগ্রবাদ ছড়িয়ে পড়ার পেছনে থাকা কিছু কারণ মোকাবিলা করাও সহজ হতে পারে।

গণতন্ত্র ও নিরাপত্তাবিষয়ক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেসব দেশে রাষ্ট্র পরিচালনায় তরুণদের অংশগ্রহণ কম এবং তাদের ক্ষমতায়নে কার্যকর কর্মসূচির অভাব রয়েছে, সেসব দেশে তরুণদের মধ্যে উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত হওয়ার ঝুঁকি বেশি দেখা যায়। প্রতিবেদনে তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সর্বজনীন মানবাধিকারের মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালনায় তাদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বছরের দিবসের প্রতিপাদ্য—‘এখনই তরুণদের সময়’। এই প্রতিপাদ্যের মাধ্যমে বোঝানো হয়েছে, তরুণদের কেবল ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে দেখার সুযোগ নেই; বর্তমানেও গণতন্ত্র ও সমাজের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বিশ্ব গণতন্ত্রে যুব আন্দোলন তরুণ কর্মীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগের সুযোগ তৈরি করে। পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীন গণমাধ্যমের মতো মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শক্তিশালী করতেও কাজ করে সংগঠনটি।

বিশ্ব গণতন্ত্রে যুব দিবসের মূল বার্তা হলো—গণতন্ত্রকে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে তরুণদের মতামত, অধিকার ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। তরুণদের জন্য সুযোগ তৈরি করা এবং রাষ্ট্র পরিচালনায় তাদের যুক্ত করা এখনই জরুরি।

সূত্র: কমিউনিটি অফ ডেমোক্রেসি , ইন্টারন্যাশনাল ডেইজ , উইকিপিডিয়া

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অপূর্ব গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অপূর্ব গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অপূর্ব (২৪) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর উপজেলা থেকে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অপূর্ব দুর্গাপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আলিফ হত্যার ঘটনা বিশেষ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলায় তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তরা গুলি করে আলিফকে হত্যা করে।

এ ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আনন্দিতা সাংমা দুর্গাপুর থানায় অজ্ঞাত ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন, যেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন।

তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে অবস্থিত। তিনি দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং তার চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইতিহাস, ইন্টার মায়ামির জয় ৩-১

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইতিহাস, ইন্টার মায়ামির জয় ৩-১

মেজর লিগ সকারের (এমএলএস) আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে লিওনেল মেসি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫ গোলে অ্যাসিস্ট করার কৃতিত্ব অর্জন করেছেন।

রোববার (১৮ অক্টোবর) আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে সফরকারী মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মহাতারকা মেসি জোড়া গোল করে ব্যবধান তিনগুণ করেন।

শেষের দিকে পেনাল্টিতে পাওয়া গোলে স্বাগতিক আটালান্টা ব্যবধান কমায়। ম্যাচের পুরো সময় জুড়ে ক্রিস্টিয়ান গঞ্জালেসের দলের ওপর আধিপত্য ছিল। পেশাদার ক্যারিয়ারে মেসির গোলের সংখ্যা এখন ৯৩৬। চলমান এমএলএসে তার ২৫তম গোলের মাধ্যমে তিনি গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার শীর্ষে রয়েছেন। পাশাপাশি তিনি ১৫টি অ্যাসিস্টও করেছেন।

এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫টি অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন মেসি। তবে চলতি মৌসুমে তার সমান অ্যাসিস্ট রয়েছে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের।

গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। তিনি এবং জোসেফ মার্টিনেজই লিগের ইতিহাসে দুই মৌসুমে কমপক্ষে ২৫টি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। আলবিসেলেস্তে মহাতারকার মোট অবদান ৪০ গোল।

২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসি-র কার্লোস ভেলার গড়া রেকর্ড (৪৯ গোলে অবদান) থেকে মেসির অবদান ৯টি কম। তবে মায়ামি অধিনায়কের হাতে এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে।

আটালান্টার বিপক্ষে প্রথমার্ধে একটি গোলে সহায়তা করার পর, দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৫৬ ও ৬০তম মিনিটে তিনি চলতি লিগ মৌসুমের ২৪তম ও ২৫তম গোলটি করেন। উভয় গোলেই সহায়তা করেন জেরেমি বার্তেরামে এবং মেসির দ্বিতীয় গোলের সময় লুইস সুয়ারেজেরও অবদান ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%