০৩:২৫ পি.এম
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অপূর্ব (২৪) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর উপজেলা থেকে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অপূর্ব দুর্গাপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আলিফ হত্যার ঘটনা বিশেষ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এর আগে, গত বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলায় তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তরা গুলি করে আলিফকে হত্যা করে।
এ ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আনন্দিতা সাংমা দুর্গাপুর থানায় অজ্ঞাত ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন, যেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন।
তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে অবস্থিত। তিনি দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং তার চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন