ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘একাডেমিক পূর্ণতা পায়’


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘একাডেমিক পূর্ণতা পায়’

আবু মোশাররফ রাসেল

চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের তিন মেয়াদে এই প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে।

এই সময়ে ভাষা ও প্রশাসন শিক্ষা থেকে আইন, সাংবাদিকতা ও আধুনিক জীববিজ্ঞান—উচ্চশিক্ষার পরিসর বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ আকাঙ্ক্ষার এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন শিক্ষাক্ষেত্র।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা ও লোক প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিভাগ চালু হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একমাত্র বিশেষায়িত যাতায়াত ব্যবস্থা ‘শাটল ট্রেনের’ লাইনও নির্মিত হয়েছিল।

একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠনে নানা চ্যালেঞ্জের পরেও শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আগামীকাল ১৮ নভেম্বর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্‌যাপন করতে যাচ্ছে ‘হীরকজয়ন্তী’ উৎসব। ছয় দশকে বিশ্ববিদ্যালয়টি পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে।

এই দীর্ঘ পথচলার মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের এমন এক অধ্যায় ফিরে দেখা হচ্ছে; যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিন মেয়াদে নতুন বিভাগ, গবেষণার ক্ষেত্র ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা যুক্ত হয়েছিল।

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ‘আরবি’ ও ‘ফারসি’ ভাষা বিভাগ। এর মাধ্যমে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার একটি নতুন ক্ষেত্র তৈরি হয়।

এরপর ১৯৮০ সালে চালু হয় ‘লোকপ্রশাসন বিভাগ’। রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও জনসেবা ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে বিভাগটি।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে লোকপ্রশাসন বিভাগের যাত্রা ছিল সময়োপযোগী সংযোজন।

নব্বইয়ের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তারে নতুন মাত্রা যোগ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের সময়ে।

আরও পড়ুন: কর্মকাণ্ডেই দেশে-বিদেশে ঘৃণিত হওয়ার প্রমাণ দিয়েছে পলাতক অপশক্তি: মাহদী আমিন

১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় আইন বিভাগ। এর মধ্য দিয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। আইন, বিচারব্যবস্থা, সংবিধান ও নাগরিক অধিকার নিয়ে উচ্চতর জ্ঞানচর্চার জন্য বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।

১৯৯৩ সালে চালু হয় ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি কমপ্লেক্স’ (বর্তমানে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স)। দেশের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল তখনই।

১৯৯৪ সালে চালু হয় ‘যোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগ। গণমাধ্যমের বিস্তার এবং সংবাদপেশায় দক্ষ জনবলের প্রয়োজনীয়তা বাড়ার সময়ে এ বিভাগ প্রতিষ্ঠা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন। সাংবাদিকতা, গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়।

আইন ও সাংবাদিকতা—দুটি ভিন্ন পেশাভিত্তিক শিক্ষাক্ষেত্র যুক্ত হওয়ার মধ্য দিয়ে এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর আরও বহুমুখী হয়ে ওঠে।

আরও পড়ুন: জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষায় যুক্ত হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো নতুন ক্ষেত্র। ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি’ বিভাগ। ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। জীববিজ্ঞানের আধুনিক শাখা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি কৃষি, চিকিৎসা, খাদ্য উৎপাদন, পরিবেশ ও শিল্পসহ নানা ক্ষেত্রে গবেষণার সম্ভাবনা তৈরি করেছে।

একই মেয়াদে শিক্ষা বিষয়ে উচ্চতর পাঠদান ও গবেষণার জন্য ইনস্টিটিউট অব এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার প্রাতিষ্ঠানিক উদ্যোগও এগিয়ে যায়। ২০০৫ সালের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ইনস্টিটিউটটির সংবিধি অনুমোদিত হয়।

শিক্ষক, শিক্ষা, শিক্ষা গবেষণা ও বিএডি, শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরসহ উচ্চতর ডিগ্রি কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির পরিকল্পনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বিশেষায়িত ও গবেষণামুখী করার ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর ক্ষেত্রেও বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে উল্লেখযোগ্য সংযোজন ঘটে। নির্মিত হয় ৫০৯ কক্ষের ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল’।

আরও পড়ুন: চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিযানে ৩০ অবৈধ দোকান উচ্ছেদ

সেই সময় বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতেন। অথচ চালু আটটি হলে আবাসনের সুযোগ ছিল মাত্র ৩ হাজার ৭৪৪ জনের। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে শহরে কিংবা বিভিন্ন কটেজ ও মেসে থেকে প্রতিদিন ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস করতে হতো। বিশেষ করে ছাত্রীদের আবাসনসংকট ছিল আরও প্রকট। এমন পরিস্থিতিতে নতুন ছাত্রী হল নির্মাণ বিশ্ববিদ্যালয়ের আবাসিক অবকাঠামোয় বড় সংযোজন হিসেবে বিবেচিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বাসসকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ও অবকাঠামোগত পূর্ণতা পেয়েছিল।’

তিনি বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত বেশ কষ্টসাধ্য ছিল। শিক্ষার্থীরা নাজিরহাটের ট্রেনে উঠত এবং তাদের ফতেয়াবাদে নামিয়ে দেওয়া হতো। ১৯৮০ সালের দিকে জিয়াউর রহমানের সরকার বিশ্ববিদ্যালয় পর্যন্ত ট্রেন লাইন নির্মাণ এবং বিশেষায়িত যাতায়াত ব্যবস্থা ‘শাটল ট্রেন’ চালু করে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগান্তকারী সংযোজন।

ড. আল-আমীন আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স চালু ছিল আরেকটি মাইলফলক। তিনি সে সময়ে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এফএও, ইউএনডিপি ও বিশ্বব্যাংকের সহায়তায় বিদেশ থেকে প্রায় সাতজন শিক্ষক নিয়োগ দেন। এটি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়; বাংলাদেশের বনবিদ্যা শিক্ষার ক্ষেত্রেও একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে আমিনুল হক হলুদ প্যানেল থেকে বিজয়ী

বেগম খালেদা জিয়ার আরেকটি ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় সম্মাননা প্রদানের ক্ষেত্রে তিনি দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তির যোগ্যতা, খ্যাতি ও কর্মকে বেশি গুরুত্ব দিতেন। যাঁর যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে তা দিতে তিনি কার্পণ্য করতেন না। এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা।’

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ একাংশ) আসনের জাতীয় সংসদ সদস্য, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাসসকে বলেন, বিএনপি সব সময় চট্টগ্রামকে দেশের উন্নয়নের অগ্রভাগে রাখার চেষ্টা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামকে ঘিরে যে উন্নয়নচিন্তা ও সম্ভাবনা সামনে এনেছিলেন, বেগম খালেদা জিয়ার সরকার সেই ধারা সমান্তরালে এগিয়ে নিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে চট্টগ্রামকে এগিয়ে রাখছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন সেই বৃহত্তর মনোযোগেরই একটি উদাহরণ। এ অঞ্চলের মানুষের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্ক ছিল গভীর। চট্টগ্রামের মানুষ বরাবরই জিয়া পরিবারের প্রধান শুভানুধ্যায়ী।

মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু এই অঞ্চলের নয়, পুরো দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হোক।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। কয়েকদিন ধরেই ক্যাম্পাসে চলছে উৎসবের আমেজ।

ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ক্যাম্পাসের চাকসু ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, নারী হলপাড়া, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর ও জিরোপয়েন্টসহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় আঙিনা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে।

তিনি বলেন, ‘এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।’

প্রসঙ্গত, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট ও ১০টি অনুষদ রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ২৭ হাজারের বেশি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে আজ

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে।

এই তথ্যটি নিশ্চিত করেছেন উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান।

তিনি উল্লেখ করেছেন যে, পরীক্ষামূলক সংযোগের পর গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে। যদি সবকিছু সঠিক থাকে, তাহলে ২১ নভেম্বর চূড়ান্তভাবে গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উৎপাদন ধীরে ধীরে বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।

পূর্ণ সক্ষমতায় প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে, এই বিষয়টি তিনি জানান।

যদি রূপপুরের দুটি ইউনিট সম্পূর্ণরূপে চালু হয়, তাহলে এই উৎস থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের নতুন হামলা, যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের নতুন হামলা, যান চলাচল বন্ধ

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে রুশ হামলার পরের দিন, রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কের্চ সেতুতে ইউক্রেন আবারও হামলা চালিয়েছে। হামলার ফলে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কিয়েভের বিভিন্ন স্থানে রুশ হামলায় বিদ্যুৎ অবকাঠামো, পানি এবং তাপ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ মঙ্গলবার জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে হামলা চালিয়েছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগের দিন, সোমবার, ইউক্রেনের একটি ড্রোন সেতুটির একটি খিলানে আঘাত হানে।

কের্চ সেতু ২০১৪ সালে রাশিয়ার দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইউক্রেনের দাবি, সামরিক দিক থেকে সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। এর আগে অন্তত দুবার কিয়েভ সেতুটিকে ধ্বংস করার চেষ্টা করেছে।

সোমবার রাতে কিয়েভের উত্তর এবং দক্ষিণ সেতুতে রুশ বাহিনী হামলা চালায়। ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পানি ও গরম পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সোমবার মধ্যরাতের কিছু আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিৎসকো এসব তথ্য জানান। এর কিছুক্ষণ আগে, ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। হামলার পর শহরে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলা-বরিশাল সেতুর অভাবে আটকে আছে ভোলার উন্নয়ন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


ভোলা-বরিশাল সেতুর অভাবে আটকে আছে ভোলার উন্নয়ন সম্ভাবনা

ভোলার সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার দাবি দীর্ঘকাল ধরে রয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দ্বীপজেলা ভোলাকে সড়কপথে সংযুক্ত করার লক্ষ্যে ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই ২০২৪ সালে সম্পন্ন হয়েছে। রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা মহাসড়ক নির্মাণের ঘোষণা এসেছে। তবে প্রকল্পগুলোর বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি এখনো হয়নি। ভোলার বাসিন্দাদের মতে, সেতু ও সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণ হলে জেলার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ বৃদ্ধি পাবে।

ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ২০২৪ সালে শেষ করে সেতু বিভাগ। বরিশালের লাহারহাট থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে প্রস্তাবিত সেতু নিয়ে ভোলায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে সেতু কর্তৃপক্ষ। তবে এরপর প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা’ রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণা দেন। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এ প্রকল্পে নতুন করে সাড়ে ২১ কিলোমিটার সড়ক নির্মাণ এবং পুরনো সড়ক প্রশস্ত করার প্রস্তাব রয়েছে। এছাড়া ভোলার ইলিশা চ্যানেলে ১ হাজার ৪০০ মিটার, হিজলা ও মেহেন্দীগঞ্জের মাঝকাটা এলাকায় ১ হাজার ৩০০ মিটার এবং ৩০০ মিটার দীর্ঘ তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত সড়ক যোগাযোগব্যবস্থা বাস্তবায়ন হলে ভোলা থেকে শরীয়তপুর ও ঘোষেরহাট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াতের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের মাধ্যমে শিগগির কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এ নিয়ে অংশীজনদের সঙ্গে স্থানীয় প্রশাসন মতবিনিময় করেছে। তবে ভোলার বাসিন্দারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গণস্বাক্ষর অভিযান শুরু করেছেন তারা। ‘আমরা ভোলাবাসী’র সদস্যসচিব মীর মোশারেফ অমি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের সমাবেশে ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সংসদে সেতুমন্ত্রীও শিগগির কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। কিন্তু নির্মাণকাজের দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকল্পটির বর্তমান অবস্থা সম্পর্কেও স্পষ্টভাবে কিছু জানি না। এই কারণে সেতু নির্মাণের দাবিতে আবারও ভোলাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে পাচারের চেষ্টা, ৫ যুবক উদ্ধার করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


টেকনাফে পাচারের চেষ্টা, ৫ যুবক উদ্ধার করেছে বিজিবি

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলাকালীন পাঁচ যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারচক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন, ‘কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহাম্মদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে মো. রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহাম্মেদের ছেলে মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. রিদুয়ান মিয়া (১৯)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে।

এই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকাকে ঘাটের দিকে আসতে দেখে টহল দল সেটিকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। একইসঙ্গে সমুদ্রতীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ব্যক্তিরা নিশ্চিত করেন যে, তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%