ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা


গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা

ব্যবহারকারীদের অবস্থান সংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের কারণে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন, যা ইউরোপীয় ইউনিয়নের প্রধান তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, সোমবার এই তথ্য প্রকাশ করেছে।

আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে গুগলের তিনটি ফিচার — ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি এবং লোকেশন অ্যাকিউরিসি ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ইউরোপের তথ্য সুরক্ষা আইন, জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) লঙ্ঘন করেছে।

জিডিপিআর কার্যকর হওয়ার পর, বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ইউরোপীয় কার্যক্রম আয়ারল্যান্ডে অবস্থিত হওয়ায় দেশটির ডিপিসি এসব প্রতিষ্ঠানের প্রধান ইইউ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পায়। এরপর থেকে সংস্থাটি চার বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করেছে। গুগলকে দেওয়া ৪০৩ মিলিয়ন ইউরোর জরিমানাটি ডিপিসির দেওয়া চতুর্থ সর্বোচ্চ জরিমানা হিসেবে চিহ্নিত হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

এছাড়া, গুগলের তথ্য প্রক্রিয়াকরণে ছয় মাসের মধ্যে জিডিপিআরের সঙ্গে সামঞ্জস্য করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়ে রয়টার্সের অনুরোধে গুগল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ডিপিসির ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে উল্লেখ করেছেন, গুগলের এই ব্যর্থতার কারণে ব্যক্তিরা হয়তো অবগত হননি যে, তাদের অবস্থান সংক্রান্ত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রভাবিত করা হচ্ছে অথবা তাদের আগ্রহ সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে। এর ফলে, তারা নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণও হারাতে পারেন।

প্রয়োজনের তুলনায় অধিক সময় ধরে ব্যবহারকারীদের অবস্থান সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার কারণে এই নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে। ইউরোপের কয়েকটি ভোক্তা অধিকার সংগঠন, যার মধ্যে প্যান-ইউরোপীয় ভোক্তা সংগঠন বিইইউসিও অন্তর্ভুক্ত, গুগলের অবস্থান সংক্রান্ত তথ্য ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ করার পর ২০২০ সালে ডিপিসি এই তদন্ত শুরু করে।

অভিযোগের মধ্যে ছিল ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নামের অ্যাকাউন্ট সেটিংয়ে গুগলের অবস্থান সংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের বৈধতা ও ন্যায্যতা। এই সেটিং গুগলের বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের কার্যকলাপ-সংক্রান্ত তথ্য প্রক্রিয়া করে। এছাড়া, লোকেশন হিস্ট্রিও তদন্তের আওতায় ছিল। জানা যায়, মোবাইল ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থান অনুসরণ করা হয়।

আরও পড়ুন: ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না নির্দিষ্ট শর্ত পূরণ না করা ব্যবহারকারীরা

ডিপিসি আরও জানায়, গুগলের বিরুদ্ধে আরও তিনটি বিধিবদ্ধ তদন্ত চলমান রয়েছে এবং সেগুলোও অগ্রসর পর্যায় রয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলায় মালিকপক্ষের নাম নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


আশুলিয়ায় বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলায় মালিকপক্ষের নাম নেই

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার আসামি তালিকায় প্রীতি গ্রুপের মালিকপক্ষের কেউ অন্তর্ভুক্ত হয়নি। আসামি হিসেবে কারখানার জিএম, এজিএম, প্রকৌশলী এবং কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করা হয়েছে।

এজাহারের তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ায় প্রীতি গার্মেন্টস ফ্যাক্টরির এলপিজি প্ল্যান্ট এলাকায় বিপজ্জনকভাবে রাখা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে বিস্ফোরণের ফলে কারখানার ভেতর ও আশপাশে ছিটকে পড়া সিলিন্ডারের আঘাতে সাতজন প্রাণ হারান। এই ঘটনায় অন্তত ৪০ জন শ্রমিক ও পথচারী গুরুতর দগ্ধ ও আহত হন।

মামলা দায়ের করেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব। মামলার বিবরণীতে আসামিদের মধ্যে রয়েছেন- জিএম মো. সোহেল রানা, এজিএম মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন, প্রকৌশলী মো. রাজীব হোসেন, হেলপার মো. আল আমীন এবং মো. এনামুল। এছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, এই ভয়াবহ দুর্ঘটনায় শীর্ষ ব্যবস্থাপনার দায়িত্ব নিশ্চিত হলেও রাজীব আহমেদ তালুকদারের পরিবারকে বাদ রাখা হয়েছে। প্রীতি গ্রুপের সিইও রাজীব আহমেদ তালুকদার (পিয়াল) কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ‘কাপ-পিরিচ’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মা পারভীন তালুকদার প্রীতি গ্রুপের পরিচালক এবং সহযোগী প্রতিষ্ঠান ‘প্রীতি কম্পোজিট টেক্সটাইল’ ও ‘প্রীতি উলওয়্যার’র ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং ২০০৯ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের (বরিশাল) সংসদ সদস্য ছিলেন। প্রীতি গ্রুপের মূল এমডি হিসেবে রয়েছেন রেজিন আহমেদ তালুকদার।

মামলা দায়েরের পূর্বে প্রীতি গার্মেন্টসের ব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আহত ও নিহতদের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা ও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।" তিনি আরও জানান, রাজীব আহমেদ (পিয়াল) সিইও পদে থাকলেও তিনি গত ৪-৫ বছর ধরে এই প্রজেক্টে নিয়মিত আসেন না এবং প্রকল্পের কার্যক্রম মূলত এমডি রেজিন আহমেদ তালুকদার দেখভাল করেন। কারখানা পরিচালনা ও দায়িত্ব বণ্টন প্রকল্পভিত্তিক আলাদা করা হয়েছে। সিলিন্ডার রিফিল বা সরবরাহের দায়িত্ব থার্ড পার্টি ঠিকাদার প্রতিষ্ঠানের, তাই কারখানার নিজস্ব কোনো সিলিন্ডার তৈরির ব্যবস্থা নেই।

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, "ঘটনায় আশুলিয়া থানায় ৯২ নাম্বার মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে যাদের দায়-দায়িত্বে অবহেলা পাওয়া গেছে, তাদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।" মামলায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তিনি জানান, পরবর্তীতে তদন্তে যাদের গাফিলতি বা অনিয়মের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। তবে মালিকপক্ষের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অন্যদিকে, মালিকপক্ষকে আড়াল করে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, "কোনো কারখানায় দুর্ঘটনা ঘটলে দায়ভার কেবল বেতনভুক্ত সাধারণ কর্মচারীদের ওপর চাপানো অযৌক্তিক। বড় পদে থাকা মালিক কিংবা নির্বাহী পরিচালকদের গাফিলতিতেই এমন দুর্ঘটনা ঘটে।" তিনি আরও বলেন, "যানবাহন দুর্ঘটনা হলে যেমন মালিকের দায় আসে, তেমনি কারখানার অগ্নিকাণ্ডেও মূল দায়িত্ব মালিকপক্ষের। সাধারণ কর্মচারীদের বলির পাঁঠা বানিয়ে মালিকদের আড়াল করা শ্রমিকদের সঙ্গে প্রহসনমূলক আচরণ।"

ঘটনার পর প্রীতি গ্রুপের এমডির ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা সত্ত্বেও তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গত রোববার প্রীতি গ্রুপের এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী লরিতে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় লরির ভেতরে থাকা সিলিন্ডারগুলোতে আগুন ধরে যায় এবং আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। আগুনে লরির ভেতরে ও আশপাশে থাকা ব্যক্তিরা দগ্ধ হন। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকর্মীরা লরির ভেতর ও প্রাঙ্গণ থেকে মারাত্মক দগ্ধ অবস্থায় ৫টি মরদেহ উদ্ধার করেন।

বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে লরি বা সিলিন্ডারের একটি অংশ ২০০ গজ দূরে ছিটকে গিয়ে কাপড়ের দোকানের সামনে বসে থাকা মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) নামের এক নারী পথচারীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া দগ্ধ ও গুরুতর আহত অন্তত ২৬ জনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল হোসেন (৪৫) ও নজরুল ইসলাম (৫২)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ এশিয়ান গেমসে খেলা: ২৩ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


আজ এশিয়ান গেমসে খেলা: ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলায় এশিয়ান গেমসের বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্বাগতিক দেশ জাপান আগামীকাল সকালে আফগানিস্তানের বিরুদ্ধে পুরুষদের ক্রিকেট ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এশিয়ান গেমস

সরাসরি, সকাল ৬টা,

সনি স্পোর্টস ২ ও ৫

এশিয়ান গেমস ক্রিকেট

জাপান-আফগানিস্তান

সরাসরি, আগামীকাল সকাল ৬টা,

সনি স্পোর্টস ১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

আজারবাইজান-তাজিকিস্তান

সরাসরি, রাত ১০টা,

সনি স্পোর্টস ১

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য অব্যাহত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য গত দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বিআরটিএ কর্তৃক অনুমোদিত নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগেই পরিবহন শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছে। নগরীর বিভিন্ন রুটের পাশাপাশি জেলার দূরপাল্লার রুটেও যাত্রীরা অস্বাভাবিক ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

এদিকে, জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এই হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

সংগঠনের মহাসচিব চৌধুরী জাফর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধির ফলে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে এবং এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দামও বাড়বে।

সোমবার রাতে পাঠানো বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি খাতের হিসাব নয়; বরং পণ্য পরিবহন, শিল্প-বাণিজ্য, বাজারমূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের হিসাবটিও বিবেচনা করা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের পণ্য পরিবহন খাতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভারের পরিচালন ব্যয়ের একটি বড় অংশ জ্বালানি তেলের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে জ্বালানির দাম বাড়লে পণ্য পরিবহন ব্যয়ও বাড়বে। পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ ব্যয়ও বাড়বে এবং এর চাপ সাধারণ ভোক্তাদের ওপর পড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রোববার, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। নতুন দরে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারের ওপর ২০ টাকা করে বাড়ানো হয়েছে। রাতের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সোমবার সকাল থেকে চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য শুরু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাগরে মাছ ধরে সংসার চলে না’ চরফ্যাশনের জেলেদের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


‘সাগরে মাছ ধরে সংসার চলে না’ চরফ্যাশনের জেলেদের চ্যালেঞ্জ

‘আগে সাগরে একবার মাছ ধরতে গেলে যে পরিমাণ মাছ পাওয়া যেত, তা দিয়ে তেলের খরচ মিটিয়ে সাত দিন ভালোভাবে সংসার চলতো। কিন্তু এখন হাজার হাজার টাকা ঋণ নিয়ে সাগরে গিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হয়। চাল-ডাল কেনার টাকা তো দূরের কথা, মহাজনের ঋণের সুদ পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না বাজান।’

এই কথাগুলো বলছিলেন চরফ্যাশনের সামরাজ মাছঘাটের প্রবীণ জেলে নুর হোসেন মাঝি, যিনি ক্লান্তির ছাপ ও বুকভরা দীর্ঘশ্বাস নিয়ে কথা বলছিলেন। এই হাহাকার কেবল তার একার নয়, বরং ভোলার দক্ষিণাঞ্চলের উপকূলীয় চরফ্যাশন-মনপুরার মৎস্যজীবীদের জীবনের কঠিন বাস্তবতায় পরিণত হয়েছে।

বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল যাদের সংসার, তারা আজ জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

এখানকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কয়েক হাজার জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। তবে এই পেশায় নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হওয়ায় অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। অনেক জেলে এখন বিকল্প আয়ের পথ খুঁজছেন।

জেলেরা জানিয়েছেন, বিভিন্ন এনজিওর ঋণ ও মহাজনদের দাদন পরিশোধের চাপ, কাঙ্ক্ষিত মাছ না পাওয়া, একের পর এক নিষেধাজ্ঞা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা এ পেশায় আগ্রহ হারাচ্ছেন।

সরেজমিনে জেলেদের সঙ্গে কথা বললে তারা জানান, অতীতে জেলে পেশা দিয়ে সংসার ভালোভাবে চলতো। কিন্তু এখন এ পেশার পাশাপাশি অন্য কাজ না করলে তিনবেলা খাবারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। সাগরে মাছ না থাকায় অনেক সময় লোকসানে পড়তে হচ্ছে। তাই তারা বিকল্প পেশা খুঁজছেন।

উপজেলার চরকুকরি এলাকার জেলে বাবুল মাঝি বলেন, ‘আমি ৪০ বছর ধরে এ পেশায় আছি। আগে তেলের দাম কম ছিল, তখন ভালো লাভ হতো। কিন্তু এখন তেলের দাম চড়া। এতে আমাদের ট্রলার নিয়ে মাছ ধরতে হিমশিম খেতে হচ্ছে। সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না। তাই বাধ্য হয়েই অন্য কাজ করতে হচ্ছে।’

জেলে ফোরকান মিয়া বলেন, ‘সব মালামালের দাম বেড়েছে। চাল, ডাল, তেল, বরফ সবকিছুই কিনতে হয় অধিক দামে। এভাবে জীবন চালানো কষ্টকর। মাছ ধরার সিজন থাকে ৫ মাস। এর মধ্যে আড়াই মাস নিষেধাজ্ঞা থাকে। বাকি আড়াই মাসে ঝড়ঝাপটা ও বৈরি আবহাওয়া থাকে। এখন শুধু জেলে পেশা দিয়ে সংসার চালানোর মতো কোনো উপায় নেই। তাই অন্য পেশা খুঁজছি।’

উপজেলার তেঁতুলিয়া নদীর পাড়ের জেলে আনোয়ার এবং বেতুয়ার মেঘনা নদীর পাড়ের সামরাজ এলাকার জেলে নরুল্লাহ মিয়া বলেন, ‘সাগরে ইলিশ তেমন পাওয়া যায় না। মাঝে মাঝে কিছু ইলিশ ওঠে। কিন্তু আগে সাগরের কিছু পয়েন্টে মাছ পাওয়া যেত। এখন সেসব পয়েন্টেও মাছ নেই। ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রতিকূলতা তো আছেই। এই পেশায় এখন লাভের চেয়ে লোকসান বেশি। সাগর থেকে এসেও আমাদের অন্য কাজ খুঁজতে হয়। তার চেয়ে জেলে পেশা ছেড়ে অন্য পেশায় যাওয়াই ভালো। অন্য পেশায় নিশ্চিত থাকা যায় যে দিন শেষে কিছু হলেও মজুরি পাব।’

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘জলবায়ু পরিবর্তন, দূষণ, দুর্যোগসহ মানবসৃষ্ট নানা কারণে মাছের উৎপাদন কমেছে। এসব কারণে নদী-সাগরের মাছের বিচরণ ও প্রজননের জায়গায় পরিবর্তন ঘটছে। গত কয়েক দশকে জেলেদের তুলনায় মাছের উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় সাগর ও নদ-নদীতে চাপ বেড়েছে। জেলেদের এ পেশার পাশাপাশি আর্থিক স্বচ্ছলতার লক্ষ্যে আমাদের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।’

প্রসঙ্গত, চরফ্যাশন উপজেলায় ৪টি থানায় মোট ৪৩ হাজার ৩শ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্যে জেলে কার্ড পেয়েছেন ২৫ হাজার জেলে। ইলিশের প্রজননকালীন নিষেধাজ্ঞার সময়ে দরিদ্র ৩৫ হাজার ৩শ ৮৬ জেলেকে চাল সহায়তা দেওয়া হয়।

এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২ হাজার জন জেলেকে বিকল্প আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%