১২:৫২ এম
দিনাজপুরের হাকিমপুর থানা মোড়ে পাঁচ ঘণ্টা ধরে অসহায় অবস্থায় অপেক্ষা করা দুই শিশুকে শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাগুরা বটতলী গ্রামে স্থানীয়দের সহযোগিতায় মা ও নানা-নানির সন্ধান পায় হাকিমপুর থানা পুলিশ। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে শিশু দুটিকে তাদের মা ও নানা-নানির জিম্মায় তুলে দেওয়া হয়।
হাকিমপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ওসির নির্দেশনায় এবং স্থানীয়দের সহযোগিতায় শিশু দুটির মা ও নানা-নানির সন্ধান পাই। এরপর তাদের পরিচয় নিশ্চিত করে শিশু দুটিকে নিরাপদে তাদের মা ও নানা-নানির জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘শিশু দুটিকে উদ্ধারের পর সবচেয়ে বড় চিন্তা ছিল তাদের পরিবারের সন্ধান কীভাবে পাওয়া যাবে। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় বাবা ও স্বজনদের খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। শিশু দুটিকে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে সত্যিই স্বস্তি লাগছে। একজন পুলিশ সদস্য হিসেবে এর চেয়ে বড় মানবিক তৃপ্তি আর কী হতে পারে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এর আগে রোববার সকালে হিলি স্থল বন্দরের চার নম্বর গেট সংলগ্ন থানা মোড়ে শিশু দুটিকে তাদের মা রেখে যান। ছোট সন্তানকে কোলে নিয়ে তিনি চলে যান। যাওয়ার সময় শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘থাকো টাকা নিয়ে আসি’। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে না আসায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে পুলিশি তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সন্ধান মিললে শিশু দুটিকে তাদের স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন