বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৮ পি.এম
সৌদি আরবের নিরাপত্তা বৃদ্ধি করতে মিসর কয়েক মাস আগে দেশটিতে সেনা, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে। কায়রো লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিকটেও যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদির প্রতিরক্ষায় সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়ার আগে থেকেই এসব সামরিক কার্যক্রম শুরু হয়েছিল। তবে ইয়েমেনে হুথি সেনাদের বিরুদ্ধে চলমান সংঘাতে মিসর স্থলসেনা পাঠাবে কি না, তা নিয়ে দেশের সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
মিসরের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আই সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, সৌদি আরবে মিসরের মোতায়েন করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহণ বিমান। এছাড়া সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-আমুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনরায় মোতায়েন করা হয়েছে।
মিসরের যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থান নিয়েছে। লোহিত সাগর থেকে এ প্রণালির মাধ্যমে এডেন উপসাগরে প্রবেশ করতে হয়, ফলে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও সুয়েজ খালের নিরাপত্তার জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি আরবে হামলার পর কয়েক মাস আগে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল এবং বর্তমানে সেই উপস্থিতি আরও শক্তিশালী করা হচ্ছে।
এর আগে ১৭ অক্টোবর, সিসি সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজন হলে সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। ২৬ অক্টোবর, পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে এ প্রস্তাব অনুমোদিত হয়।
তবে ইয়েমেনে স্থল অভিযানে অংশ নেওয়ার বিষয়ে মিসরের সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ রয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, সিসি সৌদি অভিযানে সরাসরি অংশ নেওয়ার পক্ষে। তার যুক্তি হলো, লোহিত সাগর, সুয়েজ খাল এবং মিসরের পানিনিরাপত্তা রক্ষায় হুথিদের সামরিক সক্ষমতা দুর্বল করা জরুরি।
এ ক্ষেত্রে সৌদির আর্থিক সহায়তাও কায়রোর বিবেচনায় রয়েছে বলে ওই কর্মকর্তা দাবি করেছেন। সম্প্রতি মিসরের কেন্দ্রীয় ব্যাংকে সৌদির ৫৩০ কোটি ডলারের আমানত আরও এক বছরের জন্য নবায়নের খবর প্রকাশিত হয়েছে। তবে এর সঙ্গে সামরিক সিদ্ধান্তের সরাসরি যোগসূত্রের প্রমাণ নেই।
অন্যদিকে, আরেক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের সশস্ত্র বাহিনী ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যরা ইয়েমেনে স্থল অভিযানে অংশ না নেওয়ার পক্ষে একমত হয়েছেন।
অতীত অভিজ্ঞতাও মিসরের জন্য একটি বড় বিবেচ্য বিষয়। ১৯৬২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হাজার হাজার সেনা পাঠিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের। দীর্ঘ সাত বছরের সেই যুদ্ধে বহু মিসরীয় সেনা নিহত হন।
এবারও ইয়েমেনে স্থলযুদ্ধ এড়িয়ে বিমান ও নৌ অভিযানের মাধ্যমে হুতিদের সামরিক অবকাঠামো দুর্বল করার কৌশল নিতে পারে মিসর। তবে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তার ওপরই নির্ভর করছে কায়রোর পরবর্তী সামরিক সিদ্ধান্ত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, শহরের শিশুদের মতো চরাঞ্চলের অবহেলিত শিশুরাও যেন সমান সুযোগ পায়। তিনি উল্লেখ করেন, শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, আজকের শিশু-কিশোররাই আগামীর সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা পর্যায়ের ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বও তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘শুধু শহরের শিশুরাই নয়, আমাদের চরের অবহেলিত শিশুদেরও এই মঞ্চে নিয়ে আসতে হবে। তারাও যেন সমানতালে এগিয়ে যেতে পারে।’
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার, জাতীয়তাবাদী ওলামাদলের জেলা আহ্বায়ক ডেন্টিস্ট মো. ফজলুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা সালেহ আবদুল্লাহ কাফি, বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মোশাররফ হুসাইন মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক রনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করছে।
পরে রচনা প্রতিযোগিতা, হামদ-নাতসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তানি নাটক ‘দার–ই–নিজাত’-এর কাহিনীতে সম্পর্কের টানাপোড়েন, অবিশ্বাস, মান-অভিমান ও মানসিক যন্ত্রণা এত দিন প্রধান ভূমিকা পালন করেছিল। তবে সময়ের সাথে সাথে নাটকের কাহিনীতে এসেছে পরিবর্তন। এখন নাটকটিতে প্রেম ও রোমান্টিক মুহূর্তের স্থান হয়েছে। বিশেষ করে শেহরিয়ার মুনাওয়ার এবং দুরেফিশান সেলিমের অভিনীত আবু বকর ও জারিয়াব চরিত্রের রসায়ন দর্শকদের মুগ্ধ করে চলেছে। তাদের একান্ত মুহূর্তগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
গত ৬ নভেম্বর প্রচারিত নাটকটির ২৮তম পর্বে দেখা যায়, আবু বকর ও জারিয়াব একসাথে রাতের খাবার খেতে বাইরে গেছেন। খাবার টেবিলে তাদের হাসি, মজার কথাবার্তা এবং খুনসুটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। বিশেষ করে একই বাটি থেকে নুডলস খাওয়ার দৃশ্যটি নিয়ে বেশ আলোচনা চলছে। খুব সাধারণ একটি ঘটনাকে পর্দায় কীভাবে সুন্দর রোমান্টিক মুহূর্তে রূপান্তরিত করা যায়, দৃশ্যটি যেন তারই উদাহরণ।
নাটকটিতে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। অপরদিকে জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরেফিশান সেলিম। শুরুতে তাদের সম্পর্কের সমীকরণ মোটেও সহজ ছিল না। অতীতের বিশ্বাসঘাতকতা ও মানসিক আঘাত জারিয়াবকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। এমন অবস্থায় আবু বকর তার জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসে। সে স্ত্রীর অতীত নিয়ে প্রশ্ন না তুলে বরং ধৈর্য, ভালোবাসা ও সম্মানের মাধ্যমে তার আস্থা অর্জনের চেষ্টা করে। ধীরে ধীরে দুজনের সম্পর্কেও তৈরি হয় গভীরতা।
জারিয়াবের জীবনে একসময় হাসি-আনন্দের অভাব ছিল না। কিন্তু শৈশবের পরিচিত জামিলের প্রতারণা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। নাটকটিতে জামিল চরিত্রে অভিনয় করছেন নামির নওয়াজ খান। সেই তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করা জারিয়াবের জন্য সহজ ছিল না। ফলে আবু বকরের সাথে কাটানো সময়গুলো দর্শকদের কাছে শুধুমাত্র রোমান্সের বিষয় হয়ে থাকছে না, বরং অতীতের কষ্ট কাটিয়ে জারিয়াবের স্বাভাবিক জীবনে ফেরার গল্পও তুলে ধরছে।
এদিকে নাটকের আরেকটি মুহূর্তও দর্শকদের আগ্রহ সৃষ্টি করেছে। আবু বকর জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার কথা বলে। তবে এই প্রস্তাবের পেছনে কেনাকাটার পাশাপাশি স্ত্রীর সাথে আরও কিছুটা সময় কাটানোর ইচ্ছা রয়েছে বলে মনে করছেন অনেক দর্শক।
শেহরিয়ার ও দুরেফিশানের পর্দার এই জুটিকে ভক্তরা ইতোমধ্যে ‘আবজার’ নামে পরিচিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রোমান্টিক দৃশ্য নিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও, রিলস ও সম্পাদনা করা ক্লিপ। নাটকের গল্পের নতুন মোড়ের সাথে তাদের রসায়নও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হবিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৬ (বাসস): জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের তিনজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৩ টায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাত ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫ নম্বরের একটি মাঝারি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটির সাথে ধাক্কা খায়।
এই দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), যাত্রী মো. মজনু মিয়া (৫৪) এবং মো. রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহত তিনজনই বাংলাদেশ ডাক বিভাগের কর্মী ছিলেন।
নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামে অবস্থিত।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতদের লাশ হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঘুষ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপ-পরিচালক-১ মোঃ বনি আমিনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, ২৮ সেপ্টেম্বর তারিখে একই অফিসের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষের টাকা লেনদেন ও কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
ইফতে খাইরুল ইসলামের বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ অথবা মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ নং বিধি মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এসময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন।
ইফতে খাইরুলের ঘুষ দাবির ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এসময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী।
তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এটি সম্পূর্ণ অসত্য তথ্য। তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি।"
প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃংখলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো: কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুরুল আমিনকে বরখাস্ত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ