১০:৪৬ পি.এম
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্রে অনিয়মের অভিযোগে।
আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে এসব অভিযান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কম মূল্যে দলিল নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে দুদকের চট্টগ্রাম-২ জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়।
আরও পড়ুন: গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে ইসরায়েলে সাধারণ নির্বাচনের প্রস্তুতি তীব্র হচ্ছে
অভিযান চলাকালে দলটি সংশ্লিষ্ট কার্যালয় সরেজমিন পরিদর্শন করে রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনা ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে চারতলা ভবনের তথ্য গোপন করে দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
অন্যদিকে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের অনুকূলে দরপত্র মূল্যায়ন প্রভাবিত করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে অংশগ্রহণকারী দল অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন ও নথিপত্র সংগ্রহ করে।
দুদক জানিয়েছে, উভয় অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
আরও পড়ুন: পার্বতীপুরে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে হত্যা, ২ আটক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন