০২:৪৭ পি.এম
যশোর, ৩ আগস্ট, ২০২৬ : যশোরের অভয়নগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত মোট ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, ১ হাজার ৩৫০ টাকা মূল্যের এক বস্তা সরকারি টিএসপি সার ২ হাজার ৩শ’ টাকায় বিক্রি করার অপরাধে মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫শ’ টাকার জরিমানা করা হয়েছে।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভী খাতুন বাসস’কে বলেন, বেশি দামে সার বিক্রির খবর পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বাসস’কে বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
যথাযথ জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন