সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১২:৫০ এম
অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম মন্তব্য করেছেন, "কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন।"
তিনি এই মন্তব্যটি রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, "একটি ভিডিওতে দেখলাম কয়েকটি ছেলে মিলে মাইক হাতে ক্যানভাসিং করছে— পিরোজপুরের মাটিতে ওরে দাফন হতে দিব না।" অনুমান করা সঠিক নয়, তবে তাদের চেহারা ও পোশাক দেখে মনে হচ্ছে তারা ইসলামিস্ট।
ফাহাম বলেন, "আমি বলছি না দলীয়ভাবে জামায়াতে ইসলামী এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অন্ততপক্ষে কিছু জামাতে মুসলমান নিজেরা নিজেরা মিলে যে এই সিদ্ধান্ত নিয়েছে— এতটুকু বলা যায়।"
তিনি আরও জানান, "এই বিকার আমরা প্রথম আওয়ামীদের মধ্যে দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আপনাদের কেউ কেউ ঠিক সেই রাস্তাতেই এখন হাটছেন।"
ফাহাম আব্দুস সালাম অনুরোধ করেন, "আল্লাহর ওয়াস্তে এই বিকার থেকে বের হন। অনেক ত্যাগ, অনেক প্রাণের পর আমরা ৫ই অগাস্ট পেয়েছি। এই মাটিতে দম্ভ দেখায়েন না।"
তিনি বলেন, "আজকে আমাদের অবস্থা ভালো আছে। ভালো থাকুন এবং নেক্সট জেনারেশনকে দেখান যে আমরা হানাহানি থেকে বের হতে চাই।"
তিনি উল্লেখ করেন, "আওয়ামীদের কাজ রিপিট করার মধ্যে কোনো বাহাদুরি নাই। তবে আওয়ামীদের কাজ না রিপিট করার মধ্যে বাহাদুরি আছে। তাছাড়া এ সব ইতরামি পলিটিকালিও সুইসাইডাল। মানুষ মোটেও পছন্দ করে না। আপনারাই জনবিচ্ছিন্ন হবেন।"
সবশেষে তিনি পুনরায় বলেন, "কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ায় বিশেষ কৌশলে হাঁটুর নিচে অ্যাংলেটে ইয়াবা পাচারের চেষ্টা করার সময় স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় তাদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার দোগাছী গ্রামের সোহাগ মৃধা (৩১) এবং তার স্ত্রী মোছা. সারমিন খানম (২৫)। বর্তমানে তারা ঢাকার মিরপুর-১ এলাকার মধ্যপাইকারপাড়ার আহম্মদ নগর এলাকায় বসবাস করছিলেন। ডিএনসি জানিয়েছে, স্বামী সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয় ডিএনসি। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলস্ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে স্ত্রী সারমিন খানের দেহ তল্লাশী করা হয়। তল্লাশীর সময় সারমিনের ডান পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটে আটকানো স্কচটেপ মোড়ানো ২০টি প্যাকেটে চার হাজার পিস এবং বাম পায়ের নিচে অ্যাংলেটে থাকা ১৯টি প্যাকেটে তিন হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৭ হাজার ৮০০ পিস ইয়াবার ওজন ৭৬০ গ্রাম পাওয়া যায়। এর অনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা। এছাড়া, মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগড়ার উপ-পরিচালক মো. জিললুর রহমান জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে, যাতে দেখা যায় এই মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না। যদি সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাদেরও আইনের আওতায় আনা হবে। সরকারের ঘোষণার আলোকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে তিনি উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অনুষ্ঠানে উল্লেখ করেন যে, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে এস এম আব্দুল্লাহ ফারাবী বিজয়ী হন, কমোডর এ কে এম আফজাল হোসেন রানার আপ হিসেবে স্থান লাভ করেন এবং হাইজং উম লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফারগণ ও তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) রাত ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যাত্রা করে।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ প্রেস সচিব সুজন মাহমুদ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সরকারি সফরে জাপান যাচ্ছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।
সফরের জন্য প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন।
এছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে সফরে থাকবেন।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করা হবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরের কর্মসূচিতে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এছাড়া এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদরদপ্তর ও টয়োটার কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা সফরের অন্যতম আলোচ্য বিষয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতার বিষয়ে ঘোষণা আসতে পারে।
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পাবে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং বিনিয়োগ, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগ তৈরি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুর রহমান শান্তকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত নামের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’। এর কিছুক্ষণ পর একই পেজ থেকে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ শিরোনামে আরেকটি পোস্ট প্রকাশিত হয়। পোস্ট দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ নামের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, এসিল্যান্ডের ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
কিছুক্ষণ পর এসিল্যান্ডের ফেসবুক পেজ থেকে পূর্বের পোস্টগুলো মুছে ফেলা হয়। পোস্ট প্রকাশ এবং পরবর্তী সময়ে তা মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
সর্বশেষ রবিবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসিল্যান্ড আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ