০৬:০৫ পি.এম
রাজধানীর বনানীর কাকলি ক্রসিংয়ে একটি মোবাইল ছিনতাইকারী ধরা পড়েছেন পুলিশের হাতে। বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগীর চিৎকার শোনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট শাহীন মিয়া ছুটে যান। তিনি দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে ধরে বনানী থানায় হস্তান্তর করেন।
ডিএমপির ট্রাফিক সার্জেন্ট আনিসুর রহমান বলেছেন, প্রতিদিনের মতো কাকলি ক্রসিংয়ে ব্যস্ত ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট শাহীন। হঠাৎ করে চারপাশের গাড়ির হর্নের আওয়াজ ছাপিয়ে তার কানে যায় এক পথচারীর আর্তচিৎকার— চোর, চোর। আমার মোবাইল নিয়ে গেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
চিৎকার শুনে সার্জেন্ট শাহীন দায়িত্বে থাকা ফোর্সকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীর পিছনে দৌঁড়ান। সার্জেন্টকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে আশপাশের সাধারণ মানুষও সাহায্যে এগিয়ে আসেন। সার্জেন্ট শাহীন মিয়া ও উপস্থিত জনতার সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত ছিনতাইকারী পালানোর কোনো সুযোগ না পেয়ে ধরা পড়েন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। নিজের মোবাইল ফিরে পেয়ে ওই পথচারী সার্জেন্ট শাহীন ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনিসুর রহমান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছিনতাইকারীকে তাৎক্ষণিকভাবে বনানী থানায় সোপর্দ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন