ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুদের নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিতে শিক্ষকদের আহ্বান প্রধানমন্ত্রীর


শিশুদের নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিতে শিক্ষকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে।

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা শিশুদের মানুষ করার কারিগর। সুতরাং খেয়াল রাখতে হবে যেন কোনো শিশু নির্দয় হয়ে বেড়ে না ওঠে। সেটি হোক প্রাণী বা পশু-পাখির প্রতি। তাদের প্রতি যেন তারা নির্দয় না হয়। তাই আপনারা শিশুদের মানবিকভাবে গড়ে তুলবেন।

তিনি যোগ করেছেন, ‘দেশ গড়তে মানবিক সৈনিক দরকার। আর এই মানবিক সৈনিক আপনারা গড়ে তুলবেন। আর শিশুরা মানবিক মানুষ হয়ে বেড়ে উঠলে একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এই অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জাতীয় সঙ্গীত পরিবেশন দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক এবং বাইবেল থেকে কিছু অংশ পাঠ করা হয়।

প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ এই অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমি একটি কারখানায় ঢুকে পড়েছি। যেখানে সবাই মানুষ গড়ার কারিগর।’

দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘শিশুদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়তে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাই পারেন শিশুদের মধ্যে পারিবারিক, সামাজিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে।’

তিনি বলেন, ‘জানি, আপনাদের কিছু সীমাবদ্ধতা এবং সংকট রয়েছে। আমরা সেগুলো সমাধানের চেষ্টা করবো। তবে আপনাদের জন্য ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করবো, যেন আপনারা অর্জিত সেই জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে ছড়িয়ে দিতে পারেন।’

শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তাদের প্রতিবছর একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘তোমরা প্রতিবছর বর্ষাকালে একটি করে গাছ লাগাবে। গাছটাও বড় হবে, সঙ্গে তোমরাও বড় হবে। গাছই হবে তোমাদের বন্ধু। গাছের নিচে বসে ক্লান্তি দূর হবে, শান্তি পাবে।’

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

সূচনা বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শিশু শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এ সময় দেশজুড়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থী এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানসমূহকে পদক দেওয়া হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

অনুষ্ঠানের মাঝেই খুদে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে ‘মোবাইল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক’ এই বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। একের পর এক গান, কবিতা আবৃত্তি, নাচ ও নাটক চলতে থাকে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অতিথি সারিতে বসে এসব আয়োজন উপভোগ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য

তিনি বলেন, ‘মাফিয়া সংগঠন হিসেবেই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করা সঠিক মনে করি না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তার আপিল করার কোনো অধিকার থাকলে, সেটি আইন ও আদালত দেখবে বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যাবে। তবে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মাফিয়া সংগঠন হিসেবেই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করা সঠিক মনে করি না।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে এবং আইনি প্রক্রিয়ায় রায় কার্যকর হবে।

বিগত ২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয়; এ দেশের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাই এই অর্জন সবার।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যাতে জুলাইয়ের শক্তিকে ব্যবহার করে ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিল করতে না পারে। এই শক্তিকে আরও শক্তিশালী করে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ১৫ জুলাই এই টিএসসিতে দাঁড়িয়ে সবাইকে অঙ্গীকার করতে হবে যে, বাংলাদেশে আর কখনও কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবে না। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ অনুসারে সংবিধানসহ অন্যান্য আইনকানুন সংস্কার করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই সংস্কার ও সংশোধন চেয়েছিলাম, এ জন্যই ৩১ দফা প্রণয়ন করা হয়েছিল।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলেজছাত্রী ঝর্ণা হত্যা মামলা: মৃত্যুদণ্ড বাতিল করে আসামিকে খালাস হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


কলেজছাত্রী ঝর্ণা হত্যা মামলা: মৃত্যুদণ্ড বাতিল করে আসামিকে খালাস হাইকোর্টের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ বছর আগে পিরোজপুরে কলেজছাত্রী ঝর্ণা রানী দেউড়ীকে হত্যার ঘটনায় করা মামলায় আসামী লিটন মন্ডলের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান নেতৃত্বাধীন নারী ও শিশু নির্যাতন মামলার জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় দিয়েছেন।

পলাতক আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বুলবুল রাবেয়া বানু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামি খালাস পেয়েছেন।

রাবেয়া আরও বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি এবং ঝর্ণা রানীর মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে যথাযথভাবে শনাক্ত করা হয়নি।

এর আগে, ২০১৯ সালের ২৭ জুন ঝর্ণা রানী হত্যা মামলায় লিটন মন্ডলের ফাঁসির আদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে ১৪ মে ঝর্ণাকে অপহরণের অভিযোগ উঠে লিটনের বিরুদ্ধে। পরে বরিশালের বানারিপাড়া থানা পুলিশ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত হিসেবে ঝর্ণার মরদেহ উদ্ধার করে অজ্ঞাতপরিচয়ে দাফন করা হয়।

ঝর্ণার পরিবার পত্রিকার মাধ্যমে বিষয়টি জেনে শনাক্ত করে। এ ঘটনায় ওই বছরের ২৪ মে লিটনসহ চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে নেছারাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন নিহত ঝর্ণার বাবা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই জায়ের বিরোধ, ৩ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


দুই জায়ের বিরোধ, ৩ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় গ্রেফতার ২

নরসিংদীতে ঘটেছে এক শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনা, যার শিকার তিন মাস বয়সী একটি শিশু। এতে অভিযুক্ত চাচিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অভিযানে মূল অভিযুক্তের স্বামী ও বাবা গ্রেফতার হয়েছে।

বুধবার (১৫ জুলাই) মামলার বিষয়টি ও গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে নরসিংদী প্রবেশন অফিসার কার্যালয়ের কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেছিলেন।

গত সোমবার (১৩ জুলাই) থেকে একটি শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একজন নারী ঘুমন্ত শিশুর পা মুচড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে শিশুটি কাঁদতে শুরু করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দাবি করা হয় শিশুটির পা ভেঙে ফেলা হয়েছে। ঘটনা খোঁজ নিয়ে জানা যায়, মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামের একটি ঘটনা এটি। ভুক্তভোগী শিশুটি সায়েবা বেগম ও কাউসার মিয়ার সন্তান।

মামলার বিবরণে জানা যায়, শিশুটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাড়িতেও প্রায়ই কান্না করতো। কান্নার কারণে শিশুর মায়ের সন্দেহ হলে তিনি ভিডিও ধারণের পরিকল্পনা করেন। গত শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি ঘরের ভেতরে মোবাইল ফোন দিয়ে গোপনে ভিডিও করতে থাকেন।

ভিডিওর মধ্যে দেখা যায়, শিশুর চাচি লতা বেগম ঘরে এসে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়িয়ে চলে যান। পরে শিশুর মা কান্না শুনে ছুটে আসেন এবং দেখতে পান তার সন্তান অস্বাভাবিকভাবে কাঁদছে। জানা যায়, পারিবারিক কলহের কারণে এই নির্যাতন করা হয়েছে।

শিশু নির্যাতনের মামলায় অভিযুক্তরা হলেন শিশুর চাচি লতা বেগম (৩২), তার স্বামী কাউসার আহমেদ (৩৩) এবং তার বাবা আলমাছ মিয়া (৬০)।

এ প্রসঙ্গে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়ার পর আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি এবং ওই শিশুর মা ও বাবার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, শিশুটির পা ভাঙেনি। তবে পারিবারিক কলহের কারণে শিশুটিকে নির্যাতন করা হতো।’

ওসি আরো জানান, মূল অভিযুক্ত লতা বেগম বর্তমানে পলাতক, কিন্তু তার স্বামী কাউসার আহমেদ এবং লতার বাবা আলমাছ মিযাকে গ্রেফতার করা হয়েছে।

শিশুটির বাবা কাউসার মিয়া বলেন, ‘পারিবারিক কলহের কারণে আমার বড় ভাইয়ের স্ত্রী লতা বেগম গোপনে আমার সন্তানকে নির্যাতন করতেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই আমার স্ত্রী গোপনে ভিডিও ধারণ করেন। তবে আমার সন্তানের পা ভাঙেনি। বিষয়টি নিয়ে আমরা পারিবারিকভাবে বসে সমাধান করেছি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সঙ্গে টালবাহানা নয়, সতর্ক করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


শিক্ষার্থীদের সঙ্গে টালবাহানা নয়, সতর্ক করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করবেন না।

তিনি মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এক পথসভায় এই কথা বলেন। শহরের কালিতলা হাট এলাকা থেকে পদযাত্রা শুরু হলে এর সাত মাথায় পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী পথসভায় উল্লেখ করে বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে, তখন তারা বলবে বিএনপিকে আমরা চাই না। তখন আপনারা কী করবেন। এ জন্য আপনাদের বলতে চাই, এই শিক্ষার্থীদের সাথে টাল্টি বাল্টি করেন না।’

তিনি বলেন, ‘এর আগে এনসিপির মুখ্য সংগঠক আমাদের বলা হয় নাকি জুলাই ব্যবসায়ী। হ্যা, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হবো। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হবো না। ১৭ বছরে এই দেশে নারীরা স্বাধীন ছিল না। বগুড়ার মানুষ হওয়ার জন্য চাকরি পায়নি। এখানকার ছেলেরা মেধাবী। কিন্তু বগুড়ার মানুষ হওয়ায়, ফেনীর মানুষ হওয়ায় চাকরি পায়নি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘গতকাল আমাদের বলা হয়েছে অবাঞ্ছিত। আপনাদের বলতে চাই বিগত সময়ে আপনারা অবাঞ্ছিত ছিলেন। এই অবাঞ্ছিতদের আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। এখন তারাই আমাদের বলছে অবাঞ্ছিত। কী নির্মম ভাগ্যের পরিহাস। আমরা বলতে চাই আমরা তোমাদের ভাগ্য বদলিয়ে দেব। এমন বদলানো বদলাব, শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার জায়গা খুঁজে পাবেন না।’

পথসভায় বক্তব্যের শেষে এনসিপির প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন তিনি। এর আগে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় পথসভা করে এনসিপি। সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠন(উত্তরাঞ্চল) সারজিস আলম বক্তব্যে বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিনতি পতিত ফ্যাসিস্ট সরকারের মতই হবে।

বগুড়ায় পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহবায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%