ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৮ বছরের শিশুকে ধর্ষণের জন্য আসাদকে ৫০ বছরের শাস্তি


৮ বছরের শিশুকে ধর্ষণের জন্য আসাদকে ৫০ বছরের শাস্তি

নড়াইলের নড়াগাতীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের শাস্তি প্রদান করেছে আদালত। এই কারাদণ্ডের পাশাপাশি আসাদকে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ হামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন আধুনিক রিভার ক্রুজ উদ্বোধন

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২১ মার্চ সকালে ভুক্তভোগী শিশুটির বাবা ও মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান। এই সময় তাদের ৮ বছর বয়সী মেয়ে বাড়িতে একা ছিল।

দুপুর ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটিকে একা পেয়ে ঘরের ভেতর ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসাদ মোল্যা পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা মহাজন বাজার এলাকা থেকে আসাদ মোল্যাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।

এ ঘটনায় শিশুটির বাবা তাজ বিশ্বাস বাদী হয়ে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: যশোর সীমান্তে যে কোন ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান

সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

এছাড়াও জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৭ জন গ্রেপ্তার, ৫৭ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৭ জন গ্রেপ্তার, ৫৭ মামলা দায়ের

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের ফলে মাদকদ্রব্য, ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সর্বাধিক ১৩২ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগ থেকে ১০৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, গুলশান বিভাগ থেকে ৪০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন এবং রমনা বিভাগ থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) থেকে চারজন এবং গোয়েন্দা বিভাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল ও ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এছাড়া ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ারও উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযানে একটি সিএনজি, ১৪টি মোবাইলফোন ও নগদ ২ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল, তবু সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল, তবু সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর দুই বিষয়ে ফেল করেছেন, তবুও তাঁরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য প্রকাশ করেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। ওই দিন বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং আবেদনকারী শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও পুনঃনিরীক্ষণের ফল জানতে পারছেন।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন ঢাকা শিক্ষা বোর্ডে জমা পড়েছে। এই বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে।

পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের কারণে যেসব শিক্ষার্থী আগে তিন বিষয়ে অকৃতকার্য ছিলেন, তাঁদের মধ্যে কেউ কেউ এখন দুই বিষয়ে ফেল করেছেন। এসব শিক্ষার্থীর সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৬ বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


৩৬ বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উদযাপন

খুলনা, ২৪ নভেম্বর, ২০২৬ : আগামীকাল ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস পালিত হবে। এবছর বিশ্ববিদ্যালয়টি ৩৬ বছরে পদার্পণ করছে। ১৯৯১ সালের এই দিনে সেসময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। প্রতিবছর ২৫ নভেম্বর দিনটিকে স্মরণ করে ‘খুলনা বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়। এই বছর শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে বিশ্ববিদ্যালয়টি ৩৬ বছরে পদার্পণ করছে।

দীর্ঘ ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সংযোগ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের স্বপ্ন, ভবিষ্যৎ ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। এখন এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম-এর নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণায় গতিশীলতা আনা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে।

খুবিতে দেশের প্রথমবারের মতো সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে অ্যাক্রেডিটেশনের আবেদন, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনায় আর্থিক প্রণোদনা প্রদান করা হচ্ছে। এছাড়াও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনে গুরুত্ব দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবোরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় গবেষণা অনুদান প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসস’কে জানায়, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-গবেষণার সক্ষমতা বাড়াতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘ সাত বছর পর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।

খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বাসস’কে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি আমাদের জন্য গর্বের ও মর্যাদার। এ অগ্রযাত্রায় যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।

দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য খুবি কর্তৃপক্ষ এ বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দিবসের আলোচনা সভা, কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন। পরে অদম্য বাংলা প্লাজায় বিভাগ ও ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হবে।

এছাড়াও বাদ জোহর মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গায়ের রঙ নিয়ে কটূক্তির শিকার, আজ বাংলাদেশে মিস ইউনিভার্সের মঞ্চে মাহি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


গায়ের রঙ নিয়ে কটূক্তির শিকার, আজ বাংলাদেশে মিস ইউনিভার্সের মঞ্চে মাহি

এক সময় গায়ের রং শ্যামলা হওয়ার কারণে নানা ধরনের কটূক্তির শিকার হতে হয়েছে। কেউ বলেছেন, তিনি সুন্দর নন; আবার কেউ কুৎসিত ও মোটা বলেও বিদ্রূপ করেছেন। এই সমস্ত অপমান এবং আত্মবিশ্বাসের সংকটকে পেছনে ফেলে সামিরা খান মাহি বর্তমানে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি চান, নিজের এই পথচলার মাধ্যমে বিশ্বের নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং স্বপ্নপূরণের সাহস জোগাতে।

মাহি বলেন, ‘সারা জীবন মানুষ আমার গায়ের রং নিয়ে উপহাস করেছে। বলেছে, আমি সুন্দর নই। আমাকে কুৎসিত ও মোটা বলেও বিদ্রূপ করেছে। এসব বাধা পেরিয়ে এসেছি। আমি চাই, বিশ্বের নারীরা নিজেদের ওপর বিশ্বাস রাখুক এবং প্রমাণ করুক, তাঁরাও যেকোনো কিছু অর্জন করতে পারেন।’

সিলেটের একটি ছোট শহর থেকে উঠে আসা মাহির জন্য বাংলাদেশের গণমাধ্যমে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট থেকে এসে বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা সত্যিই কঠিন। নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করা সহজ ছিল না। তবে আন্তর্জাতিক এই মঞ্চে আসার পর বুঝতে পারছি, কতটা পথ পেরিয়ে এসেছি।’

মিস ইউনিভার্সের মঞ্চে মাহিকে কিছু সীমাবদ্ধতার কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে। তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অধিকাংশের উচ্চতা প্রায় ৬ ফুট। তাঁদের মধ্যে অনেকের গায়ের রংও ফর্সা। তবে তিনি অন্যদের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের স্বতন্ত্র পরিচয়কে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। মাহির ভাষায়, ‘তাঁদের সঙ্গে নিজেকে তুলনা করলে নিজের প্রতিই অসম্মান করা হবে। আমি যেমন, সেটাই আমার পরিচয়। আমার যা আছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে।’

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাহির যাত্রা ছিল নাটকীয়। পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়ার মাত্র চার দিন আগে তাঁকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি তিনি। মাহি বলেন, ‘মহড়া দেওয়ার মতো সময়ই পাইনি। মুকুট জয়ের পরপরই আমাকে যাত্রা করতে হয়েছে। এখানে পৌঁছাতে প্রায় ৩০ ঘণ্টা লেগেছে।’

দেরিতে পৌঁছানোর কারণে প্রতিযোগিতার বেশ কয়েকটি আয়োজনেও অংশ নিতে পারেননি তিনি। তবে সেখানে পৌঁছানোর পর দর্শক ও আয়োজকদের ভালোবাসা তাঁর অভিজ্ঞতাকে স্মরণীয় করে রেখেছে। মাহি বলেন, ‘এখানকার মানুষ আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। অনেক আলোকচিত্রী ছিলেন। তাঁরা বাংলাদেশ, বাংলাদেশ বলে চিৎকার করছিলেন।’

সান হুয়ানের প্রচণ্ড গরম এবং একের পর এক আয়োজনের ব্যস্ততায় প্রতিযোগীদের বিশ্রামের সুযোগও কম। চুল ও সাজসজ্জার দায়িত্ব নিজেদেরই সামলাতে হচ্ছে। পাশাপাশি আলোকচিত্রের আয়োজন, দাতব্য কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নিজেদের লাগেজও বহন করতে হচ্ছে।

প্রতিযোগিতার একটি আয়োজনে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান প্রতিযোগীরা। শিশুদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য নিলামের আয়োজন করা হয়। এতে প্রত্যেক প্রতিযোগী নিজ দেশের একটি উপহার নিয়ে আসেন। বাংলাদেশের হয়ে মাহি বেছে নেন হাতে তৈরি গয়নার একটি সেট। কানের দুল, আংটি ও লকেটের এই সেটে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা।

এদিকে, মিস ইউনিভার্সে মাহির জাতীয় পোশাকও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোশাকটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। পোশাকটির বিশেষ আকর্ষণ মাথার ওপরের বিশাল অলংকরণ। সেখানে হাতির দাঁতের রঙের আদলে তৈরি কিছু অবয়বে দেখা যায়, মায়েরা সন্তানকে কোলে ধরে আছেন। চারপাশে রয়েছে ছোট ছোট অবয়ব ও লাল ফুলের নকশা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলার আদলে তৈরি বড় সবুজ ও সাদা পাপড়ি পুরো কাঠামোটিকে ঘিরে রেখেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার লাল রঙের বৃত্তাকার নকশা।

জাতীয় পোশাকটির শাড়ি তৈরি হয়েছে খাদি কাপড় দিয়ে। শাড়ির পাড়ে রয়েছে লাল সুতির ভাঁজ করা নকশা, ব্লকপ্রিন্ট এবং প্যাঁচানো নকশায় ফুটিয়ে তোলা শাপলার কারুকাজ। পোশাকটি তৈরি করেছেন বিশ্বজিৎ মজুমদার ও তাঁর দল। গয়না সরবরাহ করেছে ক্যানভাস।

তবে প্রতিযোগিতার জন্য পোশাকটি প্রস্তুত করা ছিল বেশ চ্যালেঞ্জের। ৮ নভেম্বর পুয়ের্তো রিকোয় পৌঁছালেও মাহির জাতীয় পোশাকটি তাঁর হাতে আসে ২২ নভেম্বর, যেদিন ছিল জাতীয় পোশাক প্রদর্শনের আয়োজন। কাঠের তৈরি বিশাল মাথার অলংকরণটি একসঙ্গে পাঠানো সম্ভব না হওয়ায় আটটি আলাদা অংশে পাঠানো হয়েছিল।

মাহি বলেন, ‘ব্যাকস্টেজে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই স্ক্রু ড্রাইভার দিয়ে নিজেকেই সবকিছু জোড়া লাগাতে হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।’

ভারী অলংকরণটির কারণে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল তাঁর। মঞ্চে ওঠার মাত্র তিন মিনিট আগে এর একটি পাশের অংশ খুলে পড়ে। মাহি বলেন, ‘হাঁটার সময় আমাকে সেটি ধরে রাখতে হয়েছিল।’

শেষ মুহূর্তের এই বিপত্তি সত্ত্বেও পোশাকটির পেছনের গল্প দর্শকদের কাছে তুলে ধরতে পেরে খুশি মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা মাতৃত্বের চক্র। একজন মা সন্তানকে গর্ভে ধারণ করেন, কন্যাসন্তানের জন্ম দেন, তাকে বড় করেন ও শিক্ষিত করে তোলেন। একসময় সেই মেয়েই মায়ের বয়স হলে তাঁর যত্ন নেয়।

মাহি বলেন, ‘পোশাকটির গল্প জানার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। বেশির ভাগ মানুষ কেঁদেছেন। তাঁরা আমার সঙ্গে ছবিও তুলেছেন এবং বলেছেন, পোশাকটির ভাবনা খুব অর্থবহ। ধারণাটি তাঁদের ভালো লেগেছে।’

সাঁতারের পোশাক পর্বে বিকিনির পরিবর্তে বুরকিনি বেছে নিয়েছেন মাহি। নিজের সাংস্কৃতিক পরিচয় ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাহির ভাষায়, ‘আমি বুরকিনি পরতে চেয়েছি, কারণ এটি আমার বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এতে আমি আত্মবিশ্বাসী বোধ করেছি। গর্ব নিয়েই মঞ্চে হেঁটেছি।’

সান্ধ্য পোশাক পর্বে তাঁর পরনে ছিল ধাতব রুপালি, উষ্ণ ন্যুড ও সাদা রঙের ভিয়েতনামি গাউন। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য হাতে সময় কম থাকায় পোশাক সংগ্রহ করতে তাঁর দলকে থাইল্যান্ডেও যেতে হয়েছিল।

তবে মাহির কাছে সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি ছিল বিশাল দর্শকপূর্ণ স্টেডিয়ামে নিজের পরিচয় দেওয়ার সময় বাংলাদেশের নাম ঘোষণা করা। তিনি বলেন, ‘সেই বিশাল স্টেডিয়ামে কয়েক হাজার নয়, কয়েক দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সামনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।’

প্রতিযোগিতার অনলাইন ভোটেও বাংলাদেশের অবস্থান নিয়ে আশাবাদী মাহি। তাঁর ভাষ্য, ভোটের তালিকায় বাংলাদেশ কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে রয়েছে। ভোটের সময় শেষ হওয়ার আগে দেশের মানুষের আরও বেশি অংশগ্রহণ চান তিনি। মাহি বলেন, ‘এত মানুষ আমাকে সমর্থন করছেন দেখে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। ভোট দেওয়ার জন্য এখনো এক দিন সময় আছে। আমি চাই, আরও বেশি মানুষ ভোট দিন, যাতে আমরা প্রথম স্থানে পৌঁছাতে পারি।’

মিস ইউনিভার্সের প্রচলিত প্রতিযোগিতার বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছেন মাহি। সেটি জলবায়ু পরিবর্তন ও এর ফলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তৈরি হওয়া সংকট। বিশেষ করে বন্যার বিষয়টি তাঁর প্রচারণার কেন্দ্রে রয়েছে। সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যাকবলিত মানুষের দুর্ভোগকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।

মাহি জানান, ২০২২ সাল থেকেই বন্যা নিয়ে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বন্যাদুর্গত মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই তাঁকে বিষয়টি মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে অনুপ্রাণিত করেছে।

নিজের এই পথচলায় দেশের মানুষের সমর্থন ও ভালোবাসার ওপর ভরসা রাখছেন সামিরা খান মাহি। শেষ কথায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%