ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট


ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

সারা দেশের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির বাতিলের আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত বহাল রেখেছেন।

বুধবার (১১ নভেম্বর) আদালত এক রিট পিটিশনের শুনানি শেষে এই রায় প্রদান করেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সহকারী পরিচালক আবু সালেহ মুহাম্মদ মুসা স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেফতার, সকালে জামিন পেলেন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি পত্র জারি করে। হাইকোর্টে এই আদেশের বিরুদ্ধে রিট দায়ের হলে, গত ১০ নভেম্বর আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেন।

এরপর, হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। বুধবার সেই আবেদনের শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি নিষ্পত্তি করেন। আদালতের এই আদেশের ফলে গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা কমিটি বাতিলের আদেশ আইনিভাবে বহাল থাকে।

চেম্বার জজ আদালতের আদেশের পর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে প্রশাসনিক নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয় বরাবর নতুন করে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর (প্রেরণ) জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন পণ্যসহ ট্রাক আটক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের বইয়ের জগতে ফিরিয়ে আনতে আলোকায়নের ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


শিশুদের বইয়ের জগতে ফিরিয়ে আনতে আলোকায়নের ব্যতিক্রমী উদ্যোগ

রাজধানীর আফতাবনগরে ৩ দিনব্যাপী ‘আলোকায়ন শিশু বইমেলা ২০২৬’ আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে বইয়ের জগতে ফিরিয়ে আনা।

আল-আতফাল একাডেমির উদ্যোগে ১২ থেকে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) এই বইমেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।

বইমেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করে আল-আতফাল একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ‘শিশু বইমেলায় এসে আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক সুন্দর সুন্দর বই রয়েছে। বিভিন্ন ধরনের বই দেখতে পারছি। বইমেলায় আসতে পেরে আমি অনেক আনন্দিত।’

অন্য এক শিক্ষার্থী আবরার বলেন, ‘এখানে এসে অনেক নতুন নতুন বই দেখছি। বিভিন্ন ধরনের বই রয়েছে। এর মধ্যে আমার গল্পের বই বেশি ভালো লাগে। বইগুলো পড়তে আমার ভালো লাগে। এমন বইমেলা আরও হলে আমরা অনেক নতুন বই পড়ার সুযোগ পাবো।’

মেলায় শিশুদের জন্য বিভিন্ন ধরনের বই ছাড়াও সব বয়সী পাঠকদের জন্য বই রয়েছে। বই কিনতে আসা অভিভাবক আকিল ইবনে আফছার বলেন, ‘এখানে শিশুদের জন্য যেমন বই রয়েছে, তেমনি সব বয়সী মানুষের উপযোগী বইও পাওয়া যাচ্ছে। ফলে পরিবারের সদস্যরা একসঙ্গে এসে নিজেদের পছন্দের বই সংগ্রহ করতে পারছেন।’

সমকালীন প্রকাশনের পরিচালক এস এম আকসারুল হক আনাস মন্তব্য করেন, ‘আমরা যখন কোনো শপিংমলে যাই, তখন কেনাকাটার আনন্দ সাময়িক সময়ের জন্য থাকে। কিন্তু বই এমন একটি সম্পদ, যার আবেদন কখনো শেষ হয় না। একটি ভালো বই মানুষের চিন্তা-চেতনা, দৃষ্টিভঙ্গি ও জীবন পরিবর্তন করতে পারে।’

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) শুধুমাত্র নারী ও শিশুরা মেলায় প্রবেশ করতে পারবেন। শনিবার (১৪ নভেম্বর) পুরুষ ও শিশুরা মেলায় অংশ নিতে পারবেন।

আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে আল-আতফাল একাডেমি ও আলোকায়নের পরিচালক হাফিজ আল মুনাদি বলেন, ‘দিন দিন মানুষের সঙ্গে মানুষের সরাসরি সাক্ষাৎ এবং বইয়ের ঘ্রাণ নেয়ার সংস্কৃতি কমে যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্ম বই থেকে দূরে সরে যাচ্ছে। আমরা চাই, শিশুরা আবার বইয়ের কাছে ফিরে আসুক। বই হাতে নিয়ে দেখুক, পছন্দের বই সংগ্রহ করুক এবং বই পড়ার আনন্দ অনুভব করুক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তফা মনজুর বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের বই সুন্দরভাবে সাজানো রয়েছে। পাঠক নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বই বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন। এক জায়গায় নানা ধরনের বই দেখার এবং সংগ্রহের এমন সুযোগ পাঠকদের জন্য আনন্দের। আমাদের জন্য আলোকায়নের এ ৩ দিনব্যাপী বইমেলা একটি বড় প্রাপ্তি। এ ধরনের আয়োজন বই পড়ার আগ্রহ তৈরি এবং পাঠসংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেক হাসপাতালে এসআরবির অভিযানে ১১ দালালকে সাজা ও জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


ঢামেক হাসপাতালে এসআরবির অভিযানে ১১ দালালকে সাজা ও জরিমানা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসআরবি-৩ এর পরিচালিত অভিযানে ১১ জন দালালকে আটক করে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আরোপ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের পর এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে: আলামিন (৩২) ১ মাস, মোয়াজ্জেম (৫০) ৭ দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৭) ৩ দিন, শহিদুল মোল্লা (৩৭) ৭ দিন, সিফাত (২২) ও হেলাল (৩২) ৬ মাসের কারাদণ্ড পেয়েছে। এছাড়া মাহামুদুল (৩৯) ৫ হাজার টাকা, আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০) ৫ হাজার টাকা, শাকিল (২২) ৩ হাজার টাকা এবং নূরনবীকে (২৭) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসআরবি-৩ এর কোম্পানি কমান্ডার মো. ইমরান সিদ্দিকী বলেন, "ঢাকা মেডিকেল চিকিৎসার প্রাণকেন্দ্র। দূরদূরান্ত থেকে রোগীরা সেবা নিতে আসে। কিন্তু বিভিন্ন ধরনের দালালদের দৌরাত্ম্যের কারণে হয়রানি হতে হয়। তাদের জন্য চিকিৎসক, নার্সেরদেরও সেবা প্রদানে বিঘ্ন ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ দালালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে আমাদের। তারই প্রেক্ষাপটে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে সফল অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সর্বমোট ১১ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। তারমধ্যে চারজনকে আর্থিক দণ্ড আর বাকি সাতজনকে তিনদিন থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


সাভার-আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন আবারও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে কিছু তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই অবস্থায় শিল্পাঞ্চলের ৪০ থেকে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কিছু কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পরই মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন।

সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এর পর শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়কে জড়ো হন এবং অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকেরা বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুর ১টা পর্যন্ত ৪০ থেকে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি তখন শান্ত ছিল। অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি。

নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত স্থানে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুরে এক প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন, জিরানী এলাকায় দুই প্লাটুন, আশুলিয়ায় নয় প্লাটুন এবং জামগড়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের চন্দ্রায় এক প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন, মৌচাকে এক প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় এক প্লাটুন, কাশিমপুরে এক প্লাটুন, নাওজোরে এক প্লাটুন, ভোগড়া বাইপাসে এক প্লাটুন, গাছা এলাকায় এক প্লাটুন এবং সালনায় এক প্লাটুন বিজিবি রয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুলে দুই প্লাটুন, জালকুড়িতে দুই প্লাটুন, বিসিক শিল্পনগরীতে এক প্লাটুন, চাষাড়া মোড়ে এক প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইলে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে নজরদারির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় রাখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাজ্য, আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, "অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য, বিশেষ করে নারী ও শিশুদের জন্য, ডাচেস অব এডিনবার্গের এই সফর আশার বার্তা বহন করছে।" তিনি আশা প্রকাশ করেন যে, ডাচেসের রোহিঙ্গা শিবির পরিদর্শন চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি আরও বলেন, "দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ তৈরি করছে।" তিনি উল্লেখ করেন যে, এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপরও জোর দেন।

ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।"

বৈঠকে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের বাংলাদেশ সফরে কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

এ সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের কথাও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%