সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৫ পি.এম
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের কাহিনী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ভারতের এক সাবেক সাংবাদিক সম্প্রতি সেই গোপন সম্পর্কের একটি নাটকীয় ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন।
সাংবাদিকের বক্তব্য অনুযায়ী, যখন রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক গোপন রাখার চেষ্টা চলছিল, তখন এক রাতে খবর আসে যে রণবীর ক্যাটরিনার বাড়িতে যাচ্ছেন। এই খবর পেয়ে গভীর রাতে সাংবাদিকরা সেখানে উপস্থিত হন।
রাত ১টা ৩২ মিনিটের দিকে রণবীর ক্যাটরিনার বাড়ি থেকে বের হন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি ক্যাপ দিয়ে মুখ ঢেকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছু সময় পরেই ঘটে যায় একটি নাটকীয় ঘটনা।
হঠাৎ করেই আবার ফিরে আসেন রণবীর। এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরা ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে নেন তিনি। তবে সাংবাদিকদের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত সেই সরঞ্জামগুলো ফেরত দিতে বাধ্য হন অভিনেতা।
সাবেক সাংবাদিক আরও জানান, একবার একটি শেষকৃত্য থেকে ফেরার সময়ও ক্যাটরিনার বাসায় রণবীরের গোপনে প্রবেশের দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলেন তারা। সেবারও বেশ কৌশলে পরিস্থিতি সামলে নিয়েছিলেন রণবীর।
রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের শুরু হয়েছিল ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেট থেকে। দীর্ঘ প্রায় সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর সময়ের সঙ্গে দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। রণবীর কাপুর বিয়ে করেছেন আলিয়া ভাটকে, আর ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী ভিকি কৌশল। তবে তাদের প্রেমের সেই গোপন দিনগুলোর নানা ঘটনা এখনো বলিউডপ্রেমীদের আগ্রহের বিষয় হয়ে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, আহত হয়েছেন আরও চার জন।
সোমবার (সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশালের তিরখী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিরখী এলাকায় একটি বালুবাহী ট্রাকের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশা সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম (৩৮) নিহত হন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের পুত্র। আহত চারজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় প্রায় ৩২ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটেছে। এছাড়া, হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, দক্ষিণ গফরগাঁওয়ে একটি পৃথক সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর গ্রামের আলম মিয়ার পুত্র।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, নিষিদ্ধ ও পচে-গলে ধ্বংস হয়ে যাওয়া এই দলের নেতাদের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। দেশের জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করেছে। এমনকি শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কোনো সদস্য আর অবশিষ্ট নেই।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি বর্তমানে একটি জাতীয় সমস্যা, যার সমাধানে সরকার ও বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। কিন্তু জামায়াত সংকট সমাধানে সহায়তার হাত না বাড়িয়ে ‘লংমার্চের’ নামে ‘লংড্রাইভ’ শুরু করেছে। ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জামায়াত যেভাবে আওয়ামী লীগকে পাশে টেনে নিয়েছিল, ঠিক একইভাবে তারা বর্তমান জ্বালানি সংকটকে পুঁজি করে অপশক্তিকে আবারও মাঠে নামার সাহস জোগাচ্ছে।
জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাসুদ নিজেকে বিরাট শক্তির অধিকারী বা ‘হ্যাডমওয়ালা’ দাবি করে বলেছেন- তার শক্তির খবর নাকি শেখ হাসিনাও জানতেন। জামায়াত নেতারা দেশের সেনাবাহিনী কিংবা কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে মানতে চান না, কারণ তাদের চালিকাশক্তি হলো একটি ‘গুপ্ত বট বাহিনী’। এই সাইবার বাহিনীকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের চরিত্রহননের নিকৃষ্ট খেলায় মেতে উঠেছেন।
মাঠপর্যায়ে সার সংকট ও কৃষকদের দুর্ভোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশে বাস্তবে সারের কোনো ঘাটতি নেই। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের আমলে নিয়োগ পাওয়া অসাধু ডিলাররা কৃত্রিমভাবে গুদামে সার মজুদ করে এই কৃত্রিম সংকট তৈরি করছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব ফ্যাসিস্ট সুবিধাভোগী ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সার সরবরাহের পুরো কাঠামোটি নতুন করে পুনর্গঠন করবে। একই সঙ্গে তিনি এই সংকট চলাকালে মাঠের কৃষকদের কিছুটা ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।
এর আগে সকাল ১০টার দিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খাঁন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন আদালত নাকচ করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদনটি নামঞ্জুর করেন। ফলে আপাতত মুবিনকে কারাগারে থাকতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।
মুবিনের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী রবিউল আলম জুয়েল। শুনানির সময় তিনি দাবি করেন, তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। নাশকতা কিংবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে যাননি। আবেগের বশে প্রধানমন্ত্রী তার সঙ্গে সেলফি তুলতেই সেখানে গিয়েছিলেন।
আইনজীবী আরও বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার পরও মুবিনের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তাই যেকোনো শর্তে তার জামিন মঞ্জুরের আবেদন করেন তিনি।
তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনার পর আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ায় কেআইবি অডিটোরিয়ামের সামনে থেকে মুবিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সেখানে ‘বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ঘটনাটি ঘটে।
পুলিশের অভিযোগ, মুবিন অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন, সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন এবং অনুষ্ঠান বানচালের জন্য সেখানে ছিলেন। একপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান মুবিনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠান।
পরে ৭ সেপ্টেম্বর রিমান্ড শুনানি শেষে আদালত মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১০ সেপ্টেম্বর তাকে আবার কারাগারে পাঠানো হয়। এবার তার জামিন আবেদনও নাকচ হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো রোধ করার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বর্জ্যের স্তূপগুলো কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দুর্গন্ধ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশদূষণ কমানোর আশা করা হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খাড়া জোড়া এলাকায় মহাসড়কের এমন পরিস্থিতি দেখা যায়।
সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে যে, কালিয়াকৈর পৌরসভাটি একটি প্রথম সারির পৌরসভা হলেও কার্যত কার্যক্রমের অভাব রয়েছে। পৌরসভা গঠনের দীর্ঘ সময় পরেও ময়লার ড্রাফিং ব্যবস্থা করতে সক্ষম হয়নি পৌর কর্তৃপক্ষ। এর ফলে পৌরবাসী চরম ভোগান্তির শিকার হয়েছে। পৌরবাসী প্রতি মাসে ময়লা বাবদ টাকা নিলেও সেই ময়লা-আবর্জনা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। ফলে মহাসড়কে চলাচলকারী মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। উপজেলার খাড়াজোড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘ এলাকাজুড়ে বর্জ্যের স্তূপ চোখে পড়ে। এসব বর্জ্য কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও আশপাশের বাসিন্দাদের দুর্গন্ধের ভোগান্তি কিছুটা কমবে।
তবে স্থানীয়দের দাবি, দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি স্থায়ী সমাধানের প্রয়োজন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত বর্জ্য অপসারণ করে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেইসাথে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
কালিয়াকৈর পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানিয়েছেন, মহাসড়কের পাশে ময়লার স্তূপের দুর্গন্ধের কারণে মানুষের রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ওই স্থানে কেউ যেন ময়লা ফেলতে না পারে, সেজন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং দ্রুত ময়লাগুলো অন্য স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পৌরসভার কিছু ঠিকাদারের বিরুদ্ধে রাতের আঁধারে ময়লা ফেলার অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য স্থান থেকে রাতের বেলায় মহাসড়কের পাশে ময়লা ফেলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ