বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৪৮ পি.এম
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর যখন দেশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছিল, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করতে শুরু করেছে। দেশজুড়ে ঝটিকা মিছিল, চোরাপথে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, "বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না।" দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন। আগামী দিনেও দেশের স্বার্থে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তারা রাজপথে থাকবেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্স প্রাঙ্গণে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু, এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, ‘বেহেশতের টিকিট বিক্রেতারা’ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। তিনি বলেন, "বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।"
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, “ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবে, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।” এসব বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সেই দিন সকালে মনোহরদী উপজেলায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মনোহরদী জোনাল অফিসের আওতাধীন কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধনকালে দেশের রাজনীতি ও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও বক্তব্য দেন মন্ত্রী।
তিনি বলেন, “১৯৭১ সালের পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে।” যারা দেশের মানুষকে গুম ও খুন করেছে, সেই ফ্যাসিস্টদের সঙ্গেও তারা হাত মিলিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “একদিকে ভারত থেকে বলা হচ্ছে ডিসেম্বরে তিনি ফিরবেন, অন্যদিকে দেশের ভেতর থেকে ডিসেম্বরেই সরকার পতনের কথা বলা হচ্ছে।” তার ভাষায়, “তারা দুই পরাজিত শক্তি এক হয়েছে।”
সরদার সাখাওয়াত হোসেন বলেন, “দেশের গণতন্ত্র ও দেশকে রক্ষার জন্য ১৯৭১ সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, ভারতের প্রভুত্ব করার জন্য নয়।” তিনি আরও বলেন, “দেশের মানুষ ভারতের প্রভুত্ব মেনে বসবাস করবে না।” পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের মানুষ বন্ধুত্ব চায়, প্রভুত্ব মেনে নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী জানান, ভারত সুষ্ঠুভাবে পানি বণ্টন না করলে চীনের সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ নির্মাণ করে বর্ষার মৌসুমে পানি ধরে রাখার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। তিনি জানান, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে।
বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত গ্যাসকূপ খনন করে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের পরিকল্পনার কথাও বলেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর কার্যক্রম নেওয়া হয়েছে।
সরকার দেশের উন্নয়নে কারও ওপর নির্ভরশীল হতে চায় না বলেও উল্লেখ করেন সরদার সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, “দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে।” এ লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে পরিবার পরিকল্পনার পিলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হবে।
দালালের প্ররোচনায় মায়েদের অপ্রয়োজনীয় সিজারের দিকে না নেওয়ার আহ্বান জানান তিনি। স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
এ ছাড়া আগামী শনিবার থেকে আবারও হাম টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান সরদার সাখাওয়াত হোসেন। যারা এখনো শিশুদের টিকা দেননি, তাদের দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।
অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন। সেখানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মু'মিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আলম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। আবাসিক এলাকার মধ্যে বিড়ি উৎপাদনের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, কারখানা থেকে ধোঁয়া বা দৃশ্যমান বর্জ্য বের হওয়ার বিষয়টি প্রধান সমস্যা নয়; বরং বিড়ি তৈরির কাঁচামাল ও প্রক্রিয়াজাতকরণের তীব্র গন্ধ আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ছে। দীর্ঘ সময় ধরে এ গন্ধে অনেকেই অস্বস্তিতে ভুগছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিরা বেশি সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর কয়েকজনের অভিযোগ, তীব্র গন্ধের কারণে তাদের মাথাব্যথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের মতো শারীরিক সমস্যা হচ্ছে। তবে এসব সমস্যার সঙ্গে কারখানার সরাসরি চিকিৎসাবৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাস্থ্য ও পরিবেশগত তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা। অনুসন্ধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে- আবাসিক এলাকায় কারখানাটি পরিচালনার জন্য কী ধরনের অনুমোদন রয়েছে এবং পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র আছে কি না। একই সঙ্গে কারখানাটির অবস্থান, উৎপাদন কার্যক্রম এবং স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শন হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।
স্থানীয়রা বলছেন, তারা কারখানা বন্ধের দাবি করছেন কি না, সেটি কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত অবস্থানের ওপর নির্ভর করবে। তবে আবাসিক এলাকায় মানুষের স্বাভাবিক বসবাসের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা প্রয়োজন। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সরেজমিনে আকুয়া এলাকার কারখানাটি পরিদর্শন করে এর অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র যাচাই করুন। পাশাপাশি বিড়ি উৎপাদনের গন্ধে স্থানীয়দের যে ভোগান্তির অভিযোগ উঠেছে, তার বাস্তবতা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তবে কারখানার মালিক শাহিন মিয়া বলেন, "শুধু আমার কারখানা নয় এরকম আরো অনেক কারখানা আবাসিক এলাকায় ঘরে উঠেছে। আমি পরিবেশ অনুযায়ী কারখানা চালাচ্ছি।" টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল বলেন, "এটি কোন ভাবেই ছাড়পত্র পাওয়ার যোগ্য নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি ও ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক এলাকায় তো কোন ভাবেই করতে পারবেনা।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার উপপরিদর্শক এস.আই সুজন বিশ্বাস মাদকবিরোধী অভিযানে তার সাফল্যের জন্য আবারও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এটি তার জন্য জেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জনের ঘটনা।
এখন পর্যন্ত তিনি মোট ৭ বার পুরস্কৃত হয়েছেন। সম্প্রতি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক সমন্বয় সভায় কর্মদক্ষতা মূল্যায়ন অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে দ্বিতীয়বারের মতো পুরস্কার প্রদান করা হয়।
কুলিয়ারচর থানায় দায়িত্ব পালনকালে, তিনি বিভিন্ন মাদকবিরোধী অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মাদক উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করার পাশাপাশি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে, যা ১৩ উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসক নেতাদের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার জন্য সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশ সক্ষম হয়নি। তিনি বলেন, কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী পরিমাণ মেডিকেল যন্ত্রপাতি লাগবে এবং কী ধরনের কাঠামো দরকার, এসব বিষয়ে আগে সঠিক ও সার্বিক পরিকল্পনা ছিল না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবতকালের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে একটি সুব্যবস্থা গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতি নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং মেডিকেল যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে দায়িত্ব দেওয়ার তাগিদ দেন।
চিকিৎসকদের গবেষণা কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যত্রতত্র গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সংশ্লিষ্টদের এই প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত ফ্যাসিস্ট শাসনামলের অত্যাচার-নির্যাতনে আহত নেতাকর্মীদের পাশাপাশি তার নিজের চিকিৎসার সময় আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তিনি এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতাও কামনা করেন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। তিনি স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সব অংশীজনকে সঙ্গে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ