প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসক নেতাদের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার জন্য সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশ সক্ষম হয়নি। তিনি বলেন, কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী পরিমাণ মেডিকেল যন্ত্রপাতি লাগবে এবং কী ধরনের কাঠামো দরকার, এসব বিষয়ে আগে সঠিক ও সার্বিক পরিকল্পনা ছিল না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবতকালের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে একটি সুব্যবস্থা গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতি নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং মেডিকেল যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে দায়িত্ব দেওয়ার তাগিদ দেন।
চিকিৎসকদের গবেষণা কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যত্রতত্র গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সংশ্লিষ্টদের এই প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত ফ্যাসিস্ট শাসনামলের অত্যাচার-নির্যাতনে আহত নেতাকর্মীদের পাশাপাশি তার নিজের চিকিৎসার সময় আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তিনি এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতাও কামনা করেন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। তিনি স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সব অংশীজনকে সঙ্গে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন