রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৯ পি.এম
ভারতের গুয়াহাটির একটি হোমস্টের কক্ষে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী সমাজবিজ্ঞানের শিক্ষার্থী নিমিশা ঠাকুরিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ২৬ বছর বয়সী প্রেমিক আসিফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
গ্রেপ্তার আসিফ আলী দাবি করেছেন যে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তার বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছে, ঘটনাটি আত্মহত্যা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গুয়াহাটি পুলিশ কমিশনার দেওরি বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পুলিশ সম্ভাব্য হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে।
তিনি আরও জানান, মরদেহের আশপাশে বা মেঝেতে কোনো রক্ত পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। নিহতের পরিবারের এক বন্ধুর দাবি, ওই তরুণী তার মাকে ফোন করে জানিয়েছিলেন যে, তিনি এক বন্ধুর বাড়িতে রাত কাটাবেন। কিন্তু গভীর রাতে হঠাৎ করে মাকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপর সম্ভবত ফোনটি কেড়ে নেওয়া হয়। তবে তার এই বক্তব্যের সত্যতা এখনো খতিয়ে দেখা বাকি রয়েছে।
অন্যদিকে, হোমস্টের তত্ত্বাবধায়কের বক্তব্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি জানান, রাতে এক ব্যক্তির চিৎকার শুনেছিলেন। ওই ব্যক্তি কাউকে উঠতে বলছিলেন।
তিনি আরও বলেন, তিনি একটি পুরুষ কণ্ঠে ‘দাদা ওঠো, ওঠো’ বলে চিৎকার শুনতে পান।
নিহত তরুণীটি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং যুবকটি মুসলিম। এ ঘটনাকে ঘিরে কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ঘটনাটিকে কথিত ‘লাভ জিহাদ’ বলে অভিযোগ করেন। ‘লাভ জিহাদ’ মূলত হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীর প্রচারিত একটি ষড়যন্ত্র, যেখানে দাবি করা হয়, মুসলিম পুরুষরা ধর্মান্তরিত করার উদ্দেশে হিন্দু নারীদের প্রেমের সম্পর্কে জড়ান।
বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক অবরোধ করে। পুলিশ তাদের ঘটনাস্থলে গিয়ে সরে যাওয়ার অনুরোধ করেন। পরে অবরোধ সরিয়ে নেওয়া হয়।
সুত্র: এনডিটিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আইনজীবীদের পেশাগত নৈতিকতা, সততা, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করার উদ্দেশ্যে বিভাগীয় স্তরে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রশিক্ষণ দেশের সব বিভাগে পর্যায়ক্রমে প্রদান করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ ও ইউএনডিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য ‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
এই ধারাবাহিকতায়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) বাংলাদেশ অফিসের প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপির রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়াইগার অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সারাদেশের আইনজীবীদের এই ধরনের প্রশিক্ষণের আওতায় আনতে বিভাগীয় স্তরে নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে ঐকমত্য গড়ে তোলা হয়।
কর্মসূচির মূল লক্ষ্য হলো আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা ও স্বাধীনতা জোরদার করা, মানবিক মর্যাদা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করা।
প্রাথমিক পর্যায়ে ২০২৬ সালের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এটি সম্প্রসারণ করা হবে।
প্রতিটি বিভাগভুক্ত জেলা বার ও চৌকি বারের আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিচ্ছেদের পর সাবেক প্রেমিক বা প্রেমিকাকে সম্পূর্ণভাবে ভুলে যেতে কতটা সময় প্রয়োজন? এক মাস, দুমাস নাকি তারও বেশি সময় লাগবে? সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, এক্সকে ভুলতে আপনার ধারণার চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে।
গবেষণাটি জানাচ্ছে, দীর্ঘমেয়াদি সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাবেক সঙ্গীর প্রতি আবেগ পুরোপুরি কাটিয়ে উঠতে গড়ে প্রায় আট বছর সময় প্রয়োজন হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এই সময় কম বা বেশি হতে পারে।
স্যোশাল সাইকোলজিক্যাল এন্ড পার্সোনালিটি সাইন্স জার্নালে প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এতে ৩০০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন, যাদের অন্তত দুই বছর স্থায়ী দীর্ঘমেয়াদি সম্পর্ক কয়েক বছর আগে শেষ হয়েছিল।
গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের বিচ্ছেদের পর গড়ে প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে। তবুও, তাদের অনেকেই জানিয়েছেন, সাবেক সঙ্গীর প্রতি কিছুটা আবেগ তখনও রয়ে গেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, একজন সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি আবেগ অর্ধেক কমে আসতে গড়ে ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। পুরোপুরি আবেগগতভাবে বিচ্ছিন্ন হতে আরও বেশি সময় প্রয়োজন—গড়ে প্রায় আট বছর।
তবে সবার জন্য এই সময় এক রকম নয়। কিছু মানুষ কয়েক বছর পরও সাবেক সঙ্গীর প্রতি এমন আবেগ অনুভব করেন, যা একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের প্রতি অনুভূতির চেয়ে বেশি শক্তিশালী।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বিচ্ছেদের পর সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ বজায় রাখা আবেগ কাটিয়ে ওঠার প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। অন্যদিকে, নতুন সম্পর্কে জড়ানো মানেই যে পুরোনো সম্পর্ক দ্রুত ভুলে যাওয়া যাবে—এমন প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি।
যাদের মধ্যে উদ্বেগপ্রবণতার প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে সাবেক সঙ্গীকে ভুলে যেতে তুলনামূলকভাবে বেশি সময় লেগেছে। আর যেসব সাবেক দম্পতির সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে শুরুতে আবেগের বন্ধন বেশি শক্তিশালী হলেও দীর্ঘমেয়াদে সেই আবেগ তুলনামূলক দ্রুত কমে আসতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়ে গেছে। চার দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সন্ধ্যার দিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাশিনগর আল আমিন মাদরাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার কাশিনগর আল আমিন মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিকেল পেরিয়ে রাত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে চারদিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তাছলিমা আক্তার গণমাধ্যমকে জানান, "বৃহস্পতিবার মাহি সহপাঠী তানিশা আক্তারের সঙ্গে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ পর্যন্ত সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেছি। কোথাও হদিশ মিলছে না। একইভাবে তানিশার পরিবারও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। আমরা প্রশাসনের সহায়তা চাই।"
কাশিনগর আল আমিন মাদরাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, "গত বৃহস্পতিবার তারা মাদরাসায় উপস্থিত হয়নি। তাদের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, তারা দুজন মাদরাসায় আসার পথে নিখোঁজ হয়েছে।"
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন গণমাধ্যমকে জানান, "রোববার বিকেলে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ ৫০ হাজার টাকা, মানিব্যাগ, গলায় থাকা সোনার চেইন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এস এম হাসান রাজু নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) এক নেতার বিরুদ্ধে উঠেছে।
রাজু বরিশালে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিএম কলেজের সাবেক সভাপতি।
গত ২২ মে সকালে বরিশাল বিএম কলেজের সামনে অবস্থিত একটি এটিএম বুথ থেকে ওই ছাত্রলীগ কর্মীর এটিএম কার্ড ব্যবহার করে ৩ ধাপে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়ার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আবু বকর নামে নিষিদ্ধ ওই ছাত্রলীগ কর্মীকে নিয়ে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে ঢুকছেন রাজু ও তার এক সহযোগী। পরে ৩ ধাপে ওই ছাত্রলীগ কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়।
ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মীর অভিযোগ, এটিএম বুথ থেকে টাকা তোলার আগে তার মানিব্যাগ, মোবাইল ও গলায় থাকা একটি ৫ আনা সোনার চেইন জোরপূর্বক ছিনিয়ে নেন রাজু ও তার সহযোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত রাজু গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা। তিনি দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর জন্যই এমন অভিযোগ তোলা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের ভয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ জানায়নি ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ