ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে ১৩ হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে


নারায়ণগঞ্জে ১৩ হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৩টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এর পাশাপাশি, একটি হাসপাতাল লাইসেন্স ছাড়াই চলছে।

স্থানীয়দের অভিযোগ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কঠোর নির্দেশনার পরও স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে, উপজেলাবাসীর স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় লাইসেন্সের বৈধতা না থাকার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: নরসিংদী পৌরসভায় গণশৌচাগার সংকট, বিশ্ব শৌচাগার দিবসে ভোগান্তি

সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চারটি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। তবে, এর মধ্যে ১৩টি হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

একটি হাসপাতাল লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র একটি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ এখনও শেষ হয়নি বলে জানা গেছে।

অনুমোদনহীন ক্লিনিকের চিকিৎসায় অবহেলার কারণে প্রসূতি মৃত্যুর মতো গুরুতর ঘটনা ঘটলেও তা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও লাইসেন্স নবায়ন না করে চলা ১৩টি প্রতিষ্ঠান হলো আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (সবশেষ নবায়ন ২০২০-২০২১), মা ও শিশু হাসপাতাল (২০২১-২০২২), হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২০২৩), জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২০২৩), এ টু জেড ডিজিটাল হাসপাতাল (২০২৩-২০২৪), সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হাসপাতাল (২০২৩-২০২৪), নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫), ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫) এবং পপুলার হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (২০২৫-২০২৬)।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে

অন্যদিকে, আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত প্রবাসীকল্যাণ হাসপাতালের কোনো স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। তিন বছর ধরে চলা হাসপাতালটির বিরুদ্ধে সম্প্রতি চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু ঘটেছে। পরে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে প্রবাসীকল্যাণ হাসপাতালের চেয়ারম্যান হযরত আলীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, চলতি বছরের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক পরিচালনা করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় ওই নির্দেশনায়।

আরও পড়ুন: গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত জাকির হোসেন

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আরিফুল ইসলাম বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রম সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারি বিধি প্রতিপালন ও স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে চলতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ থাকলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন বলেন, ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আইনবহির্ভূত কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না।

লাইসেন্স নবায়নের জন্য কোনো হাসপাতাল বা ক্লিনিকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিনা, জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘অনেকেই ইতোমধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলে শুনেছি। আমাদের সার্ভারে কিছুটা সমস্যা থাকায় নবায়ন প্রক্রিয়ায় দেরি হচ্ছে।’

আরও পড়ুন: রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

তবে নাম প্রকাশে সিভিল সার্জন কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, অভিযুক্ত হাসপাতাল ও ক্লিনিকের পক্ষ থেকে লাইসেন্স নবায়নের কোনো আবেদনপত্র পাননি তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধের মূল হোতাদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


অপরাধের মূল হোতাদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

বি এম নূর আলম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের সন্ত্রাস, সাইবার অপরাধ, সাশকতা সৃষ্টি, পরিকল্পনা, অর্থ প্রদান, হত্যা, মাদক ব্যবসা এবং অন্যান্য ভয়ংকর অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের ধরতে তৎপরতা বৃদ্ধি করেছে।

অপরাধ দমনে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক লেনদেনের বিশ্লেষণ, ডিজিটাল ফরেনসিক, নজরদারি এবং সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে মূল হোতাদের ধরার চেষ্টা চালাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বাসসকে জানিয়েছেন, অপরাধের প্রমাণ পেলে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। অপরাধের পরিকল্পনাকারী বা অর্থদাতা, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। আইন সকলের জন্য সমান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, সংগঠক, সহযোগী এবং পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া, মাদক উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও বিতরণের সঙ্গে যুক্ত নেটওয়ার্ক চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসার অর্থ কোথায় জমা হচ্ছে এবং এটি কারা নিয়ন্ত্রণ করছে, তা তদন্ত করা হচ্ছে। কম্পিউটার, মোবাইল ফোন, সার্ভার ও অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, প্রতারণামূলক প্রোফাইল এবং অনলাইন অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।

পুলিশ আরও জানায়, অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং অবৈধ অর্থ স্থানান্তরের উৎস অনুসন্ধানের জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী, ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের শনাক্ত করতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে। অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং পারস্পরিক যোগাযোগের প্রমাণ বিশ্লেষণ করতে স্থানীয় পুলিশ, গোয়েন্দা বিভাগ, সিআইডি, পিবিআই ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে তথ্য বিনিময় করে সমন্বিত তদন্তের পরিকল্পনা করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) কামারুম মুনিরা বাসসকে জানান, মাদক ব্যবসা, সাইবার অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে যারা অর্থায়ন, পরিকল্পনা বা সহযোগিতা করে, তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। গত ১ মে থেকে এসব অপরাধ নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে।

অপরাধের শিকড় নির্মূলে শুধু অপরাধীদের নয়, নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনা হবে।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, মাঠ পর্যায়ের অনেক অপরাধী গ্রেফতার হচ্ছে। কিন্তু যারা অর্থের জোগান দেয়, পরিকল্পনা তৈরি করে এবং অপরাধীদের নিয়ন্ত্রণ করে, তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও সফল হয়নি। ফলে অপরাধ নির্মূল করা সম্ভব হচ্ছে না।

তাদের মতে, যখন কোনো অপরাধ সংঘটিত হয়, তখন তদন্তের শুরুতে সরাসরি জড়িত ব্যক্তিরা গুরুত্ব পায়। হামলা চালানো, ভয়ভীতি দেখানো, অর্থ আদায় করা বা অপরাধ সংঘটনের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিরা প্রথমে নজরে আসে। তবে তাদের পেছনে কারা রয়েছে, নির্দেশনা দিয়েছে এবং কারা অপরাধের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়েছে, এসব প্রশ্নের উত্তর অনেক সময় অজানাই থেকে যায়।

অনেক ক্ষেত্রে অপরাধীরা গ্রেফতার হওয়ার পরও নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে না। সাক্ষীদের ভয়ভীতি দেখানো, প্রমাণ নষ্ট করা কিংবা তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও সামনে আসে। ফলে অপরাধের মূল পরিকল্পনাকারীরা নিরাপদ দূরত্বে থেকে নিজেদের প্রভাব ও অর্থনৈতিক অবস্থান অক্ষুণ্ন রাখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নেপথ্যের হোতাদের আইনের আওতায় আনার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, অপরাধের পেছনে গড়ে উঠেছে সংঘবদ্ধ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে পরিকল্পনাকারী, অর্থদাতা, তথ্য সরবরাহকারী রয়েছে। তারা প্রভাবশালী এবং অনেকেই বিদেশে বসে অপরাধ সংঘটিত করেন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরতে পারছে না। কিছু কিছু ঘটনায় নেপথ্যের অপরাধীরা ধরা পড়লেও সহজে ছাড়া পেয়ে যাচ্ছে। ফলে অপরাধ আরও বৃদ্ধি পাচ্ছে। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোর হতে হবে। তিনি বলেন, পর্দার আড়ালে থাকা ভয়ংকর অপরাধীদের মুখোশ উন্মোচন এবং তাদের আইনের আওতায় আনাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, অপরাধ জগতের অন্যতম চালিকাশক্তি অর্থ। চাঁদাবাজি, অবৈধ দখল, প্রতারণা, জালিয়াতি কিংবা বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ অনেক সময় নতুন অপরাধের অর্থায়নে ব্যবহৃত হয়। অপরাধের অর্থনৈতিক সুবিধাভোগীদের শনাক্ত করা না গেলে অপরাধের শিকড় উপড়ে ফেলা কঠিন। রাজনৈতিক, সামাজিক কিংবা প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগও বিভিন্ন অপরাধের ঘটনায় আলোচনায় আসে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত ও নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ। কারও পরিচয় বা প্রভাবের কারণে যেন তদন্ত বাধাগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তাদের মতে, অপরাধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। একজন ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হলে তিনি ব্যবসার নিরাপত্তা হারান। একজন সাধারণ নাগরিক প্রতারণার শিকার হলে তিনি সারা জীবনের সঞ্চয় হারান। সহিংস অপরাধের ঘটনায় কখনো কোনো পরিবার হারায় প্রিয়জনকে। এসব ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে শুধু ক্ষতির বোঝা বহন করতে হয় না, অনেক ক্ষেত্রে দীর্ঘ আইনি প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ এবং নিরাপত্তাহীনতার মধ্য দিয়েও যেতে হয়।

অপরাধীরা যদি বুঝতে পারে যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত পার পাওয়া সম্ভব, তাহলে অপরাধের প্রবণতা আরও বেড়ে যায়। অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক লেনদেনের অনুসন্ধান, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচারপ্রক্রিয়া কার্যকর করা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত অপরাধের পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত অপরাধের চক্র ভাঙা কঠিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এপেক নেতাদের সঙ্গে গ্রুপ ছবিতে সি, ট্রাম্প ও পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এপেক নেতাদের সঙ্গে গ্রুপ ছবিতে সি, ট্রাম্প ও পুতিন

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বহুল আলোচিত ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের প্রাক্কালে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে একটি গ্রুপ ছবিতে উপস্থিত হয়েছেন।

এ খবর চীনের শেনঝেন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের জন্য শেনঝেন শহরে তোলা ছবিতে সি, ট্রাম্প এবং পুতিন মাঝখানে অবস্থান করছেন। এ সময় কানাডার মার্ক কার্নি, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ এবং জাপানের সানায়ে তাকাইচিসহ অন্যান্য দেশের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান আইবিসির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


মজুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান আইবিসির

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) শ্রমিকদের কাজে যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে, যতক্ষণ না মজুরি বোর্ডের চূড়ান্ত ঘোষণা আসে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটি পাঁচ দফা দাবিতে কথা বলে, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ এবং গ্রেফতার শ্রমিক নেতাকর্মীদের মুক্তি।

আইবিসি জানায়, শিল্পকারখানা বন্ধ হলে শ্রমিকদের মজুরির উৎসও বন্ধ হয়ে যাবে। তাই অর্থনীতির স্বার্থে শ্রমিকদের কাজে ফিরে আসা এবং উৎপাদন সচল রাখা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবিত মজুরি কাঠামোকে অপ্রাসঙ্গিক ও বাস্তবতাবহির্ভূত বলে প্রত্যাখ্যান করে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন,

মজুরি বোর্ড প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের জন্য দেশের আর্থসামাজিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিবেচনায় নেয়া জরুরি।

সিপিডি জানায়, ২০২৩ সালের ১২,৫০০ টাকা মূল্যস্ফীতি বিবেচনায় চারজনের পরিবারের জন্য ২০২৬ সালে মজুরি হতে পারে ১৬,৩৫১ টাকা। দারিদ্রসীমার আলোকে মজুরি হতে পারে ১৮,৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক জীবনযাপনে ব্যয় নির্বাহ বিবেচনায় মজুরি হতে পারে ২৪,২০৪ টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেয়াকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, "বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেয়া হয়েছে, তা লজ্জার।" প্রধান বিচারপতি আরও বলেন, এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও অভিহিত করেছেন তিনি।

শুনানির সময় আপিল বিভাগে একটি প্রশ্ন উঠে আসে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সি একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া সম্ভব?

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল।

সেই আসামিরা হলেন: আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। তারা এই সাজার বিরুদ্ধে আপিল করেছেন। বর্তমানে তিনজনই কারাগারে অবস্থান করছেন।

নকলার চারজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা; কিন্তু আমিনুজ্জামানের বয়স এত হওয়া সত্ত্বেও এমন বিচার নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্ন উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%