প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৩টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এর পাশাপাশি, একটি হাসপাতাল লাইসেন্স ছাড়াই চলছে।
স্থানীয়দের অভিযোগ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কঠোর নির্দেশনার পরও স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে, উপজেলাবাসীর স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় লাইসেন্সের বৈধতা না থাকার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চারটি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। তবে, এর মধ্যে ১৩টি হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
একটি হাসপাতাল লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র একটি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ এখনও শেষ হয়নি বলে জানা গেছে।
অনুমোদনহীন ক্লিনিকের চিকিৎসায় অবহেলার কারণে প্রসূতি মৃত্যুর মতো গুরুতর ঘটনা ঘটলেও তা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও লাইসেন্স নবায়ন না করে চলা ১৩টি প্রতিষ্ঠান হলো আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (সবশেষ নবায়ন ২০২০-২০২১), মা ও শিশু হাসপাতাল (২০২১-২০২২), হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২০২৩), জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২০২৩), এ টু জেড ডিজিটাল হাসপাতাল (২০২৩-২০২৪), সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হাসপাতাল (২০২৩-২০২৪), নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫), ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫) এবং পপুলার হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (২০২৫-২০২৬)।
অন্যদিকে, আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত প্রবাসীকল্যাণ হাসপাতালের কোনো স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। তিন বছর ধরে চলা হাসপাতালটির বিরুদ্ধে সম্প্রতি চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু ঘটেছে। পরে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে।
এ বিষয়ে প্রবাসীকল্যাণ হাসপাতালের চেয়ারম্যান হযরত আলীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, চলতি বছরের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক পরিচালনা করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় ওই নির্দেশনায়।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আরিফুল ইসলাম বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রম সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারি বিধি প্রতিপালন ও স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে চলতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ থাকলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন বলেন, ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আইনবহির্ভূত কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না।
লাইসেন্স নবায়নের জন্য কোনো হাসপাতাল বা ক্লিনিকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিনা, জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘অনেকেই ইতোমধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলে শুনেছি। আমাদের সার্ভারে কিছুটা সমস্যা থাকায় নবায়ন প্রক্রিয়ায় দেরি হচ্ছে।’
তবে নাম প্রকাশে সিভিল সার্জন কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, অভিযুক্ত হাসপাতাল ও ক্লিনিকের পক্ষ থেকে লাইসেন্স নবায়নের কোনো আবেদনপত্র পাননি তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন