প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রিটেনে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটেছে। কাশিম চৌধুরী নামের ওই ব্যক্তি একাধিক সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি একই সময়ে পাঁচটি সরকারি চাকরি পালন করছিলেন।
৫৬ বছর বয়সী কাশিম চৌধুরীর বিরুদ্ধে মোট ৯টি প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। সাত ঘণ্টার বিচার-বিশ্লেষণের পর জুরি বোর্ড তাকে আটটি মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা এবং একটি তথ্য গোপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে।
বিচারক জানিয়েছেন, কাশিমকে ‘উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড’ ভোগ করতে হতে পারে। অপরাধের গুরুত্ব এবং তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিচারক জামিনও নাকচ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিমের আটটি পূর্ণকালীন সরকারি চাকরি ছিল। এসব চাকরির সময়সীমা একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় তিনি মোট ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন।
প্রসিকিউশনের অভিযোগ, চাকরির আবেদনপত্রে কাশিম নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তিনি সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে গোপন করেন। চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার তথ্য নিয়োগকর্তাদের জানাননি।
২০২৩ সালে কাশিম একসঙ্গে পাঁচটি সরকারি চাকরি করতেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ; স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ; যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ); ব্যবসা ও বাণিজ্য বিভাগ; খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা এবং স্বরাষ্ট্র দপ্তর। ওই সময়ে তার চুক্তি অনুযায়ী সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজ করার কথা ছিল, যা সাত দিনের মোট সময়ের চেয়েও বেশি।
কাশিমের দাবি, অতীতে চাকরির অনিশ্চয়তার অভিজ্ঞতা থাকায় জীবিকা হারানোর ভয়ে তিনি একের পর এক চাকরি নিয়েছিলেন। ২০১৩ সালে শিক্ষা বিভাগের একটি চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) শনাক্ত হয়। মানসিক চাপ, উদ্বেগ ও অতীতের আঘাতের কারণে চাকরির আবেদন করার সময় তিনি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেননি বলেও দাবি করেন।
তবে প্রসিকিউটর লুসি অর্গান আদালতে বলেন, কাশিম সাক্ষ্য দেওয়ার সময় এবং শপথের অধীনেও মিথ্যা বলেছেন। তার এই আচরণ প্রতারণার গভীরতা প্রকাশ করে।
আদালতে তার একাধিক ব্যবস্থাপক কর্মক্ষেত্রে কাশিমের দুর্বল কর্মদক্ষতার কথা তুলে ধরেন। ডেফরায় তার ব্যবস্থাপক ড্যান ম্যাককার্টনি জানান, কাশিমকে প্রায় সব সময় বলে দিতে হতো কী করতে হবে। ভিডিও কলে কাশিম প্রায়ই ক্যামেরা বন্ধ রাখতেন এবং কারিগরি সমস্যার অজুহাত দিতেন। এভাবে চার থেকে পাঁচ মাস চললেও আনুষ্ঠানিক কর্মদক্ষতা মূল্যায়নের আওতায় না থাকায় তিনি স্থায়ী চাকরি পান এবং সেখানে দুই বছর কাজ করেন।
প্রসিকিউশনের অভিযোগ, অসম্ভব কর্মসূচি সামাল দিতে কাশিম অসুস্থতার সনদ ব্যবহার করতেন। ২০২৩ সালের মার্চে তিনি চারটি প্রতিষ্ঠানে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তবে স্বরাষ্ট্র দপ্তরে কাজ চালিয়ে গেলেও সেখানে অসুস্থতার কথা জানাননি।
একই বছরের মে মাসে ইউকেএইচএসএর ব্যবস্থাপক আলিশা অ্যাডামস তার সঙ্গে ভিডিও বৈঠকের আয়োজন করেন। তখন কাশিম তিন মাস ধরে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তাকে কাজে ফেরানোর পরিকল্পনা করতেই ওই বৈঠক ডাকা হয়েছিল।
আদালতে অ্যাডামস জানান, বৈঠকের শুরুতে কাশিমকে প্রচুর কাশতে দেখা যায় এবং তিনি ক্যামেরার সামনে টিস্যু নাড়াচ্ছিলেন। তার মুখে সাদা মেকআপ ছিল বলে সন্দেহ হয়। বৈঠক চলার সময় ঘাম ও ঘষার কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে। তখন নিচের অংশ ও ঘাড়ের রং তুলনামূলক গাঢ় দেখা যাচ্ছিল। তবে কাশিম মেকআপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।
বৈঠকের পর অ্যাডামস জানতে পারেন, কাশিম ডেফরার ইমেইল ঠিকানা ব্যবহার করে ইউকেএইচএসএর বৈঠকে যুক্ত হয়েছিলেন। বিষয়টি জানতে চাইলে তিনি কারিগরি ত্রুটির অজুহাত দেন। পরে অ্যাডামসের সন্দেহ হলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপরও কয়েক মাস তার প্রতারণামূলক কর্মকাণ্ড চলতে থাকে।
২০২৩ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের মাধ্যমে ডেফরার কাছে সন্দেহজনক প্রতারণার তথ্য পৌঁছায়। পরে ডেফরার তদন্ত দল অনুসন্ধান শুরু করে। ওই বছরের জুলাইয়ে কাশিমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেপ্টেম্বরে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এদিকে, মায়ের মৃত্যুর কয়েক দিন আগে পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে লিখে নিতে তাকে চাপ দেওয়ার অভিযোগও তুলেছেন কাশিমের ভাই-বোনরা।
এ নিয়ে হাইকোর্টে করা মামলায় তার দুই ভাই ও এক বোন অভিযোগ করেছেন, মা ফাইজুন নেসাকে ‘অযাচিত প্রভাব’ খাটিয়ে এমন কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছিল, যার ফলে বাড়ির অর্ধেক অংশ কাশিমের মালিকানায় চলে যায়।
পূর্ব লন্ডনের চারতলা ও ছয় শয়নকক্ষের বাড়িটির মূল্য ২১ লাখ পাউন্ড। ভাই-বোনদের দাবি, মা তখন গুরুতর অসুস্থ ছিলেন এবং কী নথিতে স্বাক্ষর করছেন, তা বোঝার মতো অবস্থায় ছিলেন না। ২০২৩ সালের জানুয়ারিতে তার কোলোরেক্টাল ক্যানসারের চতুর্থ পর্যায় শনাক্ত হয়। তিনি প্রায় অন্ধ ছিলেন এবং ইংরেজিতে কথা বলতে পারতেন না। অথচ স্বাক্ষরের সময় নথিগুলো তার মাতৃভাষা বাংলায় অনুবাদ করা হয়নি।
তবে ভাইবোনদের এসব অভিযোগ অস্বীকার করেছেন কাশিম চৌধুরী। এ মামলার বিচার এখনো চলমান। সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন