মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৪৯ পি.এম
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও স্বর্ণের দামে কোন পরিবর্তন দেখা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ অবস্থানে থাকার আশঙ্কার কারণে স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুটির দামে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৮টার দিকে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ২৯ ডলার ছিল। যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও প্রায় স্থির থেকে ৪ হাজার ৩৮১ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
সাধারণভাবে মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। কিন্তু যখন সুদের হার বেশি থাকে, তখন স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমে যায়। কারণ, সেই সময় বিনিয়োগকারীরা সুদ বা মুনাফা পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় কোন অর্থনৈতিক তথ্য প্রকাশের পরিমাণ কম থাকায় বিনিয়োগকারীরা ফেড কর্মকর্তাদের বক্তব্যের দিকে নজর রাখছেন। বিশেষ করে অক্টোবর মাসে কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া যায় কি না, সে বিষয়ে তাদের দৃষ্টি রয়েছে। এই কারণে স্বর্ণের দাম স্থবির হয়ে পড়েছে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন মন্তব্য করেছেন, সাম্প্রতিক উচ্চ অবস্থান থেকে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করলে মূল্যস্ফীতির আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। এতে সুদের হার নিয়ে উদ্বেগ তীব্র হবে এবং স্বর্ণের দামও চাপের মুখে থাকতে পারে।
গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ নীতিগত সুদের হার ০.২৫ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করেছে। পাশাপাশি আগামী মাসগুলোতে আরও সুদ বাড়ানোর ইঙ্গিতও দিয়েছে।
সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেছেন, শক্তিশালী চাহিদা এবং তেলের বাইরের বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে তৈরি হওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডকে আরও সুদের হার বাড়াতে হতে পারে। তার মতে, অপেক্ষা করার চেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়াই উত্তম।
এদিকে, কয়েক দিনের দরপতনের পর মঙ্গলবার তেলের দাম কিছুটা বেড়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে বিনিয়োগকারীরা নতুন কোন অগ্রগতির অপেক্ষায় রয়েছেন। এই কারণে তেলের দাম উত্থান-পতনের মাঝে রয়েছে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও বাজারে প্রভাব ফেলছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনে হুথি যোদ্ধারা সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরীয় উপকূল বিচ্ছিন্ন করতে কৌশলগত উচ্চভূমি দখলের চেষ্টা করছে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ১৯ ডলারে উঠেছে। প্লাটিনামের দামও ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯২ দশমিক ৭৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৫ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জার্মানির বিজ্ঞানীরা জানিয়েছেন, "দিনে ২২ মিনিট চুমু খেলে আয়ু বাড়বে ৭ বছর"। তবে এই দাবি পুরোপুরি সত্য নয়। এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অতিরঞ্জিত তথ্য। মূল গবেষণা এবং এর পেছনের প্রকৃত তথ্য সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন।
"৮০-এর দশকে জার্মানির মনোবিজ্ঞানী, ড. আর্থার সাবোর" নেতৃত্বে একটি দীর্ঘমেয়াদি গবেষণা পরিচালিত হয়েছিল। ওই গবেষণায় দেখা গিয়েছিল— যেসব স্বামী প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে তাদের স্ত্রীকে বিদায়ী চুম্বন দেন, তারা অন্যদের তুলনায় গড়ে ৫ বছর বেশি বাঁচেন।
চুম্বন যে ভালোবাসা বৃদ্ধি করে এবং অবসাদ দূর করে, এ কথা "কামসূত্রে" উল্লেখ করা হয়েছে। চুম্বন অবশ্যই সম্ভোগকে আনন্দময় করে, কিন্তু এটি মানসিক চাপও কমাতে সাহায্য করে। কামসূত্রের যুগ পেরিয়ে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আজও বিজ্ঞানীরা একই কথা বলছেন। দিনে ২২ মিনিট চুমু খেলে আয়ু বাড়ে ৭ বছর, পুরনো জার্মান গবেষণা তেমনটাই নির্দেশ করে।
মনোবিদ আর্থার জাবোরের নাম এখানে উল্লেখ করা যেতে পারে। তবে তিনি যা বলেছিলেন, তা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। গত শতকের আটের দশকে জার্মানির এ মনোবিদ একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেখানে বলা হয়েছিল— যেসব পুরুষ সকালে কাজে যাওয়ার আগে স্ত্রীকে চুমু খান, তারা চুমু না খাওয়া পুরুষদের তুলনায় গড়ে ৫ বছর বেশি বাঁচেন।
কালক্রমে সামাজিক মাধ্যমে সেই ৫ বছর থেকে বেড়ে ৭ বছরে পরিণত হয়েছে। সকালের বিদায়ী চুমু এখন ২২ মিনিটের চুম্বনে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ বিষয়টি যে অতিরঞ্জিত, তাতে সন্দেহ নেই। কিন্তু চুম্বনের সঙ্গে আয়ুর সম্পর্ক অস্বীকার করা যাবে না। জাবো সেদিকেই আলোকপাত করেছেন। নিয়মিত চুম্বনে ‘ফিল গুড’ হরমোন নিঃসৃত হয়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সামগ্রিকভাবে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।
গবেষকরা বলছেন, এ ধরনের ঘনিষ্ঠতা প্রায়শই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং দীর্ঘ ও সুখী জীবনযাপনে সহায়তা করে। বিষয়টি স্টপওয়াচ ধরে সময় মাপার মতো নয়। এখানে মূল বিষয় হল পারস্পরিক বন্ধন। সেই বন্ধনের প্রেম স্পর্শই শরীরে যোগ করে আয়ু। সুতরাং ৫ বা ৭ বছর কিংবা ২২ মিনিটের কথা না ভেবে দিনে নির্দিষ্ট সময়ে ভালোবাসার মানুষের কাছাকাছি থাকা উচিত।
এ প্রসঙ্গে বলা যায়, চুম্বনের বিবিধ উপকারিতার কথা বিজ্ঞানীরা উল্লেখ করেন। যেমন চুমু খেলে রক্তচাপ কমে। ব্যথা কমে। এমনকি চুম্বনে লালারসের বিনিময়ের ফলে মুখের স্বাস্থ্য ও দাঁত ভালো থাকে। ফলে খাবারের টুকরো দাঁতের ফাঁকে আটকে থাকে না। লালা বিনিময়ের ফলে নতুন সব অণুজীবের সংস্পর্শে আসে মানুষ। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য এক ধরনের প্রাকৃতিক 'ক্রস-ট্রেনিং' হিসেবে বিবেচিত হয়।
তবে লালারসের বিনিময় ছোঁয়াচে অসুখও ডেকে আনতে পারে। কিন্তু যদি সঙ্গী বা সঙ্গিনী বহুদিনের হয়, তবে এ বিপদ অনেকটাই কমে যায়। সুতরাং স্বামী-স্ত্রী পরস্পরকে চুম্বন করলে তার ফল যে ভালো হতে পারে, সেই সম্ভাবনাই বেশি।
এছাড়া ভালোবাসা ছড়িয়ে দিতে পারলেই যে জীবনীশক্তি মেলে, সে কথা নতুন নয়। বিখ্যাত ব্যান্ড 'ঈগল'-এর সেই লাইনটা মনে করুন— হোয়েন উই আর হাংরি/ লাভ উইল কিপ আস অ্যালাইভ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম ওরফে তুহিন এবং ফাহাদের পূর্বপরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
অপ্রতিমের বাবা, ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ারের দায়ের করা হত্যা মামলায় তুহিন ও ফাহাদসহ চারজনকে আটক করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তুহিনকে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইল ফোনে আসা একাধিক কলের সূত্র ধরে অপর দুই কিশোরের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে।
পুলিশের মতে, অপ্রতিমের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য থেকেই হত্যাকাণ্ডের সূচনা ঘটে। তবে তদন্তে আইফোনের পাশাপাশি পাঁচ হাজার টাকা ধার দেওয়ার বিষয়েও বিরোধের তথ্য পাওয়া গেছে। এই বিরোধ হত্যাকাণ্ডের পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেদকের অনুসন্ধানে, অভিযুক্তদের সঙ্গে স্থানীয় ‘কোটবাড়ি বাইকার্স গ্রুপ’ নামের একটি কিশোর গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে। ফাহাদ ও কামরুলকে ওই গোষ্ঠীর নেতৃস্থানীয় সদস্য রাতুলের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে রাতুলকে কোটবাড়ি এলাকায় শোডাউনে অংশ নিতে দেখা যায়।
তুহিনের বিরুদ্ধে আগের অভিযোগ
প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিনের বিরুদ্ধে এর আগে বন্ধুর মোটরসাইকেল ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ২০২৫ সালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী সোহাগের মা মরিয়ম আক্তার।
অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে কুমিল্লার সালমানপুরে অলি মিয়ার দোকানের সামনে থেকে সোহাগের মোটরসাইকেলটি নিয়ে যান তুহিন। পরে মোটরসাইকেলটি ফেরত না দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেন সোহাগের মা। অভিযোগে মোটরসাইকেলটির ক্রয়মূল্য ২ লাখ ৫ হাজার টাকা উল্লেখ করা হয়।
সোহাগের পরিবারের অভিযোগ, তুহিনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের ভালো সম্পর্ক থাকায় তিনি আগেও বিভিন্ন ঘটনায় পার পেয়ে গেছেন।
অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা গিয়েছে
প্রতিবেদকের হাতে আসা সিসিটিভি ফুটেজে প্রধান অভিযুক্ত তুহিনের সঙ্গে অপ্রতিমকে হেঁটে যেতে দেখা যায়। পরে তারা একটি অটোরিকশায় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে নামেন।
ফাহাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট
অভিযুক্ত ফাহাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি পোস্ট করেন। ছবিটির সঙ্গে তিনি ‘১৯৮০ এর রাজত্ব’ লিখেছিলেন।
এর চার দিন পর, ১৫ সেপ্টেম্বর, ‘কোটবাড়ি বাইকার্স গ্রুপ জুনিয়র’-এর নেতৃস্থানীয় সদস্য রাতুলের জন্মদিন উদযাপনের একটি ছবি ফাহাদের অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ছবিতে ওই গোষ্ঠীর কয়েকজন সদস্যের সঙ্গে তাকে দেখা যায়।
হত্যাকাণ্ডের অন্যতম আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ অপ্রতিমের বাবা ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ারের মোবাইল সরঞ্জামাদি ব্যবসা প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে চাকরি করতেন। দুই সপ্তাহ আগে ১৪ হাজার টাকা মাসিক বেতনে তিনি কাজে যোগ দেন। তবে, এখনো তার সঙ্গে চুক্তিপত্র হয়নি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে হত্যার ঘটনা ঘটে। তবে তদন্তে আইফোনের পাশাপাশি পাঁচ হাজার টাকা নিয়ে ফাহাদের সঙ্গে আরেকটি বিরোধের তথ্যও পেয়েছে পুলিশ।
সূত্র বলছে, ফাহাদকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিল অপ্রতিম। সম্প্রতি সে টাকা ফেরত চায়। এ নিয়ে অপ্রতিমের ওপর বিরক্ত ছিল ওই কিশোর। অপ্রতিম বেঁচে না থাকলে টাকা ফেরত দিতে হবে না—এমন চিন্তাও তার মধ্যে ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাই তুহিনের সঙ্গে হত্যাকাণ্ডে ফাহাদও জড়িয়ে পড়ে।
অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে এসব ব্যক্তি ও ঘটনার পারস্পরিক যোগসূত্র কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো তদন্তাধীন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পরিকল্পনায় কারা জড়িত ছিল এবং প্রত্যেকের ভূমিকা কী—এসব বিষয় আরও যাচাই-বাছাই করা হচ্ছে।
এছাড়াও, তৃতীয় আসামি কামরুলের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা বিভিন্ন সময়ের পোস্ট থেকে জানা যায় সে স্থানীয় 'কোটবাড়ি বাইকার্স গ্রুপ' নামক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।
অপ্রতিম নিখোঁজ হওয়া ও তার লাশ পাওয়ার পরে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে চারটি পোস্ট দিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনীম এবং সাবেক প্রথম সচিব মো. ঈদতাজুল ইসলামসহ সংশ্লিষ্টদের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, মুনীম, ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া, এসব হিসাবের অর্থ হস্তান্তর বা বেহাতের চেষ্টা হচ্ছে বলে দুদক বিশ্বস্ত সূত্রে তথ্য সংগ্রহ করেছে।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মো. সাইদুজ্জামান আদালতে এই আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধান শেষ হওয়ার পূর্বে সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এই কারণে ব্যাংক হিসাবগুলো অবিলম্বে ফ্রিজ করা প্রয়োজন।
আদালতের আদেশে আবু হেনা মো. রহমাতুল মুনীমের নামে ব্র্যাক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংকের একাধিক হিসাব রয়েছে। তার স্ত্রী লায়লা জেসমিনের নামেও অগ্রণী ও প্রাইম ব্যাংকের হিসাব রয়েছে।
ঈদতাজুল ইসলামের নামে ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক (এমবিপিএলসি) ও সোনালী ব্যাংকের একাধিক হিসাব রয়েছে। এছাড়া, শর্মি মালা আনসারীর নামেও মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উত্তরা ব্যাংকের একাধিক হিসাব রয়েছে।
দুদকের আবেদনে মোট ২৫টি ব্যাংক হিসাবের তথ্য প্রদান করা হয়েছে। এসব হিসাবের মধ্যে ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও উত্তরা ব্যাংকের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।
আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে কমিশনের অনুমোদন নিয়ে সেগুলো ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করা হবে।
এর আগে মুনীম, ঈদতাজুল ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ, যিনি লিভারপুলের সাবেক ফুটবলার, ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। চেশায়ারের উইল্মসলো এলাকায় তার রোলস-রয়েস গাড়ি নির্ধারিত গতিসীমা অতিক্রম করার কারণে এই শাস্তি প্রদান করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ সালাহর বিলাসবহুল গাড়িটি ৩০ মাইল (প্রায় ৪৮ কিলোমিটার) গতিসীমার একটি সড়কে ঘণ্টায় ৩৬ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার) বেগে চলতে দেখা যায়। তবে ৩৪ বছর বয়সী এই ফুটবলার পুলিশকে গাড়িটি চালাচ্ছিলেন কে সে বিষয়ে কোনো তথ্য দেননি।
চেশায়ার পুলিশ এ ঘটনায় একটি নোটিশ পাঠালেও সালাহ তার জবাব দেননি। অভিযোগের বিষয়ে আদালতে কোনো বক্তব্য বা জবাবও জমা দেননি তিনি।
ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায় মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালত তাকে চালকের পরিচয় সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে তাকে ছয় মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতিসীমা লঙ্ঘনের ঘটনায় জড়িত গাড়িটি ছিল সালাহর নামে নিবন্ধিত একটি রোলস-রয়েস স্পেক্টর। বিলাসবহুল এই গাড়িটির মূল্য ৪ লাখ ৬৬ হাজার ইউরোরও বেশি (প্রায় ৫ লাখ ৪৪ হাজার ডলার)।
এছাড়া ইংল্যান্ডে তার প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের বাড়িতে পাঠানো দুটি নোটিশেরও কোনো জবাব দেননি বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার মাত্র দুই দিন পর। গত ২৪ মার্চ লিভারপুল ক্লাব সালাহর বিদায়ের ঘোষণা দিয়ে জানায়, তিনি ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে ক্লাব ছাড়েন সালাহ। ২০২৫-২৬ মৌসুম শেষে তিনি তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দেন।
সম্প্রতি তুরস্কের লিগেও আলোচনায় ছিলেন মিসরীয় এই ফরোয়ার্ড। গালাতাসারাইয়ের বিপক্ষে ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন তিনি। চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত। তুরস্কে পাড়ি জমানোর পর থেকে সালাহ ইংল্যান্ডের বাইরে অবস্থান করলেও চেশায়ারের এই মামলার কারণে আবারও আলোচনায় উঠে এসেছেন।
এর আগে ইংল্যান্ডে মোটরযান-সংক্রান্ত আরও কয়েকটি ঘটনায় নাম জড়িয়েছিল সালাহর। ২০২২ সালে ফেরারি এফ৮ ট্রিবুটো চালিয়ে গতিসীমা অতিক্রম করায় তাকে জরিমানা করা হয় এবং ড্রাইভিং লাইসেন্সে তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করা হয়।
এছাড়া ২০১৮ সালে অ্যানফিল্ডের কাছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল তাকে। তবে সে ঘটনায় অভিযোগ আনার মতো পর্যাপ্ত প্রমাণ না থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
লিভারপুল অধ্যায়ের ইতি টেনে বর্তমানে তুরস্কে নতুন যাত্রা শুরু করেছেন সালাহ। তবে তার রোলস-রয়েসের চালকের পরিচয় না দেওয়ার ঘটনায় পাওয়া এই ছয় মাসের নিষেধাজ্ঞা আবারও তাকে ইংল্যান্ডের সংবাদমাধ্যমের শিরোনামে নিয়ে এসেছে।
সূত্র: সামা টিভি অনলাইন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ