০৮:০৬ পি.এম
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি কমপ্লেক্সের ভেতরে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণের ফলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়ে গেছে। ধসে পড়া খনির ভেতরে এখনো আটকাবদ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ধসে পড়া অংশে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছেন বালুচিস্তানের খনি ও খনিজ সম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি।
বালুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অপারেশনস পরিচালক মুহাম্মদ ফাহাদ জানিয়েছেন, নিহত ৩৪ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শ্রমিককে খুঁজে বের করার জন্য উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রদেশের মুখ্য খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ বলেছেন, মাটির প্রায় ৪ হাজার ফুট বা এক হাজার ২১৯ মিটার গভীরে উদ্ধার অভিযান চলছে। দুর্গম এলাকা ও ধসে পড়া খনির কারণে অভিযান জটিল হয়ে উঠেছে।
অঞ্চলটির জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বালুচ জানিয়েছেন, পাশাপাশি থাকা দুটি কয়লাখনিতে মিথেন গ্যাস জমে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে খনি কমপ্লেক্সের বড় একটি অংশ ধসে পড়ে এবং শ্রমিকরা চাপা পড়েন।
বালুচিস্তানের কয়লাখনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই মিথেন গ্যাস জমে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই দুর্ঘটনার পর খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্রঃ রয়টার্স
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন