০৭:১৭ পি.এম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সুন্দরবন সংরক্ষণের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাতিসংঘ।
বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ হাজার ৯৪৭ কোটি ৭৮ লাখ টাকার সমান।
শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি দিনব্যাপী নাগরিক সংলাপের প্রধান অতিথি হিসেবে তিনি এ তথ্য প্রদান করেন। এই সংলাপটির শিরোনাম ছিল ‘সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
‘পিপলস ম্যানডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ সিরিজের আওতায় পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, সংসদ সদস্য মো. আব্দুল আলীমসহ নানা পর্যায়ের বিশিষ্টজনরা। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সুন্দরবন সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম উল্লেখ করেন, জাতিসংঘ সুন্দরবন সুরক্ষায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। সেইসঙ্গে সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবিকার উন্নয়নের জন্য আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। তাই আমাদের সকলের সুন্দরবন রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন