ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তেহরানে লাখো মানুষের শেষ শ্রদ্ধা, খামেনিকে বিদায় জানালেন শীর্ষ নেতারা


তেহরানে লাখো মানুষের শেষ শ্রদ্ধা, খামেনিকে বিদায় জানালেন শীর্ষ নেতারা

সঙ্গে শোকাহত মানুষ এবং মিত্র দেশগুলোর প্রতিনিধিরা তাঁদের মরদেহ যেখানে শায়িত রয়েছে, সেই তেহরানে সমাগম শুরু হয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, কর্তৃপক্ষের ধারণা, রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার আগে কয়েক কোটি মানুষ এতে অংশ নেবেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুতে চার মাস আগে খামেনি নিজ বাসভবনে হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন।

এএফপির প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানীর বিশাল গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শোকাহত মানুষ কাঁধে করে খামেনির কফিন বহন করছেন। তিন দশক ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দেওয়া খামেনির কফিন দেশের জাতীয় পতাকায় মোড়ানো ছিল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে শুক্রবার বিকেলে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

সামরিক বাহিনীর আদর্শিক শাখা **ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)’র প্রধান আহমাদ বাহিদিও ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম জনসমক্ষে উপস্থিত হন।

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান।

শনিবারের রাষ্ট্রীয় অনুষ্ঠানের আগে ফিলিস্তিনি সংগঠন হামাস ও লেবাননের হিজবুল্লাহর প্রতিনিধিদলও শোকানুষ্ঠানে অংশ নিতে এসেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

প্রায় ৩০টি দেশের প্রতিনিধি শেষকৃত্যে যোগ দেবেন বলেও আশা করা হচ্ছে। চীন ও ককেশাস অঞ্চলের প্রতিবেশী দেশগুলোও প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে।

দেশপ্রেম ও খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনের এ বিশাল আয়োজন উপলক্ষে বিপুলসংখ্যক দর্শনার্থীকে স্বাগত জানাতে তেহরান প্রস্তুতি নিচ্ছে।

৬১ বছর বয়সী শিক্ষক এজ্জাত শোআই এএফপিকে বলেন, ‘রাজধানীর বাইরে থেকে যারা আসছেন, তাঁদের স্বাগত জানাতে আমরা আমাদের বাড়িঘর প্রস্তুত করেছি।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে যাব।’

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

‘প্রতিশোধের আহ্বান’

বৃহস্পতিবার কালিবাফ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সমস্ত ইরানি জনগণ তাঁদের উপস্থিতির মাধ্যমে ইসলামি ইরানের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করুন।’

তিনি আরও বলেন, ‘প্রতিশোধের জন্য জাতির আহ্বান যেন পুরো বিশ্বের কানে পৌঁছে যায়।’

শেষকৃত্য উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্র্যান্ড মোসাল্লার দেয়ালজুড়ে খামেনির প্রতিকৃতি ও উদ্ধৃতিসংবলিত ব্যানার টাঙানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

রাজধানীর অন্য একটি বড় পার্ককে অস্থায়ী শিবিরে রূপান্তর করা হয়েছে। সেখানে রেড ক্রিসেন্টের শত শত তাঁবু স্থাপন করা হয়েছে।

খামেনির শেষযাত্রা যে আজাদি অ্যাভিনিউ দিয়ে যাবে, সেই সড়ক থেকে প্রতিবন্ধক সরানোর কাজও শুরু হয়েছে।

শোকযাত্রীদের গরম থেকে স্বস্তি দিতে রাস্তার মধ্যে পানি ছিটানোর জন্য ট্যাংকার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি লাল পতাকায় সজ্জিত একটি প্রতীকী নৌকাও স্থাপন করা হয়েছে, যা শিয়া ঐতিহ্যের একটি প্রতীক।

খামেনির মরদেহ তিন দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। তাঁর হামলায় নিহত পরিবারের সদস্যদের মরদেহও সেখানে রাখা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

তাদের মধ্যে রয়েছে তাঁর তিন বছর বয়সী নাতনির মরদেহও, যার কফিনও ইরানের জাতীয় পতাকায় মোড়ানো।

তেহরানে ছুটি, শহর ছাড়ছেন অনেক বাসিন্দা।

শেষকৃত্য ও দাফনের বিভিন্ন ধাপ উপলক্ষে তেহরান ছাড়াও পবিত্র শহর কোম ও মাশহাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

একই সঙ্গে যান চলাচলে বিধিনিষেধের কারণে শহরের কেন্দ্রীয় অংশের বড় এলাকা ব্যক্তিগত গাড়ির জন্য বন্ধ থাকবে।

শুক্রবার থেকে তেহরানের আকাশসীমা আংশিক ও সোমবার পুরোপুরি বন্ধ থাকবে।

তেহরানের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। এরপর ৯ জুলাই তাঁর জন্মস্থান উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হবে।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জনসমক্ষে না আসা খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি মূল রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

অনুষ্ঠানের আগে এএফপির প্রতিনিধিরা জানান, সাধারণ সময়ের তুলনায় তেহরান অনেকটাই শান্ত। ব্যস্ত সড়কগুলোতেও স্বাভাবিক যানজট দেখা যায়নি।

প্যারিসে অবস্থানরত এএফপির সাংবাদিকদের সঙ্গে কথা বলা কয়েকজন তেহরানবাসী জানিয়েছেন, তারা শহর ছেড়ে যাচ্ছেন।

২৯ বছর বয়সী প্রযুক্তিকর্মী সাঈদ বলেন, ‘তেহরান থেকে বের হওয়ার সড়কগুলো গাড়িতে ভরে গেছে।’

তিনি বলেন, ‘অনেকেই ইতোমধ্যেই উত্তরাঞ্চলে চলে গেছেন। আমিও যাচ্ছি, কারণ শহরে থাকা এখন সত্যিই খুব কঠিন হয়ে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাল বিভিন্ন দেশের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ এম


খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাল বিভিন্ন দেশের প্রতিনিধিদল

ইরানের কর্মকর্তাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তা ও বিদেশি গণ্যমান্য ব্যক্তিরা দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে, শহীদ খামেনির উত্তরাধিকার শুধু ইরান ও মুসলিম বিশ্বেই নয়, বরং সারা বিশ্বের স্বাধীনতাকামী ও ন্যায়বিচারকামী মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে।

আজ শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় এক ঐতিহাসিক ও ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইরানের তিনটি সরকারি শাখার প্রধানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, সংসদীয় স্পিকার, বিশেষ দূত, ধর্মীয় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও চিন্তাবিদরা শহীদ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে খামেনির লাশ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়।

অনুষ্ঠানে ইরানি কর্মকর্তা ও তাদের পরিবার, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি, প্রতিরোধ ফ্রন্টের শহীদ পরিবার এবং আরব উপজাতীয় নেতারাও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই এবং সদস্যপদ নির্ধারণী পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি।

বিদেশি অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ছিলেন- তুর্কমেনিস্তানের পিপলস কাউন্সিলের চেয়ারম্যান গুরবানগুলি বেরদিমুহামেদভ, ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির এবং ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি।

এছাড়া, ইরাক, আজারবাইজান, বাংলাদেশ, উজবেকিস্তান, বেলারুশ ও কিরগিজস্তানের সংসদ স্পিকার, নিকারাগুয়া, কঙ্গো ও বুর্কিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী, মিশরের সিনেট প্রেসিডেন্ট, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মহাসচিব, ওমানের সংসদ স্পিকারসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মহাসচিব নুরলান ইয়ারমেকবায়েভ, ডি-৮ সংস্থার মহাসচিব, এবং ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর উপ-মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারাও শহীদ খামেনির প্রতি শ্রদ্ধা জানান।

লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপ-প্রধান, তুরস্কের উপ-প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরাইজি, হামাস নেতৃত্ব পরিষদের প্রধান, কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী, লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মিশেল এমনাসা, পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, কিউবার উচ্চশিক্ষামন্ত্রী ওয়াল্টার বালুজা গার্সিয়া প্রমুখও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এসমাইল বাঘাঈ, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রায় ১০০টি দেশ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা এই বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। তিনি জানান, ‘প্রতিবেশী দেশগুলো থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এসেছে। কমপক্ষে আটজন সরকারের প্রধান (রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী) এবং ১২টি দেশের সংসদ স্পিকার উপস্থিত রয়েছেন। আরও অনেক দেশ পররাষ্ট্রমন্ত্রী, অন্যান্য মন্ত্রী অথবা বিশেষ দূত পর্যায়ে প্রতিনিধিত্ব করছে।’

তিনি আরও জানান, ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলো থেকে সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা এসেছেন। তবে যেসব ইউরোপীয় দেশ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনকে সমর্থন করেছে, তাদের আমন্ত্রণ করা হয়নি।

এটি আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর ইরানে অনুষ্ঠিত সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এই বহুমুখী অন্ত্যেষ্টিক্রিয়ায় ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষ শ্রদ্ধা জানাবেন বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠান শনি ও রোববারও চলবে। শনিবার সকাল ৬টায় সাধারণ মানুষের জন্য মোসাল্লার দরজা খুলে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সোমবার তেহরানে একটি বড় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পবিত্র শহর কোম, ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে অনুষ্ঠান শেষে ৯ জুলাই মাশহাদে দাফন করা হবে।

তথ্যসূত্র: প্রেস টিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা দেশের মানুষের সঙ্গে যায় না: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ এম


জামায়াত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা দেশের মানুষের সঙ্গে যায় না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর অবস্থান গণতান্ত্রিক নয়। তারা একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। তাদের লক্ষ্য শরিয়াভিত্তিক একটি ইসলামিক রাষ্ট্র গড়ে তোলা। যা দেশের সাধারণ মানুষের সঙ্গে যায় না।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, ‘দেশের মানুষ একটি উদারপন্থি রাজনীতির চাহিদা রাখে। ধর্মে যারা বিশ্বাস করেন, তারা ধর্মভীরু ব্যক্তি, ধর্মান্ধ নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে তাদের সরিয়ে দিয়েছি। কিন্তু আমাদের সামনে আবার নতুন একটি শক্তি উঠে এসেছে। ধর্মভিত্তিক একটি দল ১৯৭১ সালে স্বাধীনতায় বিশ্বাস করেনি, এটি অস্বীকার করা সম্ভব নয়। সেই দলটি আজ জনগণকে ভুল বুঝিয়ে ভোটব্যাংকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব আপনাদের।’

তিনি বলেন, ‘আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসাথে কাজ করতে চায়। আজ নানা মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। সুতরাং, নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এই বিভ্রান্তি রুখার জন্য।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তারা আন্দোলনের চেষ্টা চালাতে পারে। বলা হচ্ছে, জুলাই সনদ আমরা মানি না। আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করেছি। অথচ জুলাই সনদের প্রতিটি পাতায় বিষয়গুলো পরিষ্কারভাবে উল্লেখিত আছে এবং রাজনৈতিক দলগুলো সেগুলো মান্য করেছে। যারা নির্বাচনে জয়ী হবে, সেই দলের ইশতেহার অনুযায়ী জনগণের ম্যান্ডেট পূরণ হবে। তাই আমরা ম্যান্ডেট পেয়েছি। যাই বলেছি, জনগণের কাছে তা বাস্তবায়ন করতে চাই। প্রতিটি পর্যায়ে, প্রতিটি কথায় আমরা জুলাই সনদকে মেনে চলবো। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা অবশ্যই পূরণ করব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে সরঞ্জামসহ আন্তঃজেলা জুয়া চক্রের ১৩ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


রংপুরে সরঞ্জামসহ আন্তঃজেলা জুয়া চক্রের ১৩ সদস্য গ্রেফতার

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ আজ (শুক্রবার) নগরীর কোতোয়ালি থানার সাতমাথা নগর মাতৃসদন থেকে সরঞ্জামসহ একটি আন্তঃজেলা জুয়া চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সদর কোম্পানির একটি চৌকস দল ভোর ৩টায়(বৃহস্পতিবার দিবাগত রাত) সাতমাথা নগর মাতৃসদন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জুয়ার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- রংপুরের মো. এরশাদ হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. সাগর, মো. শহিদুজ্জামান, ও মো. সাজ্জাদ হোসেন; দিনাজপুরের মো. আব্দুল খালেক, মো. নবাব আলী, মো. রিপন, কৃষ্ণ কান্ত রায় ও অবিনাশ চন্দ্র এবং নীলফামারী জেলার মো. আব্দুল জলিল, মো. দিশাদ হোসেন ও মো. আল আমিন।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একটি আন্তঃজেলা জুয়া চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এবং অনলাইনে জুয়ার কার্যক্রম চালিয়ে আসছিল।

বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণের পর চক্রের অন্যান্য সদস্য এবং আর্থিক লেনদেন সম্পর্কে আরও তদন্ত চলছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে-পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে টিকটকে কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ এম


নড়াইলে টিকটকে কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নড়াইলে টিকটকে কমেন্ট করা নিয়ে বিরোধের কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার রতডাঙ্গা মধ্য পাড়া এলাকায় সংঘর্ষের বিষয়টি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিওর পোস্টে করা কমেন্ট নিয়ে রতডাঙ্গা গ্রামের মল্লিক পাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে বিরোধের সূচনা হয়।

প্রথমে তর্কাতর্কির পরে তাদের মধ্যে ২ দফায় মারামারির ঘটনা ঘটে। যার ফলস্বরূপ, মল্লিক পাড়া ও উত্তরপাড়ার লোকজন দুভাগে বিভক্ত হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়ে। পরে শুক্রবার জুম্মা নামাজের পর দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হন লাহুসানি, রাকিবুল ইসলাম, মোমিনুল, আলমগীর, হেমায়েত, ইমান, আশরাফুল, মনিরুজ্জামান, টিটো সহ অন্তত ১০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%