বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০২:০৬ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দেশে যৌথ অভিযানের জন্য আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।
পুলিশ, বিজিবি, এসআরবি এবং আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে পরিচালিত হচ্ছে, যা সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নিরসনে প্রতিনিয়ত কার্যকরী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন করার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি সুপরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর স্থাপন করতে যাচ্ছে, যা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনসার বাহিনীর সদর দপ্তর নির্মাণের জন্য ৩.৪২৮ একর (প্রায় ১১ বিঘা) জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে খিলগাঁও থেকে পরিচালিত আনসার সদর দপ্তরের অপরিসর জায়গায় স্থান সংকুলান না হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করতে এখানে একটি আধুনিক ও বৃহৎ অবকাঠামো নির্মাণ করা হবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছে। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এটি দেশের সর্ববৃহৎ ফোর্স হিসেবে পরিচিত।
তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে দায়িত্বরত আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে এখানে ডরমেটরি এবং ব্যারাকে স্থান সংকুলানের জন্য ঢাকার আশুলিয়া এবং শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের আর্থিক ও অন্যান্য পর্যায়ক্রমিক দাবি-দাওয়া পূরণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কারো দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে কেবল প্রত্যাহার নয়, বরং যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা এবং ক্রিমিনাল অফেন্স মামলা দায়ের করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস; এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসছে। এছাড়া রাস্তা খনন ও নির্মাণ কাজের ফলে যেন যানজট না হয়, সেজন্য পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে অবিলম্বে পুনর্নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে মারা গেছে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা আনোয়ার হোসেনের কন্যা। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে কর্মরত আছেন। আনিসা কক্সবাজারের একটি মাদরাসায় পড়াশোনা করত, এই তথ্য জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।
পারভীন আক্তার জানিয়েছেন, তার মা অসুস্থ থাকায়, তিনি কক্সবাজার থেকে দুই দিন আগে তার ভাবির সঙ্গে হরিরামপুরের সট্টিতে আসেন। আজ সকালে আনিসা হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড়ে পৌঁছালে অজানা কারণে পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা ছোট শিশু বাড়িতে গিয়ে জানায় যে আনিসা পানিতে ডুবে গেছে। তবে পানিতে পড়ে যাওয়ার কারণ বা কীভাবে এটি ঘটেছে, সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।
নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা প্রীতম দে জানান, হাসপাতালে আনার আগেই আনিসার মৃত্যু ঘটে।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে।
গত বৃহস্পতিবার, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনা সামনে আসে।
ওই রাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এছাড়া, মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগের সৃষ্টি হয়েছে। এসব কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্নও উঠেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌভিক দত্ত নামে এক যুবক হেলমেট পরে একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন। কিন্তু পরদিন তার স্ত্রীর মোবাইলে ৫০০ রুপির ট্রাফিক চালানের এসএমএস আসে। অভিযোগ ছিল—মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী হেলমেট পরেননি। সৌভিক চালানের ছবি দেখে অবাক হন। কারণ, পেছনে কোনো যাত্রী ছিলেন না; সেখানে ছিল একটি গিটার।
ঘটনাটি বেঙ্গালুরুর। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সৌভিক তার স্ত্রীর ই-স্কুটার নিয়ে হেব্বাল থেকে টিন ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। মাথায় হেলমেট থাকলেও, পিঠে বাঁধা ছিল একটি গিটার। তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন।
পরদিন, ১৬ সেপ্টেম্বর স্ত্রীর মোবাইলে আসা ই-চালানে ‘হেলমেট ছাড়া পিলিয়ন রাইডিং’ অভিযোগে ৫০০ রুপি জরিমানা করা হয়। চালানের ছবিতে দেখা যায়, স্কুটারের পেছনে কোনো ব্যক্তি নেই। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ট্র্যাফিক নজরদারি ব্যবস্থা পিঠে থাকা গিটারটিকেই পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করেছে।
এই বিষয়ে সৌভিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন। বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশকে ট্যাগ করে তিনি জানান, তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন এবং পিঠে ছিল গিটার। একই সঙ্গে চালানটি প্রত্যাহারের অনুরোধ জানান। পোস্টে চালানের নোটিশ নম্বর ৮৬২০২৫৪১ উল্লেখ করেন তিনি।
পোস্টটি নজরে আসার পর বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ তাকে বিষয়টি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলে। পাশাপাশি ই-মেইলে অভিযোগ জানানোর ও নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
এই ঘটনার মাধ্যমে এআই-নির্ভর ট্র্যাফিক নজরদারি ব্যবস্থার ভুল শনাক্তকরণের বিষয়টি সামনে এসেছে। বিপুলসংখ্যক যানবাহন ও ট্র্যাফিক আইন লঙ্ঘন শনাক্তে স্বয়ংক্রিয় ক্যামেরা সহায়ক হলেও, এ ধরনের ভুল ঠেকাতে মানবিক যাচাইয়ের প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফেনীর পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে শুরু করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ফেনী সফর।
দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় তার পৌঁছানোর কথা রয়েছে। তাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন।
ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে এবং নির্ধারিত এলাকায় অবস্থান নিয়েছেন অনেকে। প্রিয় নেতাকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মির্জানগরের বাসিন্দা আবদুর শুকুর বলেন, "জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ হবে আজ। তাকে একনজর দেখতে সকাল থেকেই এখানে অপেক্ষা করছি।"
কোলাপাড়ার বাসিন্দা শাকিল বলেন, "প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসছেন— এটি আমাদের জন্য আনন্দের বিষয়। তাকে স্বাগত জানাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন।"
আকাশ নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, "আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছি। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তিনি তুলে ধরবেন এমন প্রত্যাশা করছি।"
ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসভায় বক্তব্য দেবেন।
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া ফুলগাজীতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ