শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩০ পি.এম
আগামীকাল ১১ ডিসেম্বর(বুধবার) টাঙ্গাইলের পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হবে। ১৯৭১ সালের এই দিনে জেলার দামাল যুবকেরা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাত থেকে টাঙ্গাইলকে মুক্ত করে। এই উপলক্ষে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
যুদ্ধকালীন সময়ে টাঙ্গাইলের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার কাহিনী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। তৎকালীন তরুণ ছাত্রলীগ নেতা আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ও পরিচালিত কাদেরিয়া বাহিনীর বীরত্বের কথা দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।
কাদেরিয়া বাহিনী সখীপুরের বহেড়াতৈলে অবস্থান করে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ২৬ মার্চ মহান স্বাধীনতার ঘোষণার পর থেকে ৩ এপ্রিল পর্যন্ত টাঙ্গাইল ছিল স্বাধীন। এই সময় আওয়ামী লীগের নেতৃত্বে প্রশাসন পরিচালিত হয়। ২৬ মার্চ সকালে আদালত পাড়ার অ্যাডভোকেট নূরুল ইসলামের বাসভবনে এক সভায় টাঙ্গাইল জেলা স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ গঠিত হয়। তৎকালীন আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে আহ্বায়ক ও সশস্ত্র গণবাহিনীর সর্বাধিনায়ক এবং বদিউজ্জামান খানকে চেয়ারম্যান ও আব্দুল কাদের সিদ্দিকীসহ আরও ৮ জনকে সদস্য করে ওই কমিটি গঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিচারপতি আবু সাঈদ চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আব্দুল মান্নান, গণপরিষদ সদস্য শামসুর রহমান খান শাজাহানের ভূমিকা ছিল অগ্রগণ্য।
২৭ মার্চ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় টাঙ্গাইলের স্বাধীনতা ঘোষণা করা হয়। ওইদিন রাতেই সার্কিট হাউজ আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। এই আকস্মিক আক্রমণে দুই জন পাকিস্তানি সেনা নিহত হয় এবং ১৫০ জন আত্মসমর্পণ করে। প্রথম আক্রমণে ব্যাপক সাফল্য পাওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম হয়। এরপর থেকে গ্রামে গ্রামে যুবকরা সংগঠিত হতে শুরু করে। গণমুক্তি পরিষদ গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণও চলতে থাকে।
টাঙ্গাইল মুক্তিবাহিনীর দখলে চলে যাওয়ায় ঢাকা থেকে পাকবাহিনী ৩ এপ্রিল টাঙ্গাইলে আসার চেষ্টা করে। পথে মির্জাপুর উপজেলার গোড়ান-সাটিয়াচড়া নামক স্থানে মুক্তিবাহিনী অগ্রগামী পাকবাহিনীর কনভয়কে প্রতিরোধে ব্যূহ রচনা করে। সেদিনের প্রতিরোধ যুদ্ধে ২৩ জন পাকসেনা নিহত হয়। এরপর স্থানীয় রাজাকারদের সহায়তায় হানাদার বাহিনী ওই এলাকায় পাল্টা আক্রমণ চালায়। এতে মুক্তিযোদ্ধাসহ ১০৭ জন বাঙালি গণহত্যার শিকার হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ৩ এপ্রিল বিকালে টাঙ্গাইল শহর দখল করে নেয়। ফলে টাঙ্গাইলের প্রতিরোধ যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় পুরো বাহিনী টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকা সখীপুরের বহেড়াতৈলে চলে যান। সেখানে এ বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়া এবং রিক্রুট ও প্রশিক্ষণ শুরু হয়। পরবর্তীকালে এ বাহিনীর নাম হয় কাদেরিয়া বাহিনী।
এ বাহিনীর প্রশিক্ষিত মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় ১৭ হাজারে। এছাড়া ৭০ হাজার স্বেচ্ছাসেবক বাহিনীও কাদেরিয়া বাহিনীর সহযোগী হিসেবে মুক্তিযুদ্ধে সহায়ক ভূমিকা পালন করে।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর প্রায় পাঁচ হাজার পাকিস্তানি হানাদার বাহিনী এবং ৭ হাজার রাজাকার-আলবদর টাঙ্গাইলে অবস্থান করে। এপ্রিল থেকে ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, সিলেট, সিরাজগঞ্জ ও পাবনায় বিশাল কাদেরিয়া বাহিনী মুক্তিযুদ্ধে লিপ্ত হয়ে খান সেনাদের পরাজিত করে। এসব যুদ্ধে তিন শতাধিক দেশপ্রেমিক অকুতোভয় মুক্তিযোদ্ধা শহীদ হন।
৮ ডিসেম্বর টাঙ্গাইল আক্রমণের পরিকল্পনা করা হয়। কালিহাতীর পৌলী ব্রিজের পাশে মিত্র বাহিনীর ছত্রী সেনা অবতরণ করলে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ হয়। পরিস্থিতি বিপদজনক দেখে হানাদার বাহিনী টাঙ্গাইল ছেড়ে ঢাকার দিকে পালিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী চারদিক থেকে সাড়াশী আক্রমণ চালিয়ে হানাদারদের টাঙ্গাইল থেকে বিতাড়িত করতে সক্ষম হয় কাদেরিয়া বাহিনী। ১০ ডিসেম্বর রাতে টাঙ্গাইল প্রবেশ করেন কাদেরিয়া বাহিনীর কমান্ডার আব্দুর রাজ্জাক ভোলা।
১০ ডিসেম্বর রাতেই মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক টাঙ্গাইল সদর থানা দখল করে সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ১১ ডিসেম্বর ভোরে পূর্বদিক দিয়ে শহরে প্রবেশ করেন কমান্ডার খন্দকার বায়েজিদ আলম ও খন্দকার আনোয়ার হোসেন, দক্ষিণ দিক দিয়ে আসেন ব্রিগেডিয়ার ফজলুর রহমান। আর উত্তর দিক থেকে ময়মনসিংহ সড়ক দিয়ে সাঁজোয়া বহর নিয়ে আসেন কাদের সিদ্দিকী। শহরের কাছাকাছি আসলে পাকিস্তানি সেনারা জেলা সদর পানির ট্যাংকের ওপর থেকে কাদের সিদ্দিকীর সাঁজোয়া বহরের ওপর গুলিবর্ষণ করে। পাল্টা গুলি ছুঁড়ে কাদের সিদ্দিকী ও তাঁর বহর। একে একে নিহত হয় সেখানকার পাকিস্তানি সেনা। আত্মসমর্পণ করে সার্কিট হাউজে অবস্থানরত বেঁচে থাকা পাকিস্তানি সেনারা। সার্কিট হাউজ দখলে নেওয়ার পর মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে এবং সারা শহর নিজেদের দখলে নিয়ে হানাদারদের ধরতে থাকেন। এভাবেই টাঙ্গাইল শহর সম্পূর্ণ হানাদার মুক্ত হয়ে যায়। মুক্তির স্বাদ পেয়ে উল্লসিত মানুষ রাস্তায় নেমে আসে।
এবার টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এ বছর সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কালীগঞ্জ পৌরসভা এবং সাতটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া হুমায়ুন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রমুখ।
এছাড়া, উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা কাজী মো. ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হরমুজ আলীসহ বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন ঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ইউএনও তনিমা আফ্রাদ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাধবপুরে গাঁজা ভর্তি প্রাইভেট কারসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানিয়েছেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে থানার এস.আই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার গুদাম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কালো রঙের প্রাইভেট কার আটক করা হয়।
উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত রজব আলীর ছেলে কুদ্দুস মিয়া (৪৫), হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার মুসাব্বির হোসেনের ছেলে হৃদয় মিয়া (২৫) এবং রিচি এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২০) আটক হন।
অভিযানের সময় প্রাইভেটকারে রক্ষিত ২০ কেজি ভারতীয় গাজা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মঙ্গলবার ঢাকায় পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত একটি অবহিতকরণ সেমিনারে বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণের বিষয় নিয়ে আলোচনা করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়কে যুক্ত করা হবে। "মৃত নদী বলতে কোনো নদী নেই, প্রবাহহীন বলতে পারেন। প্রবাহহীন নদীকে প্রবহমান করার অনেক প্রক্রিয়া বা রাস্তা আছে। মৃত নদী দেখিয়ে নদীর জায়গা ইজারা বা লিজ দেয়ার কোনো সুযোগ নেই।" তিনি আরও বলেন, "আমরা কিন্তু হাওরের তালিকা চূড়ান্ত করে ফেলেছি, আমরা বিলেরও একটা তালিকা চূড়ান্ত করে ফেলেছি। পরবর্তী কাজ হচ্ছে খালের তালিকা চূড়ান্ত করা।"
ঢাকার চারপাশে অবস্থিত বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদী তিনটির দখল ও দূষণমুক্ত করার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করে কাজ শুরু করার নির্দেশনা দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
তিনি উল্লেখ করেন, "ঢাকার ভেতরে থাকা ২১টি খাল দখল ও দূষণমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছি এবং এটির বাস্তবায়ন কাজ দ্রুতই শুরু করা হবে।" তিনি আরও জানান, "দেশের প্রতিটি জেলায় ১টি করে নদীকে দখল ও দূষণমুক্ত করার কাজ আমরা অচিরেই শুরু করে দেব।"
অবহিতকরণ সেমিনারে ভার্চুয়ালি যুক্ত থাকা সারাদেশের জেলা প্রশাসকদের উদ্দেশ্যে উপদেষ্টা নির্দেশনা প্রদান করেন, আজকের দিন থেকে আগামী ৩ মাসের মধ্যে জেলার সকল খালের তালিকা রেকর্ড অনুযায়ী যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্র-জনতার উদ্যোগে বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চেয়ারম্যানের অপসারণের দাবিতে বক্তারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আবু নাইমের সঞ্চালনায় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব হাসান সবুজ, উপজেলা মহিলা দলের সভাপতি মো. রহিমা বেগম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্তারপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আতিকুর রহমান আকন্দ ফারুক। নির্বাচনের পর তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের হয়রানি চালিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চেয়ারম্যান এবং তার নিজস্ব বাহিনী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে। সাধারণ মানুষের ভাতার কার্ড থেকে টাকা নেওয়া, চাঁদাবাজি এবং জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উপস্থিত জনতা জানিয়েছেন, চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ