মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০৩ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সাংবাদিকদের চাকরি এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন ওয়েজ বোর্ড নিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি উল্লেখ করেন, ‘সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া যাবে না। এ বিষয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে।’
আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সংবাদকর্মীদের জীবনযাত্রার ব্যয়ভার, চাকরির অনিশ্চয়তা এবং অষ্টম ও নবম ওয়েজ বোর্ডের জটিলতার বিষয়টি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের যদি আমরা তাদের চাকরি এবং জীবিকাকে সঠিকভাবে নিশ্চিত করতে না পারি, তবে বেটার জার্নালিজম বা ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। আমরা এ বিষয়ে নীতিগতভাবে সম্পূর্ণ একমত এবং নিশ্চিত করছি যে, এ ব্যাপারে সরকার খুব দ্রুত কাজ করবে।’
সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই বাস্তবায়ন..., আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না।’
সরকারি কর্মচারীদের পে-স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতোমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে, ঢালাওভাবে বাজারে টাকা বেড়ে মূল্যস্ফীতি দ্বিগুণ হওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা সঠিক নয়।
একই সাথে তিনি জানান, মূল্যস্ফীতির চাপ সামলাতে এ বছরের শেষ নাগাদ দেশের ৪১ লাখ পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে ২ কোটি প্রান্তিক মানুষ সরাসরি সুফল পাবেন।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : অ্যাটর্নি জেনারেল অফিসের (ডিএজি-এএজি) আইন কর্মকর্তারা সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সমবেত হয়ে এই অঙ্গীকার প্রকাশ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির শেষে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা উল্লেখ করেন, "সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" তারা আরও বলেন, "অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না।" বক্তারা অভিযোগ করেন যে, "যারা দুর্নীতিবাজ, তারাই এখন বিভিন্ন কলঙ্ক দিয়ে যাচ্ছে।"
আজকের এই কর্মসূচিতে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত কয়েকশ (ডিএজি-এএজি) আইন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেরপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলায় উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, শহর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা পালন করেন।
আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান।
এ সময় রাষ্ট্রপতি গণঅভ্যুত্থান পরবর্তী জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর কাজের প্রশংসা করেন। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম বিশেষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রান্তিক পর্যায়ে বাহিনীর গৃহীত কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খল বাহিনী।
তিনি এ সময় আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। এছাড়া বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করেন। তিনি আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান।
রাষ্ট্রপতি আনসার ও ভিডিপি প্রধানকে আশ্বস্ত করেন যে, দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ : মঙ্গলবার ভোরে কিয়েভে রাশিয়ার ‘ব্যাপক’ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন একটি রেলওয়ে ডিপোর কর্মী। এ তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা। মস্কো রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় বিমান হামলা জোরদার করার সময় এই হামলা চালিয়েছে।
মঙ্গলবার গ্রীষ্মের ছুটি শেষে শিশুদের স্কুলে ফেরার কথা ছিল। কিন্তু কিয়েভে কয়েক সপ্তাহ ধরে চলা রুশ হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
এএফপি বার্তা সংস্থা কিয়েভ থেকে এ খবর প্রকাশ করেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রাতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আটজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ইউক্রেনীয় রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ওলেক্সান্দর পের্তসভস্কি জানান, কিয়েভের একটি রেলওয়ে ডিপো এবং অন্যান্য রেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
তিনি বলেছেন, ‘ব্যালিস্টিক হামলায় সাতজনের প্রাণ গেছে। তাদের মধ্যে ছয়জন আমাদের কর্মী।’ তিনি আরও জানান, রেলওয়ের আরেক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পের্তসভস্কি হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে বলেন, একটি ওয়ার্কশপ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। কিছু স্থানে আগুন এখনও জ্বলছে। আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের পূর্বে বোরিসপিল এলাকায় হামলায় একজন নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দূরপাল্লার অস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কিয়েভ ও আশপাশের অঞ্চলের সামরিক-শিল্প স্থাপনা এবং জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ছিল হামলার লক্ষ্য।
এছাড়া, দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলের অবকাঠামো এবং ওদেসা ও চোরনোমোরস্ক বন্দরেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী সতর্ক করে বলেছে, ‘ব্যালিস্টিক অস্ত্র এবং কিয়েভ ও অঞ্চলের বিরুদ্ধে অন্যান্য হামলার হুমকি এখনও রয়েছে।’
তারা বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানাচ্ছে। গত সপ্তাহের শেষের দিকে রাজধানীর উপকণ্ঠে একটি গোলাবারুদের ডিপোতে হামলায় ৩৮ জন নিহত হন।
সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষই দূরপাল্লার হামলা বৃদ্ধি করেছে। গুদাম, ব্যবসাপ্রতিষ্ঠান, তেল ও বন্দর স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো এবং জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে গেছে।
ইউক্রেনে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ