বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৭:৫৩ পি.এম
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বিদ্যুৎ বিভাগের আওতাধীন সকল কোম্পানির জন্য তৈরি অভিন্ন চাকরিবিধি সংশোধন এবং আধুনিকীকরণের উদ্দেশ্যে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ।
সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে, যেখানে এই তথ্য প্রকাশ করা হয়। এই আদেশে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ।
অফিস আদেশ অনুযায়ী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স, উন্নয়ন-১, পলিসি রিফর্ম ও সমন্বয় অধিশাখার যুগ্মসচিব এবং পাওয়ার সেলের মহাপরিচালককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধি কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, নওপাজেকো, ইজিসিবি, সিপিজিসিবিএল, বিআরপিএল, এপিসিএল এবং আরপিসিএলের নির্বাহী পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধিকেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব।
আদেশে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর জন্য প্রণীত ‘ইউনিফাইড সার্ভিস গাইডলাইনস্, ২০১৬’ সংশোধনের উদ্দেশ্যে কোম্পানি আইন-১৯৪ এবং সংশ্লিষ্ট বিধি-বিধান পর্যালোচনা করবে কমিটি। পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রদান করতে হবে।
এছাড়া, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করে ২০১৬ সালের গাইডলাইনটি সময়োপযোগী করার বিষয়েও কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রয়োজন হলে উপযুক্ত বিশেষজ্ঞকে কমিটিতে কো-অপ্ট করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির চাকরির শর্ত, সুযোগ-সুবিধা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনতে অভিন্ন চাকরিবিধি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সময়ের সঙ্গে বিভিন্ন আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন আসায় ২০১৬ সালের গাইডলাইন পর্যালোচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই অফিস আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ, ২৭ আগস্ট, ২০২৬ : টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, জলজ উদ্ভিদ ও মৎস্য সম্পদের জন্য হুমকি সৃষ্টি হচ্ছে। এই কারণে হাওরের পরিবেশ প্রতিবেশ রক্ষা করা এখন অত্যন্ত জরুরি।
এই উদ্দেশ্যে আজ টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাওর বাঁচাও আন্দোলনের সহ সভাপতি বাহলুল বখত, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, বাসস’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, এনজিও সংস্থা ‘সিএনআরএস’ এর সমন্বয়কারী সাইফুল চৌধুরী প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলের সচেতনতা প্রয়োজন। মৎস্য অভয়াশ্রম রক্ষার জন্য অবৈধ মাছ ধরার জাল ধংস করার কার্যক্রম গ্রহণ করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৯ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা।
আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।
উল্লেখ,২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। এদিকে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া সময় ইতোমধ্যে শেষ হয়। এ অবস্থায় তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ নয় মাস সময়ের আরজি জানায়। গত ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন। তবে উচ্চ আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করেনি। গত ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট। গত ২৬ এপ্রিল মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর, ২৭ আগস্ট, ২০২৬ : লক্ষ্মীপুরে একটি অটোরিকশার যাত্রী কিশোরীকে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রিকশা চালক তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সদর উপজেলার চররমনী মোহন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। পরে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় রিকশা চালক তাজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাজ উদ্দিন ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে এবং একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী কালিরচর গ্রামের অধিবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, আট মাস আগে মেয়েটির বিয়ে হয়। গতকাল বুধবার, শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। ওই দিন কিশোরী মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর চলে আসে। পরে বাড়ি ফিরতে গিয়ে পথ ভুলে যায়। তখন অটোরিকশা চালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেয়। পরে চরমনীমোহন এলাকায় নিয়ে মেয়েটিকে টেনে হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটিকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাজ উদ্দিনকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে। এরপর রাতে মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় রিকশা চালক তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ মস্কো সফরে গেছেন, যাতে রাশিয়াকে ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর হামলা না চালানোর জন্য সতর্ক করা যায়। মার্কিন গণমাধ্যম বুধবার এই তথ্য প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরের গুরুত্ব কমানোর চেষ্টা করেছেন এর আগে।
ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, র্যাটক্লিফের মস্কো সফরের উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর হামলা থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, মস্কো ন্যাটো জোটের সক্ষমতা পরীক্ষা করার পরিকল্পনা করতে পারে।
বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এই খবরটি জানায়। ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, আগামী কয়েক বছরে পুতিন সীমিত হামলার মাধ্যমে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সক্ষমতা পরীক্ষা করতে পারেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির একাধিক অনুরোধের জবাব দেয়নি হোয়াইট হাউস। তবে ট্রাম্প মঙ্গলবার র্যাটক্লিফের মস্কো সফরকে ‘আংশিক নিয়মিত’ সফর হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইঙ্গিত দেন যে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতেই গোয়েন্দা প্রধান রাশিয়ার রাজধানীতে গেছেন।
রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি সেখানে আছেন, একেবারেই নিয়মিত ধরনের সফর। মানুষকে হতাশ করতে চাই না। আমরা ইউক্রেনের যুদ্ধের অবসান দেখতে চাই।’ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো সফর করা মার্কিন কর্মকর্তাদের মধ্যে র্যাটক্লিফ অন্যতম শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
মস্কোর ইউক্রেন অভিযান জোরদারের মধ্যে তার এ সফর অনুষ্ঠিত হলো। চলতি গ্রীষ্মে হামলা বেড়ে যাওয়ার ফলে বেসামরিক মানুষের মৃত্যুও বৃদ্ধি পেয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা থমকে আছে।
সিবিএস নিউজ একাধিক সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, র্যাটক্লিফ সফরে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন। তিনি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু না হলে অতিরিক্ত নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছেন।
ক্রেমলিন বুধবার জানায়, র্যাটক্লিফ মস্কো সফরে রাশিয়ার বিশেষ নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ‘যোগাযোগ’ করেছেন। তবে তিনি প্রেসিডেন্ট ভøদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেননি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনকে আলোচনার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে কি না, তা বলতে তিনি অস্বীকৃতি জানান। পেসকভ বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে যোগাযোগ নিজেই একটি ইতিবাচক অগ্রগতি। আমাদের সম্পর্কের সংকট সমাধানের প্রক্রিয়ায় এর কী প্রভাব পড়বে, তা বলার সময় এখনো আসেনি।’
সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে সিআইএ পরিচালক মস্কো সফর করেছিলেন। সে সময় উইলিয়াম বার্নস রাশিয়াকে ইউক্রেনে সেনা পাঠানো থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছিলেন। কয়েক সপ্তাহ পর ক্রেমলিন ইউক্রেনে হামলা শুরু করে, যা পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নেয়।
রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময় চুক্তিতেও সিআইএ জড়িত ছিল। এর মধ্যে ২০২৪ সালের মাঝামাঝি একটি বড় বন্দিবিনিময়ও রয়েছে। ইউক্রেন যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখল এবং ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ দাবিগুলো থেকে ক্রেমলিন সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে।
র্যাটক্লিফ ন্যাটোর সক্ষমতা পরীক্ষা নিয়ে রাশিয়ার সম্ভাব্য উদ্যোগ কিংবা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের অভিযানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছেনÑএমন ধারণাও ট্রাম্প নাকচ করে দেন।
মস্কোয় সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সফর নিয়ে গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনি যে বিষয়গুলোর কথা বলেছেন, সেগুলোর কোনোটি নিয়ে তিনি সেখানে আলোচনা করছেন না। তবে এর মধ্য থেকে কিছু বেরিয়ে আসতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ওই যুদ্ধের অবসান ঘটাতে খুব কঠোর পরিশ্রম করছি। সত্যি বলতে, এই মুহূর্তে উভয় যুদ্ধের অবসান দেখতে চাই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ