বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৮:০১ পি.এম
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ মস্কো সফরে গেছেন, যাতে রাশিয়াকে ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর হামলা না চালানোর জন্য সতর্ক করা যায়। মার্কিন গণমাধ্যম বুধবার এই তথ্য প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরের গুরুত্ব কমানোর চেষ্টা করেছেন এর আগে।
ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, র্যাটক্লিফের মস্কো সফরের উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর হামলা থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, মস্কো ন্যাটো জোটের সক্ষমতা পরীক্ষা করার পরিকল্পনা করতে পারে।
বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এই খবরটি জানায়। ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, আগামী কয়েক বছরে পুতিন সীমিত হামলার মাধ্যমে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সক্ষমতা পরীক্ষা করতে পারেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির একাধিক অনুরোধের জবাব দেয়নি হোয়াইট হাউস। তবে ট্রাম্প মঙ্গলবার র্যাটক্লিফের মস্কো সফরকে ‘আংশিক নিয়মিত’ সফর হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইঙ্গিত দেন যে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতেই গোয়েন্দা প্রধান রাশিয়ার রাজধানীতে গেছেন।
রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি সেখানে আছেন, একেবারেই নিয়মিত ধরনের সফর। মানুষকে হতাশ করতে চাই না। আমরা ইউক্রেনের যুদ্ধের অবসান দেখতে চাই।’ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো সফর করা মার্কিন কর্মকর্তাদের মধ্যে র্যাটক্লিফ অন্যতম শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
মস্কোর ইউক্রেন অভিযান জোরদারের মধ্যে তার এ সফর অনুষ্ঠিত হলো। চলতি গ্রীষ্মে হামলা বেড়ে যাওয়ার ফলে বেসামরিক মানুষের মৃত্যুও বৃদ্ধি পেয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা থমকে আছে।
সিবিএস নিউজ একাধিক সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, র্যাটক্লিফ সফরে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন। তিনি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু না হলে অতিরিক্ত নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছেন।
ক্রেমলিন বুধবার জানায়, র্যাটক্লিফ মস্কো সফরে রাশিয়ার বিশেষ নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ‘যোগাযোগ’ করেছেন। তবে তিনি প্রেসিডেন্ট ভøদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেননি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনকে আলোচনার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে কি না, তা বলতে তিনি অস্বীকৃতি জানান। পেসকভ বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে যোগাযোগ নিজেই একটি ইতিবাচক অগ্রগতি। আমাদের সম্পর্কের সংকট সমাধানের প্রক্রিয়ায় এর কী প্রভাব পড়বে, তা বলার সময় এখনো আসেনি।’
সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে সিআইএ পরিচালক মস্কো সফর করেছিলেন। সে সময় উইলিয়াম বার্নস রাশিয়াকে ইউক্রেনে সেনা পাঠানো থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছিলেন। কয়েক সপ্তাহ পর ক্রেমলিন ইউক্রেনে হামলা শুরু করে, যা পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নেয়।
রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময় চুক্তিতেও সিআইএ জড়িত ছিল। এর মধ্যে ২০২৪ সালের মাঝামাঝি একটি বড় বন্দিবিনিময়ও রয়েছে। ইউক্রেন যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখল এবং ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ দাবিগুলো থেকে ক্রেমলিন সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে।
র্যাটক্লিফ ন্যাটোর সক্ষমতা পরীক্ষা নিয়ে রাশিয়ার সম্ভাব্য উদ্যোগ কিংবা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের অভিযানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছেনÑএমন ধারণাও ট্রাম্প নাকচ করে দেন।
মস্কোয় সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সফর নিয়ে গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনি যে বিষয়গুলোর কথা বলেছেন, সেগুলোর কোনোটি নিয়ে তিনি সেখানে আলোচনা করছেন না। তবে এর মধ্য থেকে কিছু বেরিয়ে আসতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ওই যুদ্ধের অবসান ঘটাতে খুব কঠোর পরিশ্রম করছি। সত্যি বলতে, এই মুহূর্তে উভয় যুদ্ধের অবসান দেখতে চাই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে কোনো ফল আসবে না। এর আগে ওয়াশিংটন ইরানের অর্থনীতিকে ধ্বংস করার একটি পরিকল্পনা প্রকাশ করে।
যুদ্ধ শুরু হওয়ার প্রায় ছয় মাস পরেও দুই পক্ষের মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। অন্যদিকে, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রেখেছে।
তেহরান থেকে এএফপি সংবাদ সংস্থার মাধ্যমে খবরটি জানানো হয়েছে।
যুদ্ধের প্রভাব নিয়ে দেশে রাজনৈতিক চাপের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ থেকে সরে এসে অর্থনৈতিক চাপের দিকে ঝুঁকেছেন। তিনি নিষেধাজ্ঞা বাড়ানোর পাশাপাশি এতে যোগ না দেওয়া দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছেন।
তবে, কয়েক দশকের নিষেধাজ্ঞা সামলে আসা ইরান এখনও দৃঢ় অবস্থানে রয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই চাপ মোকাবিলার জন্য তাদের কাছে দুই বছরের পরিকল্পনা রয়েছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার বলেন, ‘এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে আমেরিকা কোনো কিছু অর্জন করতে পারবে না। যুদ্ধেও তারা কিছু অর্জন করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে করেছি, সেভাবেই অর্থনৈতিক চাপের বিরুদ্ধে আমরা দৃঢ় থাকব এবং তা অব্যাহত রাখব।’
এদিকে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুদ্ধের সময় দুর্বল হয়ে পড়া সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করেছে সেনাবাহিনী।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত সব অস্ত্রব্যবস্থার পুনর্নির্মাণ এবং বিদেশ থেকে নতুন সরঞ্জাম আমদানি করা হয়েছে।
সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে, দেশটির প্রায় ১০০ শতাংশ সামরিক কারখানা ধ্বংস করেছে এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে কবর দিয়েছে।’
বেসেন্ট বলেন, নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করে বর্ধিত মাধ্যমিক নিষেধাজ্ঞার আওতায় ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও নৌপরিবহন খাতকে লক্ষ্যবস্তু করা হবে।
-‘তাড়াহুড়ো করছি না’-
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তারা ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করার অঙ্গীকার করে এবং তেহরানের সরকার উৎখাতের হুমকিও দেয়।
ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা চালায় এবং তেল ও গ্যাসের বৈশ্বিক সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। পণ্যবাহী জাহাজগুলো বড় বাজারে পৌঁছাতে পারছে না। এর ফলে তেলের দাম বেড়েছে এবং নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে।
ট্রাম্প প্রায়ই বলেন, একটি চুক্তি খুব কাছাকাছি। তবে পরে তিনি কূটনীতি থেকে সরে আসেন।
ইরানের সঙ্গে আলোচনার জন্য কত সময় দিচ্ছেনÑএ প্রশ্নের জবাবে ট্রাম্প বুধবার বলেন, ‘আমার কোনো সময়সীমা নেই, একেবারেই নেই। আমি তাড়াহুড়ো করছি না। আমার কোনো সময়সীমাই নেই।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, ‘আমি আপনাদের বলছিÑকোনো চুক্তি হতে পারে না।‘ ইরানের নেতাদের তিনি ‘বর্বর’ বলেও অভিহিত করেন।
-‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’-
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে অবরুদ্ধ হরমুজ প্রণালী। ইরান বলছে, যুক্তরাষ্ট্র তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলবে না। প্রণালী পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোতেও তারা প্রায়ই হামলা চালিয়েছে।
তেহরান আরও জানিয়েছে, প্রণালী ব্যবহারের জন্য তারা ফি নেওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলের অন্যান্য দেশ এর তীব্র বিরোধিতা করছে।
ট্রাম্প দাবি করছেন, হরমুজ প্রণালীর ওপর মার্কিন নৌবাহিনীর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। এমনকি তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলেও অভিহিত করেছেন। তবে সেখানে জাহাজ চলাচল যুদ্ধের আগের মাত্রার তুলনায় অনেক কম রয়েছে।
ইরানের বিপরীত পাশে অবস্থিত ওমান তেহরানের সঙ্গে একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে আলোচনা করছে। এর মাধ্যমে জাহাজ চলাচল আবার শুরু করার সুযোগ তৈরি হবে।
বুধবার ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনায় দুই দেশ প্রণালীর ব্যবস্থাপনা থেকে আদায় করা যেকোনো রাজস্ব ভাগাভাগি করতে সম্মত হয়েছে। চুক্তিটি চূড়ান্ত করার কাজে যুক্তরাষ্ট্র ‘বাধা সৃষ্টি করছে’ বলেও অভিযোগ করেছে তারা।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার বলেন, তিনি আশা করছেন, তার দেশ ও ইরান ‘শিগগিরই’ অস্থায়ী নৌপথ চালুর ঘোষণা দেবে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে চুক্তি হলে সেটির বিকল্প হিসেবে একটি স্থায়ী নৌপথ নিয়ে আলোচনার জন্য ইরান ও ওমান ৩০ থেকে ৬০ দিন সময় পাবে।
তিনি আরও বলেন, আলোচনায় রেভল্যুশনারি গার্ডসও যুক্ত রয়েছে। আলোচনায় থাকা মানচিত্রগুলো সশস্ত্র বাহিনী তৈরি করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির মতো বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনায় ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, আবাসনসহ বাংলাদেশের শিক্ষা কারিকুলামে ম্যান্ডারিন তথা চীনা ভাষা অন্তর্ভুক্তকরণ, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) পূর্ণমাত্রায় ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর কড়াইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নে চীন প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্থানীয় সরকার মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে চীনের দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও নগর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।"
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্তব্য করেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।" তিনি উল্লেখ করেন যে, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটি আরও বৃদ্ধি করতে চীন আগ্রহী।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, "বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।" তিনি জানান, আগামী সেপ্টেম্বরে তার চীন সফরের সময় এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ রয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে।
বৃহস্পতিবার সকালে ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীের উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুর, ২৭ আগস্ট, ২০২৬ : আজ সকালে ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ৮টার সময় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার পর, কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকায় একটি ঝুটের গোডাউনের ভেতর আগুন দেখা যায়। এরপর গোডাউনের কর্মচারী এবং আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বাসস’কে জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুদামে থাকা সমস্ত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ