০৯:০২ পি.এম
‘জাল যার, জলা তার’ নীতিতে দেশের হাওর ও নদী ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'নদী ও জলাশয়ের নাব্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে, যাতে মাছের উৎপাদন বাড়ে এবং মৎস্যজীবীরা মাছ ধরে খেতে পারেন। সব জলাশয়কে উন্মুক্ত করা হবে।'
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
হাওর পরিদর্শনের সময় মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি ছাড়াও মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন স্থানে কৃষক ও জেলেদের নিয়ে পৃথক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এসব সমাবেশে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে হাওরের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলাপ করেছেন।
সমাবেশগুলোতে বক্তারা হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে-কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বক্তারা জানান, হাওরাঞ্চলের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
পরে মদন উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
এদিকে, সকালে নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে সম্প্রতি জলাবদ্ধতায় হাওরের ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা তালিকার অনিয়ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, 'আসলে এই তালিকাটা করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। মাত্র ১০ থেকে ১৫ দিন প্রশাসন সময় পেয়েছে। এর মধ্যেই করেছে। এতে কিছু ভুলভ্রান্তি হয়েছে, আমিও জানি। একই পরিবারের অনেকের নামে যেগুলো হয়েছে, ওগুলো সব স্থগিত করা হয়েছে। নতুন করে তালিকা করা এখন আর সম্ভব না। আর ক্ষতিগ্রস্ত মোটামুটি সবাই পেয়েছে।'
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, 'অতীত নিয়ে ভাবছি না, সরকার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবছে।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন