০৮:১৩ পি.এম
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি দ্রুতগতির প্রোবক্স গাড়ির আঘাতে সাদেক মিয়া (৫৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদেক মিয়া মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা আব্দুল জব্বার বাড়ির মজিবুল হক মিস্ত্রীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সাদেক মিয়া বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির প্রোবক্স গাড়ি তার অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী মো. ফারুক জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় দ্রুতগতির প্রোবক্স গাড়ির ধাক্কায় সাদেক মিয়া গুরুতর আহত হন। এ সময় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: একই প্রাঙ্গণে আজান ও উলুধ্বনি, ১৪৩ বছরের সম্প্রীতি
নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ একটি দল পাঠিয়েছে। তারা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন