প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক কুকুরের ডাক শোনা যায়। মো. রফিক বাগানে চোর ঢুকেছে কি না, তা দেখতে বের হন। তবে, নিজের সুপারি বাগানে গিয়ে যে বিপদের মুখোমুখি হতে হবে, তা তিনি হয়তো কল্পনাও করেননি।
ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টেনে নিয়ে যায় পাহাড়ের গভীরে। যাওয়ার আগে তারা পরপর তিন রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পাহাড়সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
অপহৃত মো. রফিক ওই এলাকার বাসিন্দা। তার নিজের সুপারি বাগান থেকেই অপহরণ করা হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
রফিকের স্ত্রীর ভাষ্য অনুযায়ী, রাতে কুকুরের একের পর এক ডাক শুনে তিনি সন্দেহ করেন যে, বাগানে চোর এসেছে। তখন তিনি একবার বাগান ঘুরে দেখেন। কিছুক্ষণ পর আবার হৈচৈ শুনে বাইরে বের হন।
পরে, রফিক যখন বাড়ির পাশের পাহাড়সংলগ্ন নিজের সুপারি বাগানে যান, তখন সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তারা টেনে নিয়ে যায় পাহাড়ের গভীরে।
এ সময় দুর্বৃত্তদের ছোড়া পরপর তিন রাউন্ড গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পাহাড়সংলগ্ন এই জনপদে সাম্প্রতিক সময়ে অপরাধ ও অপহরণের ঘটনা বেড়েছে। এর ফলে বাগান কিংবা পাহাড়ি এলাকায় কাজ করতে যেতেও সাধারণ মানুষ ভয় পাচ্ছেন।
খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে অভিযান চালানোর উদ্যোগ নেয়। অপহৃতকে উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক আবু সাইদ বলেন, "অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন