ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

পাবনায় বিদেশি রিভলবার ও চারটি শুটারগানসহ ৪ জন গ্রেপ্তার


পাবনায় বিদেশি রিভলবার ও চারটি শুটারগানসহ ৪ জন গ্রেপ্তার

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুটি বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছে চারটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার এবং ১২ রাউন্ড গুলি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, পৃথক অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা সবাই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. মঈন খানকে দেখতে হাসপাতালে যান

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হেমায়েতপুরের চরঘোষপুর এলাকার আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার হাসেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এলাকার মৃত ঝড়ু মণ্ডলের ছেলে জলিল মণ্ডল (২৮) এবং মিরপুর এলাকার জসিম মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে এবং তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষায় গুরুতর ত্রুটি শনাক্ত হওয়ার পর, বিশ্বজুড়ে সরকারি ও বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ বা অকার্যকর হয়ে পড়েছে। কিছু পরিষেবা স্থগিত রাখতে হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে নিজেদের সিস্টেমগুলো ঠিক করার কাজ শুরু করেছেন।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের জানিয়েছেন, সম্ভাব্য দুর্বলতাগুলো শনাক্ত ও সেগুলো দূর করার লক্ষ্যে ‘পুরো সরকারজুড়ে’ কাজ চলছে।

তিনি বলেন, ‘এই কার্যক্রমের ফলে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ কোনো বড় পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তবে নিরাপত্তা সংক্রান্ত কাজ চলার সময় কিছু সীমিত পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং ইউরোপের সাইবার নিরাপত্তা সংস্থা বিভিন্ন কোম্পানিকে পিএইচপি-তে থাকা দুটি গুরুতর ত্রুটি নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। পিএইচপি এমন একটি প্রোগ্রামিং ভাষা, যা ওয়ার্ডপ্রেস ও দ্রুপাল-এর মতো ওপেন-সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমসহ বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনার মূল ভিত্তি হিসেবে কাজ করে।

এই কোডিং ভাষাটির নেপথ্যে থাকা সংস্থা পিএইচপি ফাউন্ডেশন তাদের সফটওয়্যারে বহু বছর ধরে লুকিয়ে থাকা ত্রুটিগুলোর জন্য একটি প্যাচ প্রকাশ করেছে। ওয়েবসাইট পরিচালনাকারীদের অবিলম্বে তাদের সিস্টেম আপডেট করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় আইরিশ সংবাদমাধ্যম দ্য জার্নাল-এর ওয়েবসাইট বৃহস্পতিবার সকালে সাময়িকভাবে বন্ধ ছিল। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিজেদের ‘সুরক্ষাব্যবস্থা’ জোরদার করার জন্যই তারা এমন পদক্ষেপ নেয়। রয়টার্স ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই-এর পরেই দ্য জার্নাল হলো দেশটির দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত অনলাইন সংবাদ উৎস।

পিএইচপি-এর ত্রুটিগুলো উন্মোচন করেছে ওপেনএআই, গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা সংস্থা উইজ এবং আরেক সাইবার নিরাপত্তা সংস্থা ক্যালিফ-এর দলগুলো।

প্রতিবেদন অনুসারে, পিএইচপি২শেল (PHP2Shell) নামে পরিচিত এই ত্রুটিগুলো আক্রমণকারীদের ওয়েবসাইট হ্যাক করার সুযোগ করে দিতে পারে। এর মাধ্যমে তারা মেমোরি থেকে এমন তথ্য পড়তে পারে, যার মধ্যে পাসওয়ার্ডের মতো সংবেদনশীল বিষয় থাকতে পারে।

আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডিভিয়ার গ্রুপের সিইও নাইজেল গ্রিন বলেন, ‘যেহেতু ইন্টারনেটের একটি বিশাল অংশ পিএইচপি-এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই এর ঝুঁকি এমন প্রায় সব জায়গাতেই ছড়িয়ে পড়তে পারে যেখানে মানুষ অনলাইনে অর্থ ব্যয় করে।’

বুকিং প্ল্যাটফর্ম, মার্কেটপ্লেস, সাবস্ক্রিপশন পরিষেবা, টিকিট বিক্রির সাইট, ডেলিভারি অ্যাপ এবং ইউটিলিটি পোর্টালসহ সব ক্ষেত্রেই এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে এলজিআরডিমন্ত্রীকে দেখতে গেলেন রিজভী, চিকিৎসকরা জানিয়েছেন সংকটাপন্ন অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


হাসপাতালে এলজিআরডিমন্ত্রীকে দেখতে গেলেন রিজভী, চিকিৎসকরা জানিয়েছেন সংকটাপন্ন অবস্থা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে, তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

এ সময় চিকিৎসকরা জানিয়েছেন, ড. মঈন খানের অবস্থা কিছুটা সংকটাপন্ন। বর্তমানে তার মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট চলছে। তিনি দলের নেতাকর্মীসহ দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা? বিয়ের গুঞ্জন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা? বিয়ের গুঞ্জন চলছে

প্রতিবারের মতো এবারও দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছিলেন টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি কেনাকাটা, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং পূজামণ্ডপে উৎসবের মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু এসব আনন্দের মাঝেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে। টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসে বিয়ের সানাই বাজতে পারে মিমির জীবনে। যদি গুঞ্জনটি সত্যি হয়, তাহলে এটি হতে পারে অভিনেত্রীর অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা।

টালিউডে মিমির বিয়ের সানাইয়ের সুর বাজতে শুরু করলেও, বিয়ের আলোচনা একপাশে রেখে পূজার দিনগুলো তিনি নিজের মতো করে উপভোগ করেছেন। নবমীর রাতে গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজে সাবেকি সাজে ধুনুচি নাচে মেতে উঠেছিলেন তিনি। ঢাকের তালে সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ বন্ধুদের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে।

হাসি, আড্ডা এবং উৎসবের মুহূর্তগুলো তার পূজার আনন্দকে জমিয়ে তুলেছিল। পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে নায়িকা অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রেক্ষাগৃহে মুক্তি।

তবে আনন্দের মুহূর্তগুলো যতই রঙিন হোক না কেন, ভক্তদের মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো, সত্যিই কি ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী?

এ তথ্য সত্যি নাকি এটি শুধুমাত্র টালিপাড়ার জল্পনা, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাই অভিনেত্রীর জীবনে নতুন অধ্যায়ের খবর জানতে মিমির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছেন ভক্তরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। এ সময় প্রাণ বাঁচাতে গিয়ে সাইফুল হাওলাদার (২১) নামের এক যুবকের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া, আবু সাঈদ সৈয়াল (৬৫) নামের এক বৃদ্ধ গুলিতে আহত হন। হৃদয় (২২) নামের আরেক যুবক মারধরের শিকার হন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে সাইফুল ও আবু সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মিল্টন মল্লিক, মুন্না ও আল-আমিন নামের তিনজনকে আটক করেছে।

স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রহিম আলী মোল্লা ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওলাদ হোসেন মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, বুধবার রাতে রহিম আলী মোল্লার সমর্থক মিল্টন মল্লিকের নেতৃত্বে আওলাদ মোল্লার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় পালাতে গিয়ে সাইফুল হাওলাদারের ডান হাতে ককটেল লাগে, ফলে তার ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ সৈয়াল এবং মারধরের শিকার হয়ে হৃদয় আহত হন। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা একটি মসজিদেও ককটেল বিস্ফোরণ ঘটায়। রহিম আলী মোল্লার সমর্থক মিল্টন মল্লিক ভাড়াটে লোকজন নিয়ে এ হামলার নেতৃত্ব দেন বলেও অভিযোগ রয়েছে।

আহত সাইফুল হাওলাদারের মা পেয়ার বেগম জানান, ভোর ৪টার দিকে রহিম মোল্লার সমর্থক মিল্টন মল্লিক তার দলবল নিয়ে ছোট ছেলের বসতবাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভয়ে তার ছেলে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। প্রাণ বাঁচাতে গিয়ে ওই ককটেলের আঘাতে তার ছেলের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%