০৫:১৯ পি.এম
মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৮ দিন পর, পুলিশ গৃহবধূ জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি নিজ বাড়ির আঙিনার প্রায় ১০ ফুট গভীর মাটির নিচে পাওয়া গেছে। নিহতের স্বামী আলমগীরকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে পুলিশ থেকে।
সোমবার (৭ জুলাই) দুপুরে, রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের সময় বাড়ির আঙিনার সিসি ঢালাই ভেঙে প্রায় ১০ ফুট গভীর মাটি খুঁড়ে, বালির বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই আলমগীর রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে দাবী করেন যে, তার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে সৌদি আরব চলে গেছেন। তবে ঘটনার তদন্ত করতে গিয়ে অসংগতি ধরা পড়লে পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে আলমগীর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহ যেখানে পুঁতে রাখা হয়েছিল সেই স্থানটি দেখিয়ে দেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন