প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়ার দাবি করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, এসব হামলা পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি করেছে।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বক্তব্য রাখার সময় পেজেশকিয়ান এই তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। তেহরানের কাছে অবস্থিত জ্বালানি সংরক্ষণাগারে হামলার ফলে বায়ুমণ্ডলে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়েছে।
ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, গত ৭ মার্চ ইসরাইল তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলা চালায়। এরপর ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা করা হয়। তিনি দাবি করেন, এসব হামলা ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের অংশ।
পেজেশকিয়ান বলেন, "একদিকে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।" তিনি উল্লেখ করেন, এসব হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে, যা আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষার উদ্যোগকে প্রশ্নের মুখে ফেলছে।
তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়েও সমালোচনা করেন। তার মতে, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের কারণে গাজা এখন মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি।
ইরানের প্রেসিডেন্ট আরও জানান, দেশের সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ রক্ষায় নিয়োজিত রেঞ্জার স্টেশনগুলোতেও হামলা চালানো হয়েছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
পেজেশকিয়ান এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, "ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নথিভুক্ত করতে হবে।" তিনি ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থাও গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বক্তব্যের শেষে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি জানান, গত দুই বছরে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।
তার দাবি, ২০২৬ সালে ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে। এর ফলে বায়ুমণ্ডলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হবে।
পেজেশকিয়ান বলেন, "শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।" তিনি উল্লেখ করেন, পৃথিবীকে রক্ষা করতে হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন