ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে নানা পাটেকার বলেছিলেন সমাজের প্রতি দায়িত্ব ও জীবনের অর্থের কথা


মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে নানা পাটেকার বলেছিলেন সমাজের প্রতি দায়িত্ব ও জীবনের অর্থের কথা

"আমি জানি না, কাল আমি বেঁচে থাকব কি না। জীবনের শেষ প্রান্তে সবাইকে পৌঁছাতেই হবে। তবে তার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যা করতে চেয়েছিলাম, তা কি করতে পেরেছি?"

এমন আবেগঘন মন্তব্য করেছিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার, মৃত্যুর মাত্র চার দিন আগে। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু ঘটে, যা তার সেই আশঙ্কা ও উপলব্ধির সত্যতা প্রমাণ করে।

গত ৪ অক্টোবর, মৃত্যুর চার দিন আগে, গোয়ার ডোনা পাউলায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন নানা পাটেকার। সাদা কুর্তা ও স্কার্ফ পরিহিত অবস্থায় তার দেওয়া শেষ বক্তব্যটি এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

অনুষ্ঠানে প্রয়াত বন্ধু ও গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরকে স্মরণ করে তিনি জীবনের নশ্বরতা, সমাজের প্রতি দায়িত্ব এবং মতপ্রকাশের শালীনতা নিয়ে আলোচনা করেন।

নিজের জীবনের উপলব্ধি তুলে ধরে নানা পাটেকার বলেন, "আমাদের সবার জগত যদি শুধু স্ত্রী, সন্তান আর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে এই জীবনের অর্থ কী? সমাজকে কিছু তো ফিরিয়ে দিয়ে যেতে হবে, তাই না?"

মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি জনসম্মুখে শালীনতার গুরুত্বও তিনি তুলে ধরেন। নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে নানা বলেন, "তার কিছু আদর্শ আমার পছন্দ, আবার কিছু একদম পছন্দ নয়। সেটা স্পষ্ট করে বলার সাহস থাকতে হবে। তিনি যা করেন, সবই যে ভুল, তা নয়। কোনো কিছু অপছন্দ হলে প্রতিবাদ করা জরুরি, তবে সেই প্রতিবাদের ভাষাও শালীন হওয়া চাই।"

তিনি আরও বলেন, "ব্যক্তিগত পরিসরে মানুষ একে অপরকে নানা কথা বলতে পারে, কিন্তু জনসম্মুখে কথা বলার সময় ন্যূনতম শালীনতা বজায় রাখা জরুরি। তা না হলে বক্তব্যের গুরুত্ব কমে যায়।"

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নানা পাটেকারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে সব চেষ্টা ব্যর্থ হয়। পরে ভোর ৫টা ২০ মিনিটে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়।

বাবার মৃত্যুর সময় নানা পাটেকারের ছেলে মালহার পাটেকার পুনেতে ছিলেন। খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশে রওনা হন বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের ধারাবাহিকতায় বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারের আলোকে স্থানীয় ব্যাংকগুলোর আগ্রহ এবং ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরের প্রতিনিধিরা প্রশংসা করেন।

বৈঠকে বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক এবং সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ এবং বহুমুখী করার আহ্বান জানান।

সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দেশটির মিনিস্ট্রি অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির ওয়াং চু সিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের বেঞ্জামিন চু-সহ একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জসীমের জনপ্রিয়তা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জসীমের জনপ্রিয়তা অব্যাহত

বাংলা চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা জসীম। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রুপালি পর্দায় এসে বীরত্ব, অ্যাকশন ও লড়াইয়ের দৃশ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। মৃত্যুর ২৮ বছর পরও তার জনপ্রিয়তা কমেনি। বরং নতুন প্রজন্মের কাছে নানা সংলাপ, অভিনয় ও অ্যাকশন দৃশ্যের মাধ্যমে এখনও আলোচনায় থাকেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নায়ক জসীমের ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান তিনি।

১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসীম। তার আসল নাম আবদুল খায়ের জসীম উদ্দিন। ছোটবেলা থেকেই সাহসী ও দুরন্ত স্বভাবের ছিলেন তিনি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে অংশ নেন জসীম। স্বাধীনতার পর চলচ্চিত্রে এসে নিজের সেই সাহসী সত্তার প্রতিফলন ঘটান অভিনয়ে। ঢাকাই সিনেমায় অ্যাকশন ও মারপিটের দৃশ্যে নতুন মাত্রা যোগ করেন তিনি।

১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন জসীম। তবে ১৯৭৩ সালে জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘জ্যাম্বস ফাইটিং গ্রুপ’ যুক্ত ছিল।

পরে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান জসীম। হিন্দি ‘শোলে’ ছবির এই রিমেকে তিনি গব্বর সিংয়ের চরিত্রে অভিনয় করেন। খলনায়ক চরিত্রে জনপ্রিয়তার পর নায়ক হিসেবেও সমানভাবে দর্শকের ভালোবাসা পান তিনি।

সুভাষ দত্ত পরিচালিত ‘সবুজ সাথী’ সিনেমায় প্রথমবার নায়ক হিসেবে অভিনয় করেন জসীম। ছবিটির সাফল্যের পর আর খলনায়কের চরিত্রে অভিনয় করেননি তিনি। নায়ক হিসেবেই পর্দায় নিজের আলাদা অবস্থান তৈরি করেন।

প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন জসীম। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোস্ত দুশমন’, ‘কালিয়া’, ‘কাজের বেটি রহিমা’, ‘তুফান’, ‘লালু মাস্তান’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘রাজা বাবু’, ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘বুকের ধন’, ‘স্ত্রী হত্যা’ ও ‘ভালোবাসার ঘর’।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জসীমের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ইউটিউব শর্টস, ফেসবুক রিলসসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও নিয়মিত দেখা যায় তার অভিনয়, নাচ ও অ্যাকশন দৃশ্যের ভিডিও। তরুণদের অনেকেই তার সংলাপ অনুকরণ করেন। তাকে ঘিরে তৈরি হয় নানা মিম ও ট্রল।

এমনকি বিভিন্ন বিজ্ঞাপনেও জসীমের চেহারা ও অভিনয়শৈলীর আদলে চরিত্র দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও বিখ্যাত সংলাপ ব্যবহার করে তৈরি হয় নানা ধরনের কার্ড ও কনটেন্ট।

মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে চলচ্চিত্রের রুপালি পর্দা জসীমের জীবন ছিল বৈচিত্র্যময়। আর অভিনয় ও অ্যাকশনে তৈরি করা নিজস্ব স্বকীয়তার কারণে মৃত্যুর পরও দর্শকের হৃদয়ে অমলিন হয়ে আছেন এই জনপ্রিয় অভিনেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারিয়ে যাচ্ছে ‘ম্যাজিক চার্জার’, স্মৃতিতে প্রযুক্তির নস্টালজিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


হারিয়ে যাচ্ছে ‘ম্যাজিক চার্জার’, স্মৃতিতে প্রযুক্তির নস্টালজিয়া

এক সময় মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করার জন্য ফোনের প্রয়োজন ছিল না। ব্যাটারি খুলে তা আলাদা করে একটি বিশেষ চার্জারে বসাতে হতো। কিছু মানুষের কাছে এটি ‘অটো চার্জার’ নামে পরিচিত ছিল, আবার অন্যদের কাছে এটি ‘ম্যাজিক চার্জার’ হিসেবে পরিচিত ছিল। স্মার্টফোন ও দ্রুত চার্জিংয়ের যুগে সেই যন্ত্র এখন প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে।

পুরনো দিনের এই চার্জারে ব্যাটারি বসানো ছিল অনেকটা ছোটখাটো বিজ্ঞান পরীক্ষার মতো। ব্যাটারির দুই প্রান্ত চার্জারের পিনের সঙ্গে সঠিকভাবে মেলাতে হতো। সংযোগ সঠিক হলে লাল কিংবা সবুজ এলইডি জ্বলে উঠত। সেই আলো দেখেই নিশ্চিত হওয়া যেত, ব্যাটারি সঠিকভাবে চার্জ হচ্ছে।

এ ধরনের চার্জারে বিভিন্ন ধরনের রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হতো। এক সময় নিকেল-ক্যাডমিয়াম (Ni-Cd) ও নিকেল-মেটাল হাইড্রাইড (Ni-MH) ব্যাটারির ব্যবহার ছিল বেশি। পরবর্তীতে লিথিয়াম-আয়ন ব্যাটারিরও জনপ্রিয়তা বেড়ে যায়। চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তি হিসেবে ব্যাটারিতে সঞ্চিত হতো। আর ফোন ব্যবহারের সময় সেই শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ নিয়ে ফোন চালাত।

তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যাটারি ও চার্জিংয়ের ব্যবস্থাও পরিবর্তিত হয়েছে। বর্তমানে স্মার্টফোনে সাধারণত বিল্ট-ইন লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়। ইউএসবি-সি কেবল সংযুক্ত করলেই চার্জিং শুরু হয়ে যায়। ব্যাটারি খুলে আলাদা করে চার্জারে বসানোর প্রয়োজন নেই। পাশাপাশি আধুনিক চার্জিং প্রযুক্তিতে ভোল্টেজ, কারেন্ট ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো নানা নিরাপত্তাব্যবস্থাও যুক্ত হয়েছে।

এক সময় ব্যাটারি চার্জ দেওয়ার সঙ্গে জড়িয়ে ছিল নানা ছোটখাটো দুশ্চিন্তা, যেমন চার্জার ঠিক আছে কি না, ব্যাটারির পিন ঠিকমতো মিলেছে কি না, এলইডি জ্বলছে কি না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফোনে ব্যাটারি লাগিয়ে চালু করার অভিজ্ঞতাও ছিল আলাদা।

আজকের দিনে কয়েক মিনিটেই ফোনে উল্লেখযোগ্য পরিমাণ চার্জ পাওয়া যায়। প্রযুক্তি যত আধুনিক হয়েছে, ততই পুরোনো অনেক যন্ত্র হারিয়ে গেছে। সেই তালিকায় ‘ম্যাজিক চার্জার’ও এখন এক প্রকার স্মৃতি।

তবে পুরোনো এই চার্জার শুধুমাত্র একটি প্রযুক্তি পণ্য নয়। এটি একটি সময়ের সাক্ষী, যে সময়ে মোবাইল ফোন ছিল নতুন প্রযুক্তির বিস্ময়, আর ব্যাটারি চার্জ দেওয়ার ছোট্ট প্রক্রিয়াটিও হয়ে উঠেছিল দৈনন্দিন জীবনের এক বিশেষ অভিজ্ঞতা। এক প্রজন্মের কাছে তাই ‘ম্যাজিক চার্জার’ মানেই প্রযুক্তির শৈশবের এক টুকরো নস্টালজিয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহের কেসি কলেজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ঝিনাইদহের কেসি কলেজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কার কারণে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে সমস্ত ধরনের সভা, সমাবেশ এবং মিছিল-মিটিং অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে পূর্বঘোষিত 'নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন' কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অটল রয়েছে। প্রশাসন এবং ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে ঐতিহাসিক এই বিদ্যাপীঠে থমথমে পরিস্থিতি এবং তীব্র উত্তেজনা বিরাজ করছে।

কলেজ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলস্বরূপ ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে জরুরি বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে ৭ অক্টোবর সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৬তম অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে আইনশৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়। একই সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ৮ অক্টোবর কেসি কলেজের সকল শিক্ষা কার্যক্রম এবং ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনিক নিষেধাজ্ঞার মধ্যেও ৮ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য শিবিরের নবীন বরণ অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রচারিত আমন্ত্রণপত্র অনুযায়ী, 'অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬'-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের।

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির কেসি কলেজ শাখার সভাপতি এস এম মাহবুব জানান, "আমরা গত ৪ অক্টোবর কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন পর্যন্ত প্রশাসন আমাদের লিখিতভাবে কিছু জানায়নি, তবে অনুষ্ঠান না করার জন্য মৌখিকভাবে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে আমরা কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।"

অন্যদিকে, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ এবং সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের মধ্যে শিবিরের ঘোষিত মেগা প্রোগ্রাম ঘিরে ক্যাম্পাসে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকরা। শেষ পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেওয়া হবে কিনা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর পুরো ঝিনাইদহবাসীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%