প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক সময় মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করার জন্য ফোনের প্রয়োজন ছিল না। ব্যাটারি খুলে তা আলাদা করে একটি বিশেষ চার্জারে বসাতে হতো। কিছু মানুষের কাছে এটি ‘অটো চার্জার’ নামে পরিচিত ছিল, আবার অন্যদের কাছে এটি ‘ম্যাজিক চার্জার’ হিসেবে পরিচিত ছিল। স্মার্টফোন ও দ্রুত চার্জিংয়ের যুগে সেই যন্ত্র এখন প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে।
পুরনো দিনের এই চার্জারে ব্যাটারি বসানো ছিল অনেকটা ছোটখাটো বিজ্ঞান পরীক্ষার মতো। ব্যাটারির দুই প্রান্ত চার্জারের পিনের সঙ্গে সঠিকভাবে মেলাতে হতো। সংযোগ সঠিক হলে লাল কিংবা সবুজ এলইডি জ্বলে উঠত। সেই আলো দেখেই নিশ্চিত হওয়া যেত, ব্যাটারি সঠিকভাবে চার্জ হচ্ছে।
এ ধরনের চার্জারে বিভিন্ন ধরনের রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হতো। এক সময় নিকেল-ক্যাডমিয়াম (Ni-Cd) ও নিকেল-মেটাল হাইড্রাইড (Ni-MH) ব্যাটারির ব্যবহার ছিল বেশি। পরবর্তীতে লিথিয়াম-আয়ন ব্যাটারিরও জনপ্রিয়তা বেড়ে যায়। চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তি হিসেবে ব্যাটারিতে সঞ্চিত হতো। আর ফোন ব্যবহারের সময় সেই শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ নিয়ে ফোন চালাত।
তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যাটারি ও চার্জিংয়ের ব্যবস্থাও পরিবর্তিত হয়েছে। বর্তমানে স্মার্টফোনে সাধারণত বিল্ট-ইন লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়। ইউএসবি-সি কেবল সংযুক্ত করলেই চার্জিং শুরু হয়ে যায়। ব্যাটারি খুলে আলাদা করে চার্জারে বসানোর প্রয়োজন নেই। পাশাপাশি আধুনিক চার্জিং প্রযুক্তিতে ভোল্টেজ, কারেন্ট ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো নানা নিরাপত্তাব্যবস্থাও যুক্ত হয়েছে।
এক সময় ব্যাটারি চার্জ দেওয়ার সঙ্গে জড়িয়ে ছিল নানা ছোটখাটো দুশ্চিন্তা, যেমন চার্জার ঠিক আছে কি না, ব্যাটারির পিন ঠিকমতো মিলেছে কি না, এলইডি জ্বলছে কি না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফোনে ব্যাটারি লাগিয়ে চালু করার অভিজ্ঞতাও ছিল আলাদা।
আজকের দিনে কয়েক মিনিটেই ফোনে উল্লেখযোগ্য পরিমাণ চার্জ পাওয়া যায়। প্রযুক্তি যত আধুনিক হয়েছে, ততই পুরোনো অনেক যন্ত্র হারিয়ে গেছে। সেই তালিকায় ‘ম্যাজিক চার্জার’ও এখন এক প্রকার স্মৃতি।
তবে পুরোনো এই চার্জার শুধুমাত্র একটি প্রযুক্তি পণ্য নয়। এটি একটি সময়ের সাক্ষী, যে সময়ে মোবাইল ফোন ছিল নতুন প্রযুক্তির বিস্ময়, আর ব্যাটারি চার্জ দেওয়ার ছোট্ট প্রক্রিয়াটিও হয়ে উঠেছিল দৈনন্দিন জীবনের এক বিশেষ অভিজ্ঞতা। এক প্রজন্মের কাছে তাই ‘ম্যাজিক চার্জার’ মানেই প্রযুক্তির শৈশবের এক টুকরো নস্টালজিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন