০২:৩৯ পি.এম
জার্মানির একটি আদালত রায় ঘোষণা করেছেন যে, ইসরাইলকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করাকে ফৌজদারি অপরাধের আওতায় আনা যাবে না। দেশের আইনবিষয়ক ওয়েবসাইট বেক অনলাইনের প্রতিবেদনের বরাতে আনাদোলু সংবাদটি জানাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক নারীর একাধিক পোস্টে ইসরাইলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের পদ্ধতির সাথে তুলনা করা হয়েছে। এসব পোস্টে তিনি নাৎসি স্বস্তিকা ও নাৎসি পার্টির পতাকার ছবি ব্যবহার করেন।
এ নিয়ে গঠিত একটি মামলায় সম্প্রতি দক্ষিণ-পশ্চিম জার্মানির জাইব্রুকেন শহরের উচ্চতর আঞ্চলিক আদালত বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়ে ওই নারীকে সব অভিযোগ থেকে খালাস দেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আদালত মন্তব্য করেছে, কেউ যদি ইসরাইল রাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র সমালোচনা করার উদ্দেশ্যে এসব প্রতীক ব্যবহার করেন এবং প্রয়োজনে নাৎসি যুগের অন্যায়-অবিচার থেকে স্পষ্টভাবে নিজেকে দূরে রাখেন বা তার নিন্দা করেন, তাহলে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধ প্রযোজ্য হবে না।
ওই নারীর একটি পোস্টে নাৎসি জার্মানির কর্মকাণ্ড এবং মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের পদক্ষেপের তুলনামূলক একটি তালিকা ছিল, যেখানে ইসরাইলের জাতীয় পতাকা ও নাৎসি পার্টির পতাকাসহ একটি বিভক্ত ছবি অন্তর্ভুক্ত করা হয়েছিল।
অন্য একটি পোস্টে ডেভিডের তারকার ভেতরে একটি নাৎসি স্বস্তিকা চিহ্ন প্রদর্শন করা হয়। সেখানে সৈন্যদের গুলি চালানোর দৃশ্য এবং দেয়ালের নিচ দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার চিত্রও ছিল। পোস্টটিতে #FreePalestine এবং #GazaUnderAttack হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল।
এর আগে, লুডভিগসহাফেনের একটি নিম্ন আদালত ওই নারীর বিরুদ্ধে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে ২ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছিলেন। কিন্তু জাইব্রুকেনের আদালত আপিলের পর সেই রায় বাতিল করে বলেছিলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিলেও এ ধরনের অপরাধের ব্যাখ্যা অতিরিক্ত বিস্তৃত করা উচিত নয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন