ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী


জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ঢাকা, ৪ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রতি বছর জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব।’

তিনি আরও বলেছেন, ‘শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

আজ শনিবার সকালে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

তিনি মন্তব্য করেন, ‘এই অনুষ্ঠান চলাকালে আমি বারবার ভাবছিলাম এই মূহুর্তে যদি আমি আমার মা’কে জিজ্ঞেস করতে পারতাম, আপনার ওপর যে অবিচার ও অন্যায় হয়েছে আপনি কি চান আমি এসবের প্রতিশোধ নেই? আমার বিশ্বাস মা বলতেন, এই মূহূর্তে তোমার কাজ সকলকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি জানি আমার ভাইকে জিজ্ঞেস করলে তিনিও আমাকে একই উত্তর দিতেন।’

জুলাই শহীদদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, 'তবে বিচারের নামে কারো প্রতি যেনো অবিচার না হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। একটু বিলম্ব হোক তবুও অন্যায়কারীর যেনো সঠিক বিচার হয়। আমরা সেই চেষ্টাই করবো।'

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো দেশের মানুষের ভাগ্য উন্নয়ন। তাই অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট যে অর্জন আমরা করেছি তা একক কোনো ব্যক্তি বা দলের নয়। দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। জনতার সম্মিলিত ত্যাগের ফসল।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জাতিকে বিভক্ত করে দেশকে সামনে এগিয়ে নেয়া যায় না উল্লেখ করে উপস্থিত জুলাই পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই মানুষই ত্যাগ করতে পারে যার সাহস আছে। আপনারা আপনজনকে হারিয়েছেন, কেউ কেউ অঙ্গ হারিয়েছেন। যে অঙ্গ হারিয়েছেন তা ঠিক হয়ে যাবে? না, ঠিক হয়ে যাবে না। তবে সবাই মিলে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, তবে একদিন গর্ব করে বলতে পারবেন আপনার আপন জনের ত্যাগের বিনিময়ে দেশের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তাই আসুন দেশ, মাটি এবং মানুষের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হই।’

জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ জাতীয় সম্মেলনে যোগ দেয়া শত জুলাই যোদ্ধা পরিবারের সদস্য সরকার প্রধানের সামনে নিজেদের বুকের যন্ত্রণা, মনের ভাব তুলে ধরেন। এ সময় সন্তান ও স্বজন হারানো শোকাতুর স্বজনদের চোখের পানি আর দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে পুরো গ্যালারি।

সকাল সোয়া ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং জাতীয় সংগীতের পর জুলাই আন্দোলনের ওপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় এই সম্মেলনের মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের হাতে julho স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় শহীদ মিরাজের বাবা রব মিয়া, শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, julho অভ্যুত্থানে আহত আল মিরাজ, julho যোদ্ধা আমিনুল ইসলাম ঈমন প্রধানমন্ত্রীর হাত থেকে স্মারক গ্রহণ করেন। পরে উপস্থিত সকলের জন্যে রাখা স্মৃতি স্মারক তাদের কাছে পৌঁছে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

পরে শহীদ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেও স্মৃতি স্মারক তুলে দেয়া হয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে julho সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এ ছাড়াও সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামি ধরতে গিয়ে সোনারগাঁয়ে কুপিয়ে আহত তিন পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


আসামি ধরতে গিয়ে সোনারগাঁয়ে কুপিয়ে আহত তিন পুলিশ সদস্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার একটি আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযানে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন তিনজন পুলিশ সদস্য এবং একজন সোর্স। তাদেরকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করা হয়েছে। পরে পুলিশের একটি অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। এই ঘটনার উপস্থাপন ঘটে শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায়।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন— সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাই মামলার আসামি সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযানে ছিলেন। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে আচমকা হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য এবং সোর্সকে কুপিয়ে জখম করে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানিয়েছেন, মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর এ হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সাগর ও সজলকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় সার্কের আঞ্চলিক বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


টেকসই সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় সার্কের আঞ্চলিক বৈঠক শুরু

দক্ষিণ এশিয়ার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক (মেরিন ফিন ফিশ) মাছের টেকসই ব্যবস্থাপনা এবং এ খাতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে মালদ্বীপের রাজধানী মালেতে দুই দিনব্যাপী সার্কের আঞ্চলিক পরামর্শ সভা শুরু হয়েছে।

বুধবার শুরু হওয়া এ সভায় সার্কভুক্ত দেশগুলোর নীতিনির্ধারক, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, গবেষক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সভার আয়োজন করেছে সার্ক এগ্রিকালচার সেন্টার, মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের উন্নয়ন সংস্থা ‘সুশীলন’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদ মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার মোহাম্মদ মুথথালিব। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য টেকসই সম্পদ ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই।

অনুষ্ঠানে ‘দক্ষিণ এশিয়ায় সামুদ্রিক পাখনাযুক্ত মাছ: বর্তমান ব্যবস্থাপনা পরিস্থিতি ও সহযোগিতার সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৎস্যবিজ্ঞানী ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব। তিনি বলেন, অতিরিক্ত আহরণ, অবৈধ, প্রতিবেদনবিহীন ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক আবাসস্থলের অবক্ষয় দক্ষিণ এশিয়ার মৎস্যসম্পদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগ জরুরি।

নেপালে অবস্থিত সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, টেকসই মৎস্য ব্যবস্থাপনা, যৌথ গবেষণা, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন এবং মৎস্য খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সার্ক দেশগুলোর সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনূর রশীদ উদ্বোধনী বক্তব্যে বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পাখনাযুক্ত মাছের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে সার্ক এগ্রিকালচার সেন্টারের ব্যবস্থাপনায় একটি বিশেষায়িত সামুদ্রিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে আঞ্চলিক মৎস্য ব্যবস্থাপনা জোরদার করা সময়ের দাবি।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলভিত্তিক উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান বলেন, সামুদ্রিক পাখনাযুক্ত মাছ দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা এবং আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এ সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারে সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

অনুষ্ঠানের সমন্বয়কারী এবং ঢাকায় অবস্থিত সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (মৎস্য) ড. মো. শরীফুল ইসলাম সভার উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পাখনাযুক্ত মাছের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সার্ক সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, নীতিনির্ধারণী সংলাপ এবং যৌথ গবেষণা ও উন্নয়নের অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করাই এ পরামর্শ সভার মূল লক্ষ্য।

দুই দিনব্যাপী এ পরামর্শ সভায় সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক গবেষণা, নীতি সমন্বয়, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির কফিনের পাশেই রাখা হয় ১৪ মাস বয়সী নাতনির কফিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


খামেনির কফিনের পাশেই রাখা হয় ১৪ মাস বয়সী নাতনির কফিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন। তাকে শেষশ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখো মানুষ সমবেত হয়েছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়। কফিনটির ওপর রাখা ছিল তার ব্যবহৃত কালো পাগড়ি। একই হামলায় নিহত তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহও সেখানে রাখা হয়। তাদের মধ্যে ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির ছোট কফিনও ছিল।

ছয় দিনব্যাপী এ রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠান ইরান ও প্রতিবেশী ইরাকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যা থেকেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ সেখানে অপেক্ষা করতে থাকেন। শনিবার সকালে ফটক খুলে দিলে দ্রুতই অনুষ্ঠানস্থল মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। শোকমিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা ও ব্যানার। এ সময় তারা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন।

ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন দিনে শুধু তেহরানেই দেড় থেকে দুই কোটি মানুষ শোকানুষ্ঠানে অংশ নিতে পারেন বলে তাদের আশা। বার্তা সংস্থা এপিকে ২৭ বছর বয়সী এক শোকাহত তরুণ বলেন, 'আমি এখানে আমার প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি। আমি কখনো ভাবিনি এমন একটি দিন দেখতে হবে। এই ট্র্যাজেডি দেখার আগে যদি আমার মৃত্যু হতো!'

শুক্রবার ইরানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের নেতারাও খামেনির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। শ্রদ্ধা জানাতে আসা ইরানি কর্মকর্তাদের মধ্যে ছিলেন নতুন আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদিও। খামেনির সঙ্গে একই হামলায় তাঁর পূর্বসূরি নিহত হওয়ার পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

সরকারি সূচি অনুযায়ী, সোমবার পর্যন্ত খামেনির কফিন তেহরানে রাখা হবে। সেদিন সেখানে একটি শোকমিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মরদেহ নেওয়া হবে কোমে, বুধবার ইরাকের বিভিন্ন শহরে জানাজার আয়োজন করা হবে। সবশেষ আগামী শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, খামেনির জন্মশহরে, তার দাফন সম্পন্ন হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডোবার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ডোবার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর

চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ রেললাইন-সংলগ্ন মোহাম্মদ সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আসহাবুল আরাফ (৫) চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইর মোহাম্মদপাড়া এলাকার প্রবাসী নুরুল আবছারের ছেলে।

জানা গেছে, আসহাবুল তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সকালে সে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবার পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নিহতের চাচা জাহাঙ্গীর আলম বলেন, শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ছফা শিপা জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়। 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%