ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভাবছে ইউরোপের দেশগুলি


হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভাবছে ইউরোপের দেশগুলি

হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচলে ইরান ও ওমানের সম্ভাব্য ফি আরোপকে এখন ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ কার্যত অনিবার্য হিসেবে মেনে নিতে শুরু করেছে। তারা মনে করছে, যদি কোনো ফি আরোপ করা হয়, তবে তা যেন সব দেশের জাহাজের জন্য সমানভাবে প্রযোজ্য হয় এবং জাতীয়তার ভিত্তিতে কোনো বৈষম্য না হয়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। এতে বিভিন্ন আলোচনা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের পর, হরমুজ প্রণালিতে সেবা-ভিত্তিক ফি চালু হওয়ার সম্ভাবনাকে ইউরোপীয় দেশগুলো এখন বাস্তবতা হিসেবে বিবেচনা করছে।

তবে, এই সম্ভাব্য ফি ঠিক কী ধরনের হবে, কত টাকা নেওয়া হবে, অথবা কোন প্রক্রিয়ায় তা আদায় করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশ তেহরান ও মাসকাটকে জানিয়েছে যে, যদি নতুন কোনো ফি ব্যবস্থা চালু হয়, তবে তা অবশ্যই বৈষম্যহীন হতে হবে। কোন নির্দিষ্ট দেশের জাহাজকে আলাদা করে বেশি বা কম সুবিধা দেওয়া যাবে না।

একই সময়ে, ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনের জন্য কাজ করছে। তবে, এই উদ্যোগের বাস্তবায়ন অনেকটা নির্ভর করবে ইরানকে ঘিরে চলমান শান্তি আলোচনার অগ্রগতির উপর।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় কয়েকটি আরব দেশ এখনও মনে করছেন যে, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী ইরান ও ওমানের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বাধ্যতামূলক ফি আরোপের আইনি অধিকার নেই। তাদের উদ্বেগ হল, যদি এমন নজির তৈরি হয়, অর্থাৎ কোনও ধরনের ফি আরোপ হতে শুরু করে, তাহলে বিশ্বে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই ধরনের দাবি উঠতে পারে।

হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এখান দিয়ে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ পরিবহন করা হয়। এর ফলে, এই নৌপথে যেকোনো নতুন নীতিমালা বা বিধিনিষেধ বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৮ এম


স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং একটি স্বাধীন গণমাধ্যমে দৃড়ভাবে বিশ্বাস করে।

তিনি বক্তব্যে বলেন, ‘অতীতে দেশে গণতন্ত্র সমুন্নত রাখা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এনটিভি’র ভূমিকা প্রশংসনীয় ছিল এবং আগামীতেও এই ধারা বজায় থাকবে বলে আমি আশা করি।’

আজ শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’- স্লোগান নিয়ে প্রায় ২৪ বছর আগে যাত্রা শুরু করা এনটিভি আজ তার বস্তুনিষ্ঠ সংবাদ ও যুগোপযোগী অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শুধু দেশে নয়, বরং দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশীদের মাঝেও চ্যানেলটি গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এনটিভি-কে আজকের এই গৌরবময় অবস্থানে নিয়ে আসার পেছনে চ্যানেলটির দূরদর্শী ম্যানেজমেন্ট এবং দিনরাত পরিশ্রম করা সকল কলাকুশলীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্রের পক্ষে লড়াই করে এসেছে, ঠিক সেভাবেই সামনের দিনগুলোতেও দেশের গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা রেখে এগিয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ এম


লক্ষ্মীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 রায়পুর উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের আওতায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ছয়হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার এবং গাছে চারা বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন।

এ সময় রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুইয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় ছয়হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে হাইব্রিড মরিচ বীজ, রোপা আমন ধানের বীজ (উফশী), গ্রীষ্মকালীন শাকসবজির বীজ (উফশী ও হাইব্রিড) এবং প্রধানমন্ত্রী কর্তৃক অগ্রাধিকার ভিত্তিক ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় ১০ হাজার ২৫০টি গাছের চারা বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কলম, লেবুর চারা এবং একহাজার চারশ’ জন কৃষকের মধ্যে ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৪২ এম


খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী?

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মূল আনুষ্ঠানিকতা শনিবার শুরু হচ্ছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক প্রতিনিধিরা ইতোমধ্যে ইরানে পৌঁছাতে শুরু করছেন। বাংলাদেশ থেকে আলী খামেনির জানাজায় অংশ নিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাংলাদেশী প্রতিনিধিরা ইতোমধ্যে আলি খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন ও শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন কর্মসূচি কয়েক দিন ধরে চলবে, এবং পরে তাকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। এ সময় খামেনির কফিনে আরবি হরফে লেখা দেখা যায়- ‘صلى الله عليك يا أبا عبد الله’। যার বাংলা অনুবাদ হলো- ‘আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, ইয়া আবা আবদিল্লাহ (হে আব্দুল্লাহর পিতা)’।

‘আবু আবদিল্লাহ’ হলো- ইমাম হুসাইন রা:-এর প্রসিদ্ধ একটি উপাধি। ইরানের শিয়া ধর্মাবলম্বীরা তাদের রাষ্ট্রীয় বা সামরিক জানাজা, শোকানুষ্ঠান কিংবা আশুরা-সংক্রান্ত অনুষ্ঠানে এই ধরনের বাক্য ব্যবহার করে থাকেন। তা ছাড়া শিয়া ঐতিহ্যে কারবালার স্মরণে এই বাক্যটি খুবই প্রচলিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতির পর ঘরে ফিরেছেন ৬ লাখ ৪০ হাজারের বেশি বাস্তুচ্যুত লেবানিজ: আইওএম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ এম


যুদ্ধবিরতির পর ঘরে ফিরেছেন ৬ লাখ ৪০ হাজারের বেশি বাস্তুচ্যুত লেবানিজ: আইওএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সংঘটিত হওয়া যুদ্ধবিরতির পর, লেবাননের বাস্তুচ্যুত মানুষ নিজের নিজের বাড়িতে ফিরতে শুরু করেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানাচ্ছে, এখন পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজারের বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি (আইডিপি) তাদের নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লিখিত হয়েছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত অনেকটাই থেমে যাওয়ার পর এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে প্রায় ৪ হাজার ৩শ' জন নিহত হয়েছেন। এর পাশাপাশি, ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অধিকাংশই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দা।

অতিরিক্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে আইওএম জানাচ্ছে, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় গত ২২ জুন থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, ৬ লাখ ৪৬ হাজার ১০৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি ইতোমধ্যে তাদের নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংকট পুরোপুরি কাটেনি। আইওএমের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং প্রয়োজনীয় সেবার ঘাটতির কারণে তারা এখনো বাড়ি ফিরতে সক্ষম হননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%